0%

সেনা থেকে বিদ্রোহী! এবার বালোচদের নেতৃত্বে প্রাক্তন পাক সেনাকর্তা, ‘ওদের ভাষায় জবাব’, বলছেন যোদ্ধারা

পাকিস্তানি শাসনের শৃঙ্খল ভেঙে ফেলতে দীর্ঘদিন ধরেই লড়াই করছে বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) (Baloch Liberation Army)। মূলত তাদের নিশানায় পাক সেনা। তাদের উপর একের পর এক ‘মৃত্যুবাণ’ ছুড়েছে বিদ্রোহীরা। এবার প্রাক্তন পাক সেনাকর্তাকেই সংগঠনের প্রধান করল বিএলএ। বালোচ যোদ্ধাদের বক্তব্য, “এবার ওদের ভাষাতেই জবাব দেব আমরা।” 

সম্প্রতি পাক সেনাবাহিনীর প্রাক্তন ক্যাপ্টেন রহমান গুলকে নতুন কমান্ডার-ইন-চিফ বা সর্বাধিনায়ক হিসাবে নিয়োগ করেছে বালোচ বিদ্রোহীরা। বিএলএ-র শীর্ষ পদে তাঁর আসীন হওয়াকে বিদ্রোহী গোষ্ঠীটির একটি সুপরিকল্পিত চাল হিসাবেই দেখছে ওয়াকিবহাল মহল। তাদের মতে, এবার রহমানের সামরিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পাক সেনা এবং পাকিস্তানি শাসনের বিরুদ্ধে বিদ্রোহ আরও জোরদার করবে বালোচরা।

পাক সেনাবাহিনীর ১৯তম ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টে একজন কমিশনড আধিকারিক হিসাবে কর্মরত ছিলেন রহমান। পরবর্তীকালে সেনাবাহিনী ত্যাগ করেন। তারপর তিনি বালোচ বিদ্রোহের সঙ্গে জড়িয়ে পড়েন। বিএলএ-র শীর্ষ পদে আসীন হওয়ার আগে তিনি সংগঠনটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া, তিনি ‘মজিদ ব্রিগেড’-এ একজন প্রশিক্ষক হিসাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বলে রাখা ভালো, ‘মজিদ ব্রিগেড’ হল বালোচদের বিশেষ এক আত্মঘাতী স্কোয়াড, যারা পাক সেনার উপর একাধিকবার প্রাণঘাতী হামলা চালিয়েছে। বিশেষজ্ঞদের মতে, বিএলএ-র নেতৃত্বে একজন প্রাক্তন সেনা কর্মকর্তাকে বসানোর ফলে সংগঠনটি পাক সেনার কার্যপদ্ধতি, কৌশল-সহ বিভিন্ন খুঁটিনাটি বিষয় সম্পর্কে অবগত হতে পারবে।

উল্লেখ্য, পাকিস্তানি শাসনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করছে বালোচরা। গত ১১ আগস্ট স্বাধীনতা দিবসের ঘোষণা করেছে বালোচিস্তান। বিদ্রোহীদের দাবি, বালোচিস্তানের ৮৫ শতাংশ এলাকা তাঁদের নিয়ন্ত্রণে। বিরাট সেনাবল নিয়ে লড়াইয়ে নেমেও এই অঞ্চলে রীতিমতো নাকানি চোবানি খেতে হচ্ছে পাক সেনাকে। এই অবস্থায় পালটা গুমখুন, হত্যা ও ধর্ষণের মতো অমানুষিক অত্যাচার চালিয়ে বিদ্রোহের আগুন নেভানোর চেষ্টা করছে ইসলামাবাদ। বিশেষ করে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর তৈরি হওয়ার পর থেকেই আরও অশান্ত হয়ে উঠেছে বালোচিস্তান। অভিযোগ, খনিজ সমৃদ্ধ প্রদেশটিকে কার্যত লুট করছে পাক প্রশাসন। প্রতিদানে বালোচ জনতা পেয়েছে শুধু নির্যাতন ও দারিদ্র। তারই প্রতিবাদে স্বাধীনতার মরণপণ লড়াইয়ে নেমেছে সেখানকার মানুষ। 

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker