0%

জোকা থেকে সাগর অবধি ডিএইচ রোড চার লেনে সম্প্রসারণ! গড়কড়ির কাছে প্রস্তাব চার বিধায়কের

SOBDIK NEWS: ডায়মন্ড হারবার রোডে (Diamond Harbour Road) যানজট লেগেই থাকে। এবার সেই যানজটের জ্বালা দূর করতে উদ্যোগী হলেন দক্ষিণ ২৪ পরগনার চার বিধায়ক। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ির কাছে জোকা থেকে সাগর অবধি ডিএইচ রোডকে (DH Road) চার লেন বা ছয় লেনে সম্প্রসারণের প্রস্তাব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সেই প্রস্তাবে সদর্থক সাড়া দিয়েছেন বলে দাবি চার বিধায়কের।

ডায়মন্ড হারবার রোড সম্প্রসারণের প্রস্তাব | (Diamond Harbour Road)

সোমবার দিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রীর সঙ্গে দেখা করেন বেহালা পূর্বের বিধায়ক শঙ্কর শিকদার, সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডল, ফলতার বিধায়ক দেবাংশু পাণ্ডা ও সাতগাছিয়ার বিধায়ক অগ্নিশ্বর নস্কর। এদিন তাঁরা নিজেদের প্রস্তাব সংবলিত স্মারকলিপি গড়কড়ির হাতে তুলে দেন।

চার বিধায়ক জানান, জোকা থেকে ডায়মন্ড হারবার অবধি দু’লেনের রাস্তা রয়েছে। সেটা চার লেনের করার পাশাপাশি সাগর অবধি সড়কপথের পরিসর বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীকে জানানো হয়েছে। সেই প্রস্তাব গ্রহণ করে দ্রুত বিস্তারিত প্রকল্প প্রতিবেদন তথা ডিপিআর তৈরির নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ রাজ্যের পর্যটনে নতুন দিগন্তের সূচনা! অত্যাধুনিক পোর্টালের উদ্বোধন পর্যটনমন্ত্রীর, কী কী পরিষেবা মিলবে?

ডায়মন্ড হারবারবাসীর দাবি, চার বিধায়কের এই উদ্যোগ যদি বাস্তবায়িত হয়, তাহলে জোকা থেকে ডায়মন্ড হারবার হয়ে সাগর অবধি সড়ক যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। দীর্ঘদিনের যানজট সমস্যা দূর হবে। পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াতের পথও সুগম হবে। একইসঙ্গে শিল্প-বাণিজ্য, পর্যটন সামগ্রিক আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নেও এক নতুন দিগন্তের উন্মোচন হবে বলে অনুমান করা হচ্ছে।

এদিকে জোকা থেকে সাগর অবধি ডায়মন্ড হারবার রোডকে চার লেন বা ছয় লেনে সম্প্রসারণের প্রস্তাব গৃহীত হলে যানজটের সমস্যা সমাধানের পাশাপাশি গঙ্গাসাগর যাতায়াতও আরও সহজে হবে। ডিপিআর তৈরির পর এই প্রকল্প কত তাড়াতাড়ি বাস্তবায়িত হয় সেটাই দেখার।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker