সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা শেষ, আজ কি ফিরছেন টুলু মণ্ডল?

SOBDIK NEWS: দীর্ঘদিন ধরে বেপাত্তা টুলু মণ্ডল (Tulu Mondal)। তাঁর বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা ঘিরে আইনি টানাপোড়েন চলছে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের নির্দেশে দেশে ফেরার জন্য নির্দিষ্ট সময়সীমা পেয়েছিলেন তিনি। সেই সময়সীমা শেষ হচ্ছে আজ, ১৭ নভেম্বর। ফলে টুলু মণ্ডলের দেশে ফেরা প্রসঙ্গ নতুন করে উঠে এসেছে বীরভূমের রাজনৈতিক প্রেক্ষাপটে। তিনি কি আদালতের নির্দেশ মেনে ফিরছেন, নাকি শেষ মুহূর্তে অন্য কোনও আইনি পদক্ষেপ করবেন? এই নিয়ে বিস্তর জল্পনা চলছে।
আজই দেশে ফিরছেন টুলু (Tulu Mondal)?
টুলুর প্রত্যাবর্তন ঘিরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, দেশে ফেরার পর তাঁকে ২১ দিনের জন্য গ্রেপ্তারি থেকে সুরক্ষা দিয়েছে শীর্ষ আদালত। এই সময়ের মধ্যে পুলিশ তাঁকে আটক করতে পারবে না, এমনকি তাঁর বিরুদ্ধে কোনও কঠোর ব্যবস্থাও নিতে পারবে না। তবে এই সুবিধা পাওয়ার শর্তও রয়েছে। ১৭ নভেম্বরের মধ্যে দেশে না ফিরলে আদালতের দেওয়া রক্ষাকবচ আর বজায় থাকবে না। সেক্ষেত্রে আগের মতোই কার্যকর হয়ে উঠবে তাঁর বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা।
যদিও টুলুর আইনজীবীদের ঘনিষ্ঠ সূত্রের দাবি, নির্ধারিত পরিকল্পনায় কোনও পরিবর্তন না হলে আজই কলকাতায় পৌঁছবেন তিনি। এই আইনি জটিলতার সূত্রপাত সিউড়ির এসিজেএম আদালতের নির্দেশ থেকে। টুলু মণ্ডলের বিরুদ্ধে সেখানে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির পাশাপাশি হুলিয়াও জারি করা হয়েছিল। নিম্ন আদালতের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হলেও সেখান থেকে স্বস্তি পাননি তিনি। এরপরই সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন টুলু।
আরও পড়ুন : বাগদান সারতেই কার্তিক পড়ল দেবাংশুর বাড়িতে! সঙ্গে খাবারের লম্বা ফর্দ, ফেসবুকে নেতা লিখলেন, এখনও…
গত ৪ নভেম্বর বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীল নাগুর বেঞ্চে মামলাটির শুনানি হয়। টুলুর পক্ষে আদালতে যুক্তি পেশ করেন প্রবীণ আইনজীবী মুকুল রোহতগি। তাঁর দাবি ছিল, রাজনৈতিক স্বার্থে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টুলুকে নিশানা করা হচ্ছে। তিনি কোনও অপরাধী নন এবং দুবাইয়ে নিয়ম মেনেই ব্যবসা পরিচালনা করছেন। আদালত থেকে প্রয়োজনীয় সুরক্ষা পেলে দেশে ফিরতে তাঁর কোনও আপত্তি নেই বলেও জানান আইনজীবী।
অন্যদিকে, রাজ্যের তরফে সলিসিটর জেনারেল ও অতিরিক্ত সলিসিটর জেনারেল আদালতকে আশ্বস্ত করেন, টুলু দেশে ফিরলে তিন সপ্তাহের মধ্যে তাঁকে গ্রেপ্তার করা হবে না। তবে তাঁর বিরুদ্ধে চলা তদন্ত থেমে থাকবে না। দুই পক্ষের বক্তব্য বিবেচনা করে সুপ্রিম কোর্ট ১৭ নভেম্বরের মধ্যে দেশে ফেরার নির্দেশ দেয়। আইনজীবীদের একাংশের মতে, দেশে পা রাখার পর টুলু মণ্ডলকে প্রথমেই কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করতে হবে। পাশাপাশি তদন্তের দায়িত্বে থাকা আধিকারিকদের কাছে নিজের ফিরে আসার বিষয়টি লিখিতভাবে জানাতে হবে। তদন্তে সহযোগিতা করার বিষয়টিও তাঁকে স্পষ্ট করতে হবে। প্রয়োজনে পুলিশ তাঁকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। অতএব, আজকের দিনটি টুলু মণ্ডলের মামলার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ।



