Train Delivery | চলন্ত ট্রেনে প্রসবযন্ত্রণা! আশাকর্মী ও চিকিৎসকের সহায়তায় জন্ম শিশুর

আগরতলা: চলন্ত ট্রেনের মধ্যেই প্রসবযন্ত্রণায় (Train Delivery) ছটফট করছিলেন এক অন্তঃসত্ত্বা মহিলা। আশপাশে কোনও হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্র নেই। আতঙ্কিত হয়ে সাহায্যের জন্য চিৎকার করছিলেন তাঁর…
আগরতলা: চলন্ত ট্রেনের মধ্যেই প্রসবযন্ত্রণায় (Train Delivery) ছটফট করছিলেন এক অন্তঃসত্ত্বা মহিলা। আশপাশে কোনও হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্র নেই। আতঙ্কিত হয়ে সাহায্যের জন্য চিৎকার করছিলেন তাঁর স্বামী। এমন পরিস্থিতিতে এগিয়ে এলেন এক ASHA কর্মী। পরে তাঁর সঙ্গে হাত মেলালেন সদ্য MBBS পাশ করা এক তরুণ চিকিৎসক। দু’জনের তৎপরতায় ট্রেনের কামরাতেই নিরাপদে সন্তানের জন্ম দিলেন ওই মহিলা।
রবিবার উত্তর ত্রিপুরার ধর্মনগর থেকে লামডিংয়ের দিকে যাচ্ছিল ট্রেনটি। সেই সময় আচমকাই প্রসবযন্ত্রণা শুরু হয় উত্তরপ্রদেশের বাসিন্দা মহম্মদ আরিফের স্ত্রীর। পরিস্থিতি বুঝতে পেরে আরিফ চিৎকার করে যাত্রীদের কাছে সাহায্য চান। চলন্ত ট্রেনে কীভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব, তা বুঝতে না পেরে আতঙ্কিত হয়ে পড়েন সহযাত্রীরা।
বিপদের মুহূর্তে এগিয়ে এলেন ASHA কর্মী
ঠিক সেই সময় যাত্রীদের ভিড়ের মধ্য থেকে এগিয়ে আসেন এক মহিলা। তিনি জানান, তিনি একজন ASHA কর্মী এবং প্রসবের সময় সাহায্য করতে পারবেন। তাঁর নাম মাধুরী দেবী। দক্ষিণ ত্রিপুরার নান্টু নাথ পাড়ার পশ্চিম হরিনা আয়ুষ্মান আরোগ্য মন্দির এবং মনুবাজার সোশ্যাল হেলথ সেন্টারের সঙ্গে যুক্ত তিনি। স্থানীয় বাসিন্দাদের কাছে ‘আশা দিদি’ নামেই পরিচিত মাধুরী। তাঁর ASHA ফ্যাসিলিটেটর কবেরী চক্রবর্তী।
জানা গিয়েছে, মাধুরী ৯৪ জনের একটি তীর্থযাত্রী দলের সঙ্গে দেওঘরের সৎসঙ্গ আশ্রমে যাচ্ছিলেন। সেই যাত্রার মধ্যেই এই অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হন তিনি।
পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত দায়িত্ব নিজের হাতে তুলে নেন মাধুরী। প্রথমেই প্রসূতির জন্য কিছুটা গোপনীয়তা ও নিরাপদ পরিবেশ তৈরির চেষ্টা করেন। সহযাত্রীদের কাছ থেকে সুতির কাপড় সংগ্রহ করে কামরার এক কোণে অস্থায়ী পর্দা তৈরি করেন। এরপর প্রসবের কাজে মন দেন তিনি।
শিশুর মাথা আটকে যাওয়ায় বাড়ে উদ্বেগ
প্রসবের সময় শিশুর শরীরের বেশির ভাগ অংশ বেরিয়ে এলেও মাথা আটকে যায়। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ঠিক তখনই সাহায্যের জন্য এগিয়ে আসেন আকাশ দেবনাথ নামে এক তরুণ। সম্প্রতি তিনি MBBS ডিগ্রি অর্জন করেছেন। মাধুরীর সঙ্গে হাত মিলিয়ে প্রসবের কাজে সহযোগিতা করেন তিনি।
দু’জনের সম্মিলিত প্রচেষ্টায় শেষ পর্যন্ত জন্ম নেয় শিশুটি। নবজাতকের কান্নার আওয়াজে স্বস্তি ফিরে আসে গোটা কামরায়। এতক্ষণ উদ্বেগের সঙ্গে পরিস্থিতির দিকে নজর রাখা যাত্রীরা আনন্দে হাততালি দিয়ে ওঠেন। কেউ কেউ শিশুটির সুস্থতার জন্য প্রার্থনাও করেন।
মায়ের কোলে নবজাতক
প্রসবের পর মাধুরী একটি নতুন ব্লেড ও সুতো ব্যবহার করে শিশুর নাড়ি কাটেন এবং বেঁধে দেন। এরপর সুতির কাপড় দিয়ে নবজাতককে পরিষ্কার করে মায়ের কোলে তুলে দেন। চলন্ত ট্রেনের কামরায় উপস্থিত যাত্রীদের কাছে গোটা ঘটনাটি হয়ে ওঠে এক স্মরণীয় অভিজ্ঞতা।
একদিকে মাধুরী দেবীর উপস্থিত বুদ্ধি ও সাহস, অন্যদিকে সদ্য MBBS পাশ করা আকাশ দেবনাথের সহযোগিতা, দু’জনের তৎপরতায় কঠিন পরিস্থিতির মধ্যেও সম্পন্ন হয় প্রসব। তাঁদের এই মানবিক উদ্যোগে স্বস্তি ফিরে পান প্রসূতি ও তাঁর স্বামী।
The latest news from Kolkata, including traffic updates, civic issues, weather, accidents, administrative decisions, and other important information for daily life, is published in this section. Stay tuned regularly to keep up with all the latest updates from the city.



