বাগদান সারতেই কার্তিক পড়ল দেবাংশুর বাড়িতে! সঙ্গে খাবারের লম্বা ফর্দ, ফেসবুকে নেতা লিখলেন, এখনও…

SOBDIK NEWS: বাগদানের খবর প্রকাশ্যে আসার পর থেকেই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় রয়েছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। সমাজমাধ্যমে নিজের জীবনের নতুন অধ্যায়ের কথা জানানোর পর তাঁকে ঘিরে শুরু হয়েছিল নানা ধরনের চর্চা। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার তার বাড়িতে পড়ল কার্তিক।
বিয়ের আগেই দেবাংশুর(Debangshu Bhattacharya) বাড়িতে কার্তিক
রাতের অন্ধকারে বাড়ির সামনে রেখে যাওয়া হল কার্তিক ঠাকুরের মূর্তি। শুধু তাই নয়, মূর্তির সঙ্গে দেওয়া হয়েছে খাবারের একটি দীর্ঘ তালিকাও। এমন ঘটনায় কার্যত অপ্রস্তুত হয়ে পড়েছেন দেবাংশু। নিজেই সে কথা সমাজ মাধ্যমে জানিয়েছেন। কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে, তা নিয়েও উঠছে প্রশ্ন। বাগদানের পর দেবাংশুর ব্যক্তিগত জীবন নিয়ে যখন এমনিতেই সমাজমাধ্যমে চর্চা চলছিল, তখন এই ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এলেন তিনি।
দেবাংশু যে ছবি পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে রয়েছে কার্তিক মূর্তি। সঙ্গে একটি চিঠি দেওয়া হয়েছে তাতে। সেখানে আবার লেখা “প্রিয় বাবা দেবাংশু তোমার আর মায়ের বিয়ের কথা শুনেই আমি আসব পাকাপাকি করলাম।” এছাড়া কী কী খাওয়াতে হবে, তার মধ্যে কাবাব, পোলাও, মাংস, চাটনি ইত্যাদি মেনুও রয়েছে সেখানে। তারপর আবার ওই চিঠিতেই লেখা, “জানি তুমি প্রচণ্ড কিপটে, তাই বলে আবার কার্তিক ঠাকুরের নির্দেশ অমান্য করো না…”
আরও পড়ুন : জীবনের সবথেকে বড় ‘প্র্যাঙ্ক’, উদয়ের গাড়িতে কার্তিক রাখল ‘পরিণীতা’ টিম
দেবাংশু ফেসবুকে লিখেছেন, “সকালে উঠে দেখি সদর দরজায় কারা তাকে রেখে দিয়ে গেছেন! সিসিটিভিতে দেখলাম হেলমেট পরিহিত দুই ব্যক্তি বাইক নিয়ে এসে রাত্রি সাড়ে তিনটে নাগাদ এই কাণ্ড ঘটিয়ে গিয়েছেন। তাদের চিনতে পারিনি। কিন্তু যারাই করেছেন, তাদের বলি, আমি এখনও বিবাহিত নই। পারিবারিক আশীর্বাদ পর্ব হয়েছে কেবল! এত উত্তেজিত হবেন না প্লীজ!
বিয়ের আগে কে কার্তিক ফেলে যায় বলুন তো? যাই হোক, প্রভু এসেছেন যখন, তাকে সপরিবারে সাদরে গ্রহণ করলাম।”
উল্লেখ্য, দেবাংশুর হবু স্ত্রী পেশায় বিমানসেবিকা। বাড়ি উত্তরপাড়ায়। দেবাংশুর সাথে দীর্ঘদিনের সম্পর্ক তাঁর। জানা যাচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে তাঁদের চার হাত এক হতে চলেছে।



