২৬ বছর পরে আমেরিকায় হামের প্রত্যাবর্তন! আক্রান্ত সাড়ে পাঁচহাজার, বাড়ছে মৃতের সংখ্যা

প্রতিবেশী বাংলাদেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। এর মধ্যে এবার আমেরিকা থেকেও মিলল খারাপ খবর। ২০০০ সালে সেদেশ থেকে ‘নিশ্চিহ্ন’ হয়ে গিয়েছিল হাম। কিন্তু আড়াই দশক পরে ফের মার্কিন মুলুকে দাপাতে শুরু করেছে মারণ মিজলস মর্বিলিভাইরাস (US Measles Elimination Status)। এখনও পর্যন্ত আক্রান্ত ৫,৪০০ জনেরও বেশি। অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
২০০০ সালে ব্যাপক টিকাদান কর্মসূচির মাধ্যমে মার্কিন মুলুক থেকে নির্মূল করে সম্ভব হয়েছিল হামকে। বর্তমানে টিকাদানের হার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রার ৯৫ শতাংশই নেমে গিয়েছে। মনে করা হচ্ছে, টিকা নেওয়ার বিষয়ে অনীহা একটা বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। পাশাপাশি ভুল তথ্যের প্রচারও একটা কারণ বলে জানাচ্ছে ওয়াকিবহাল মহল। হামের টিকা আবিষ্কারের আগে তা আমেরিকাতেও হু হু করে ছড়িয়ে পড়ত। প্রতি বছর তিরিশ লক্ষ থেকে চল্লিশ লক্ষ মানুষ আক্রান্ত হত। মৃত্যু হত ৪০০ থেকে ৫০০ জনের। হাজার হাজার মানুষের শরীরে সংক্রমণ পরবর্তী সমস্যা রয়ে গিয়েছিল। কিন্তু টিকাদান শুরু হতেই বদলে যায় ছবিটা। এবার হামের প্রাদুর্ভাব স্বাভাবিক ভাবেই উদ্বেগের জন্ম দিয়েছে।
হামের দীর্ঘস্থায়ী প্রাদুর্ভাবে বাংলাদেশজুড়ে মৃত্যুমিছিল। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ইতিমধ্যেই দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু করছে। কিন্তু তাতেও বদলাচ্ছে না ছবি। এই পরিস্থিতিতে শুরু হয় গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। পাশাপাশিই আমেরিকাতেও হামের দাপাদাপি স্বাভাবিক ভাবেই আতঙ্ক বাড়াল।
আসলে জনমানসে হাম রোগটিকে প্রায়শই তৃতীয় বিশ্বের এমন সব দেশের সঙ্গে যুক্ত করে দেখা হয়, যেখানে স্বাস্থ্যসেবা পরিকাঠামো দুর্বল এবং টিকাদানের হার কম। যেমন পাকিস্তান। সেদেশেও হামের টিকা নিতে অনীহা অসুখটির দাপাদাপি কমতে দেয়নি। কিন্তু বিশ্বের অন্যতম ধনী একটি দেশে এই রোগের ফিরে আসা আমাদের মনে করিয়ে দেয়, অত্যন্ত সংক্রামক কোনও ভাইরাস কোনও সীমানা মানে না। আর টিকাদানের হার ও সচেতনতায় ঘাটতি দেখা দিলে তা দ্রুত ছড়িয়ে পড়ে বড় ধরনের প্রাদুর্ভাবের রূপ নিতে পারে।
শেয়ার
লিংক



