ট্রাম্পের চিন সফরের আগেই ‘পুরনো বন্ধু’ পুতিনের মুখোমুখি জিনপিং! যুদ্ধ আবহে কোন অঙ্ক?

আগামিকাল, বৃহস্পতিবারই অ্যাপেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে চিন সফরের উদ্দেশে রওনা দেওয়ার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তার আগে বুধবার ভোরে বেজিংয়ে পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এদিনই চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মিলিত হলেন তিনি। তাঁদের মধ্যে ঘণ্টাদুয়েক বৈঠক হয় বলে জানা গিয়েছে রুশ সরকারি সংবাদ সংস্থা ‘তাস’-এর সূত্রে।
কী নিয়ে কথা হয়েছিল দুই রাষ্ট্রনায়কের মধ্যে? রাশিয়া ও চিনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েই মূলত আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। এও জানা গিয়েছে, দু’জনই তাঁদের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক, তার প্রশংসা করেছেন। বলে রাখা ভালো, চলতি বছরে এটাই তাঁদের তৃতীয় সরাসরি বৈঠক।
বৃহস্পতিবার ৩৩তম অ্যাপেক সম্মেলনে যোগ দিতে আসবেন ট্রাম্প। আর সেই সম্মেলনের ফাঁকে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসার কথা ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের। ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনার লক্ষ্যেই এই বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন পুতিন। এহেন পরিস্থিতিতে এদিন পুতিন-জিনপিংয়ের বৈঠক ঘিরেও জোরাল হয়েছে জল্পনা। মনে করা হচ্ছে, ট্রাম্পের সঙ্গে বসার আগে নিজেদের মধ্যে কি কোনও ‘রণকৌশল’ও তৈরি করে রাখলেন দুই রাষ্ট্রনেতা? মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন এখনও নেভেনি। এই পরিস্থিতিতে এই বৈঠকে কী হয় সেদিকে তাকিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল।
এদিকে এই কূটনৈতিক অঙ্কে ভেসে উঠেছে উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের নামও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, এই সপ্তাহেই তাঁদের দু’জনের মধ্যে বৈঠক হতে পারে। জিনপিং হাজিরও হয়েছে চিন সীমান্তে। ফলে এই প্রশ্ন উঠছে, তাহলে কি কিমও যাচ্ছেন বেজিংয়ে? তবে যতই জায়গাটা চিন সীমান্তের দিকে হোক, দুই শহরের মধ্যে দূরত্ব আড়াই হাজার কিলোমিটারের চেয়েও বেশি! কাজেই সেই বিপুল দূরত্ব অতিক্রম করে সত্যিই কিম সেখানে যাবেন, এটা আপাতত কষ্টকল্পনা। এমনটাই জানাচ্ছে কিমের দেশের সংবাদমাধ্যম। তবু… জল্পনা থেকেই যাচ্ছে।
শেয়ার
লিংক



