0%

স্পেনের দুর্গে‌ হানা দিয়ে ইতিহাস ইংল্যান্ডের! ৪৩ ম্যাচ পর হার বিশ্বচ্যাম্পিয়নদের, স্বপ্নভঙ্গ ইটালির

মাদ্রিদে স্পেনের দুর্গে হানা দিয়ে ইতিহাস গড়ল ইংল্যান্ড। বিশ্বচ্যাম্পিয়নদের ৩-২ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়নদের অশ্বমেধের ঘোড়া থামল ‘দ্য থ্রি লায়ন্স’। ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারার স্বাদ পেল স্পেন। নেশনস লিগের অন্য ম্যাচে ইটালিকে ৪-১ গোলে উড়িয়ে দিল বেলজিয়াম। তুরস্ককে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করল ফ্রান্স।

কেবল বিশ্বচ্যাম্পিয়নদের হারানোই নয়, গ্রুপ এ৩-তে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানও পাকা করল ইংল্যান্ড। সমান পয়েন্ট নিয়েও গোলপার্থক্যে পিছিয়ে দ্বিতীয় স্পেন। মাদ্রিদে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ইংল্যান্ড। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন হ্যারি কেন। আন্তর্জাতিক ফুটবলে তাঁর গোলসংখ্যা বেড়ে হল ৯৩। বিরতির পর ব্যবধান বাড়ান এজরি কনসা। ৫৭ মিনিটে জুড বেলিংহ্যামের পাস থেকে বেন হোয়াইটের গোলে ৩-০ এগিয়ে যায় ইংল্যান্ড।

ম্যাচ তখন কার্যত ইংল্যান্ডের মুঠোয়। কিন্তু নাটকের তখনও বাকি। বক্সের মধ্যে লামিনে ইয়ামালকে ফাউল করে লাল কার্ড দেখেন এলিয়ট অ্যান্ডারসন। পেনাল্টি থেকে গোল করে স্পেনের প্রত্যাবর্তনের আশা জিইয়ে রাখেন মিকেল ওয়ারজাবাল। ১৫ মিনিট বাকি থাকতে ইয়ামালের দুরন্ত ক্রস থেকে নিকো উইলিয়ামসের গোলে ব্যবধান কমে দাঁড়ায় ২-৩। এর পর ১০ জনের ইংল্যান্ডকে কার্যত কোণঠাসা করে ফেলে স্পেন। সমতা ফেরানোর মরিয়া চেষ্টা চালান ইয়ামালরা। কিন্তু টুখেলের দল শেষ পর্যন্ত রক্ষণ আগলে জয় ছিনিয়ে নেয়। বিরতির সময় দুই দলের ফুটবলারদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ঘটনায় জড়িয়ে পড়েন মার্ক কুকুরেয়া, বেলিংহ্যাম এবং ফাবিয়ান রুইজের মতো ফুটবলার।

অন্যদিকে, তুরস্ককে ২-১ গোলে হারিয়ে গ্রুপ এ১-এর শীর্ষে থেকেই অভিযান শেষ করল ফ্রান্স। আগের ম্যাচে ইটালির কাছে হারের পর জয়ে ফিরতে মরিয়া ছিল জিনেদিন জিদানের দল। দ্বিতীয়ার্ধের শুরুতে এমিরহান তোপচুর আত্মঘাতী গোলে এগিয়ে যায় ফ্রান্স। পরে জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচেই গোল করেন এলি জুনিয়র ক্রুপি। তুরস্ক আর ম্যাচে ফিরতে পারেনি। এই জয়ের সুবাদে মার্চে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ ঘরের মাঠে খেলার সুবিধা পাবে ফ্রান্স। শেষ আটে তাদের সামনে স্পেনও পড়তে পারে।

ব্রাসেলসে অবশ্য ইটালির কাছে রাতটা হয়ে উঠল দুঃস্বপ্নের। কোয়ার্টার ফাইনালে উঠতে তাদের দরকার ছিল মাত্র ১ পয়েন্ট। শুরুটাও ভালো করেছিল আজুরিরা। ১১ মিনিটে দুরন্ত ভলিতে গোল করে ইটালিকে এগিয়ে দেন ফ্রান্সেসকো পিয়ো এস্পোসিতো। কিন্তু তার পরেই ছবিটা বদলে যায়। পরপর গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বেলজিয়াম। গোল করেন ম্যাক্সিম ডে কুইপার এবং নাথান এনগয়। জেরেমি ডোকুর দুরন্ত দক্ষতায় ব্যবধান আরও বাড়ে। ইটালির ‘প্রসিদ্ধ’ রক্ষণ ভেঙে একক দক্ষতায় বল জালে জড়ান তিনি। শেষ দিকে আরও একটি গোল করে ব্যবধান ৪-১ করেন দিয়েগো মোরেইরা। ম্যাচের শেষ দিকে পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেনি ইটালি। এস্পোসিতোর শট আটকে দেন সেন লামেন্স।

এই হারে কোয়ার্টার ফাইনালের স্বপ্নভঙ্গ হল ইটালির। গ্রুপ এ১-এ ফ্রান্সের পিছনে থেকে দ্বিতীয় স্থানে শেষ করল বেলজিয়াম। সোমবার গ্রুপ এ২-তে জার্মানি-নেদারল্যান্ডস এবং গ্রিস-সার্বিয়া ম্যাচের পর পরিষ্কার হবে কোয়ার্টার ফাইনালের ছবিটা। মঙ্গলবার হবে গ্রুপ এ৪-এর ম্যাচগুলি। আগামী ২০ নভেম্বর সুইৎজারল্যান্ডের নিওঁ-তে হবে কোয়ার্টার ফাইনালের ড্র। মার্চ ২০২৭-এ শেষ আটের লড়াই। আর নেশনস লিগের (UEFA Nations League) ফাইনাল জুনে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker