0%

‘আমরা কি বন্ধু হতে পারি না?’ শচীনের উদাহরণ দিয়ে ভারত-পাক ম্যাচে আগ্রাসনের নিন্দা শোয়েবের

ম্যাচ জয়ের পর আপত্তিকর অঙ্গভঙ্গি। একে অপরকে উদ্দেশ্য করে গালিগালাজ। সদ্যসমাপ্ত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই এমন অপ্রীতিকর ঘটনার সাক্ষী থেকেছে ক্রিকেটবিশ্ব। তরুণ ক্রিকেটারদের এই আগ্রাসন মোটেই ভালোভাবে নিচ্ছেন না প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। ক্রিকেটের আগামী প্রজন্মকে তাঁর সতর্কবাণী, শুধু ক্রিকেট খেলাটাই সব নয়। কিছু মূল্যবোধ থাকা অত্যন্ত প্রয়োজন।

একটি টিভি শোয়ে এসে রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস বলছেন, “আজও আমি শচীনকে সম্মান করি, ওকে বিশ্বের অন্যতম সেরা ব্যাটারের মর্যাদা দিই। সৌরভ, শেহওয়াগের ক্ষেত্রেও একই ব্যাপার। আমরা একসঙ্গে খেলতাম। আজও আমাদের মধ্যে বন্ধুত্ব রয়েছে। বিপক্ষ দলে খেললেও কোনওদিন আমরা এইভাবে একে অপরের সঙ্গে আচরণ করিনি। কম বয়সে আগ্রাসন বেশি থাকে ঠিকই। কিন্তু এই তরুণ বয়স থেকেই তাদের মূল্যবোধ শেখানো অত্যন্ত জরুরি। তাদের বোঝাতে হবে, ১০-১৫ এমনকী কুড়ি বছরও একে অপরের বিরুদ্ধে খেলেও বন্ধু থাকা যায়।”

প্রসঙ্গত, ওমানে পাকিস্তানের বিরুদ্ধে ভারত একপ্রকার অসম্ভবকে সম্ভব করে জিতেছে। স্বাভাবিকভাবেই অনেকটা পিছিয়ে থাকা অবস্থা থেকে কামব্যাক করে ওই জয়ের পর আনন্দও কিছুটা বাঁধন হারা হয়েছে। আবেগ সামলাতে পারেনি মোহিতরা। ‘চিরশত্রু’ পাক ড্রেসিংরুমের উদ্দেশ্যে কুরুচিকর ইঙ্গিত করে বসেছেন কেউ কেউ। পাক ক্রিকেটারদের সামনে গিয়েও আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা গিয়েছে অনেককে।

যদিও এই আচরণের ব্যাখ্যা দিয়ে ম্যাচ জয়ের কারিগর মোহিত উলভা বলছে, “ভারত বনাম পাকিস্তান ম্যাচে এরকম উত্তেজনা হয়েই থাকে। তার উপর এটা ছিল ফাইনাল। ওরাও খুব আগ্রাসী ভঙ্গিতে সেলিব্রেট করেছিল গ্রুপ পর্বের ম্যাচের পর। তবে আমরা কিন্তু সেই নিয়ে মাথা ঘামাইনি। এবার আমরাও একইভাবে জবাব দিয়েছি। নিজেদের জয় সেলিব্রেট করেছি। আবেগ, আগ্রাসন সবই ছিল আমাদের।” শোয়েব বলছেন, ভারতীয় দলের আগ্রাসন তাঁকে মুগ্ধ করেছে। কিন্তু ক্রিকেট খেলার পাশাপাশি তরুণ তুর্কিদের মূল্যবোধের পাঠও দেওয়া দরকার। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের প্রতিনিধিত্ব করলেও বন্ধু থাকা যায়, সেই শিক্ষা দিতে চান প্রাক্তন পেসার।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker