বাংলায় তৈরি হবে ক্যাম্পা কোলার কারখানা! বড় ঘোষণা শুভেন্দুর

SOBDIK NEWS: বাংলায় এবার নতুন শিল্প তৈরির কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার কৃষ্ণনগরের বুড়িমার জগদ্ধাত্রী পুজোয় গিয়ে তিনি জানান, নদিয়ার হরিণঘাটা শিল্পতালুকে তৈরি হবে ক্যাম্পা কোলার কারখানা। খুব তাড়াতাড়ি এই কারখানার ভূমিপুজো হবে। তবে কবে কাজ শুরু হবে, সেই দিন এখনও জানানো হয়নি।
বুড়িমার পুজো থেকে শিল্পের বার্তা শুভেন্দুর (Suvendu Adhikari)
মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ কৃষ্ণনগরের চাষাপাড়ায় বুড়িমার পুজোয় যান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে প্রদীপ জ্বালিয়ে পুজোর সূচনা করেন তিনি। উদ্যোক্তাদের দাবি, এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় বুড়িমাকে দর্শন করলেন। শুভেন্দু বলেন, রাজা কৃষ্ণচন্দ্রের শুরু করা এই পুজোয় প্রদীপ জ্বালানোর সুযোগ পাওয়া তাঁর কাছে বড় প্রাপ্তি। মায়ের আশীর্বাদেই বিজেপি সরকার তৈরি হয়েছে এবং এই সরকার মায়ের সব স্বপ্ন পূরণ করবে বলেও দাবি করেন তিনি।
এর পরেই নদিয়ার উন্নয়নের কথা বলেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। তিনি বলেন, একদিকে এইমস, অন্যদিকে হরিণঘাটা শিল্পতালুক। সেখানে একের পর এক কাজ চলছে। খুব শীঘ্রই ক্যাম্পা কোলার কারখানার ভূমিপুজো হবে। পাশাপাশি তেহট্ট ও করিমপুরকে রেল মানচিত্রে আনার জন্য সমীক্ষা চলছে বলেও জানান তিনি।
আরও পড়ুনঃ পুরনো পেনশন কি ফিরবে? অষ্টম বেতন কমিশনের বৈঠকে উঠল বড় দাবি
এদিন সনাতন ধর্ম নিয়েও কড়া বার্তা দেন শুভেন্দু (Suvendu Adhikari)। তিনি বলেন, সনাতন ধর্মের উপরে কোনও আঘাত মেনে নেওয়া হবে না। তাঁর দাবি, রাজ্যে নতুন করে ১৩ হাজার দুর্গাপুজো ও ৭ হাজার কালীপুজো হয়েছে। কোচবিহার থেকে পুরুলিয়া পর্যন্ত প্রায় এক কোটি মানুষ ছটপুজো করেছেন। কাকদ্বীপে কালীপ্রতিমাকে প্রিজন ভ্যানে তোলার ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে বলেও জানান তিনি।
রাস উৎসব নিয়েও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। তিনি জানান, নবদ্বীপে যাবেন। শান্তিপুর ও নবদ্বীপের রাস উৎসবের জন্য বিশেষ অর্থ বরাদ্দ করা হয়েছে। ভক্তরা আনন্দের সঙ্গে উৎসব পালন করবেন বলেও জানান তিনি। একই সঙ্গে দেশবিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য বুড়িমার কাছে আশীর্বাদ চান শুভেন্দু।
এর আগে বেলডাঙায় ভারত সেবাশ্রমের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনেও ভারতমাতার বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলে জানিয়েছিলেন তিনি। ধুলিয়ান ও শামসেরগঞ্জে অশান্তি, ট্রেনে ইট ছোড়া এবং বেলডাঙার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু। বারবার জাতীয় সড়ক অবরোধ করা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। রাজ্য সরকার মহিলাদের পাশাপাশি সমাজের সব স্তরের মানুষের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর বলেও জানান মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)।



