0%

কুলগামে সিআরপিএফ জওয়ানদের উপর হামলায় জড়িত জঙ্গি নিকেশ, দ্বিতীয় জঙ্গির খোঁজে তল্লাশি

 

শ্রীনগর, ১৭ নভেম্বর : জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় গত ১১ নভেম্বর সিআরপিএফ জওয়ানদের উপর হামলার ঘটনায় জড়িত দুই জঙ্গির মধ্যে একজনকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী। অপর জঙ্গির খোঁজে জোরদার তল্লাশি অভিযান চলছে বলে মঙ্গলবার আইএএনএসকে জানিয়েছেন উচ্চপদস্থ সূত্র।

সূত্রের খবর, গত ১০ নভেম্বর উমর নিসার দার এবং লস্কর-ই-তৈবা (এলইটি) তথা টিআরএফ কমান্ডার লতিফ ভাট একাধিক এলাকায় ঘুরে নিরাপত্তা বাহিনীর গতিবিধি ও সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু চিহ্নিত করার চেষ্টা করে। মীর বাজার, আখরান, আখরান, হাবলিশ এবং কিলাম এলাকায় তারা রেকি চালিয়েছিল বলে জানা গিয়েছে।

পরের দিন, অর্থাৎ ১১ নভেম্বর, উমর নিসার দার ও লতিফ ভাট আখরানে সিআরপিএফের একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। সূত্র জানিয়েছে, ১০ ও ১১ নভেম্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারী সংস্থাগুলি একাধিক ক্যামেরায় দু’জনের উপস্থিতি শনাক্ত করে। হামলার আগে বিভিন্ন এলাকায় তাদের গতিবিধি এবং হামলার পর পালিয়ে যাওয়ার দৃশ্যও ক্যামেরায় ধরা পড়ে।

এদিকে, উমর নিসার দার নিখোঁজ হওয়ার পর তাঁর পরিবারের পক্ষ থেকে কুলগাম থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছিল। তদন্তে জানা যায়, গত পাঁচ থেকে ছয় মাস ধরে উমর লস্কর কমান্ডার লতিফ ভাটকে আশ্রয় ও অন্যান্য সহযোগিতা দিয়ে আসছিল। তদন্তকারী সংস্থার দাবি, আখরানে হামলার পরপরই উমর নিসার দার টিআরএফ জঙ্গি সংগঠনে যোগ দেয়।

হামলার পর পালিয়ে যাওয়ার সময় সোমবার লারু এলাকায় নিরাপত্তা বাহিনী উমর নিসার দার ও লতিফ ভাটকে আটকানোর চেষ্টা করে। এরপর দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষে উমর নিসার দার নিহত হয়। তবে লস্কর কমান্ডার লতিফ ভাট এখনও পলাতক। তার সন্ধানে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, কুলগামে সিআরপিএফ জওয়ানদের উপর হামলার পর জম্মু বিভাগের কিশতওয়ার জেলাতেও আরেকটি জঙ্গি হামলার ঘটনা ঘটে। সেখানে দুই স্পেশাল পুলিশ অফিসার (এসপিও) বাবি চাঁদ ও যশপাল কুমারকে হত্যা করে জঙ্গিরা।

জানা গিয়েছে, কিশতওয়ারের কিয়ার-দাচান এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানের সময় ওই দুই এসপিও সেনাবাহিনীতে যোগ দিতে যাচ্ছিলেন। সেই সময় জঙ্গিরা তাঁদের উপর হামলা চালিয়ে হত্যা করে।

পরপর দুটি জঙ্গি হামলার ঘটনায় জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল করার সরকারি দাবিকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন্দ্রশাসিত অঞ্চলের শাসকদল ন্যাশনাল কনফারেন্স এবং বিরোধী দল বিজেপি—উভয় পক্ষই সন্ত্রাসবাদকে চূড়ান্তভাবে দমন করার সরকারি দাবির বিষয়ে প্রশ্ন তুলেছে।

–আইএএনএস

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker