0%

ধনঞ্জয়ের পর বাংলায় ফের ফাঁসির সাজা বহাল! হুগলির শিশু ধর্ষণ-খুন মামলায় বড় রায় হাইকোর্টের

SOBDIK NEWS: শিশুদের উপর নৃশংস অপরাধের ঘটনায় মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখার পথে হাঁটল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। হুগলির গুড়াপে পাঁচ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত অশোক সিংয়ের সাজা কমানোর আর্জি খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। এর আগে নিম্ন আদালত তাকে ফাঁসির সাজা দিয়েছিল। এবার হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ ওই শাস্তি বজায় রাখে। তবে সর্বোচ্চ আদালতে যাওয়ার সুযোগ বজায় রাখতে আগামী তিন মাস মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না বলে জানানো হয়েছে।

ফাঁসির সাজা বহাল রাখল হাইকোর্ট (Calcutta High Court)

এই মামলার সূত্রপাত ২০২৪ সালের নভেম্বর মাসে। ২৪ তারিখ বিকেলে গুড়াপের একটি বাড়ির সামনে খেলছিল পাঁচ বছরের শিশুটি। তার বাবা বাজারে যাওয়ার সময় মেয়েকে সেখানে দেখেছিলেন। কিন্তু ফিরে এসে সন্তানকে আর দেখতে পাননি। পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশীদেরও বিষয়টি জানান তিনি। এরপর শুরু হয় তল্লাশি।

খোঁজাখুঁজির একপর্যায়ে প্রতিবেশী অশোক সিংয়ের বাড়িতে পৌঁছন স্থানীয়রা। সেখানেই কাঠের স্তূপের আড়াল থেকে উদ্ধার হয় শিশুটির নিথর দেহ। দেহের অবস্থা দেখে এলাকায় শোরগোল পড়ে যায়। ক্ষুব্ধ বাসিন্দারা অভিযুক্তকে আটক করে মারধরের পর পুলিশের হাতে তুলে দেন। তদন্তের পর মামলাটি বিশেষ পকসো আদালতে বিচারাধীন হয়। ২০২৫ সালে ২৭ জন সাক্ষীর বক্তব্য গ্রহণ এবং অন্যান্য প্রমাণ খতিয়ে দেখার পর বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী অশোক সিংকে দোষী সাব্যস্ত করেন। অপরাধের গুরুত্ব ও নৃশংসতা বিবেচনা করে তাঁর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন অভিযুক্ত। ফলে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের বৈধতা নিয়েই শুরু হয় পরবর্তী আইনি লড়াই।

আরও পড়ুন : জগদ্ধাত্রী পুজোয় নেই ছুটি, প্রাথমিক স্কুলের ছুটির তালিকা বদলের দাবি

হাইকোর্টে শুনানির সময় মামলার পরিস্থিতি, সাক্ষ্য এবং তদন্তে উঠে আসা তথ্য পর্যালোচনা করে দুই বিচারপতির বেঞ্চ। দীর্ঘ শুনানি শেষে নিম্ন আদালতের রায়ে হস্তক্ষেপের প্রয়োজন দেখেনি ডিভিশন বেঞ্চ। ফলে অশোক সিংয়ের মৃত্যুদণ্ড বহাল থাকল। তবে ফাঁসির সাজা চূড়ান্তভাবে কার্যকর করার আগে সুপ্রিম কোর্টে আবেদন জানানোর সুযোগ দেওয়া হয়েছে। সেই কারণেই তিন মাসের স্থগিতাদেশ।

মামলার নৃশংসতা সম্পর্কে আদালতে অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিবরণ তুলে ধরে আইনজীবী বলেন, “অভিযুক্ত অশোক সিংয়ের বয়স ৫০। গুড়াপে এর বিরুদ্ধে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ ছিল। সে মদ খেয়ে মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করে। এরপর ৫ বছরের মেয়েকে ধর্ষণ ও খুন করে সে। মা-বাবা মেয়েটিকে অর্ধনগ্ন অবস্থায় অশোকের বাড়িতে দেখতে পান। ময়নাতদন্তের রিপোর্টে হাড়হিম ঘটনা সামনে আসে। দেখা যায় শিশুটিকে বারেবারে দেওয়ালে ছুড়ে-ছুড়ে মারা হয়। এরপর পকসো আদালত ফাঁসির সাজা দেয়।”

কলকাতা হাইকোর্টের এই সিদ্ধান্তে মামলাটি আবারও আলোচনায় উঠে এসেছে। তবে মৃত্যুদণ্ড বহাল থাকলেও আইনি প্রক্রিয়া এখনও সম্পূর্ণ শেষ হয়নি। আগামী তিন মাসের মধ্যে অভিযুক্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে সেখানে মামলার পরবর্তী গতিপথ নির্ধারিত হবে। শেষ পর্যন্ত সর্বোচ্চ আদালত কী সিদ্ধান্ত নেয়, তার উপরই নির্ভর করছে এই মামলার চূড়ান্ত পরিণতি।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker