মাইক্রোসফটের পর এবার ধাক্কা ব্যাঙ্কিংয়ে, দেশজুড়ে বন্ধ লেনদেন! সাইবার হামলার আশঙ্কা

দিনচারেক আগে বিশ্বজুড়ে স্তব্ধ হয়ে গিয়েছিল মাইক্রোসফট। ইমেল আদানপ্রদান থেকে শুরু করে উড়ান বাতিল পর্যন্ত হয়েছিল টেক সংস্থার বিপর্যয়ের জেরে। তার রেশ কাটতে না কাটতেই এবার ধাক্কা লাগল ব্যাঙ্কিং পরিষেবায়। আমেরিকার বৃহত্তম ব্যাঙ্কগুলির গ্রাহকরা বলছেন, তাঁদের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য কিছুই দেখতে পাচ্ছেন না। অনলাইন লেনদেনও করা যাচ্ছে না। গোটা ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে আমজনতার মনে।
সোমবার এই সমস্যার শুরু হয়ে জেপি মর্গ্যান চেজের গ্রাহকদের। ব্যাঙ্কের তরফ থেকে বলা হয়, টেকনিক্যাল সমস্যার জন্য এমনটা হচ্ছে। কিন্তু কয়েকঘন্টার মধ্যেই ব্যাঙ্ক অফ আমেরিকা, ওয়েলস ফারগো, ইউএস ব্যাঙ্ক, ট্রুইস্টের মতো শীর্ষস্থানীয় আর্থিক সংস্থার গ্রাহকরাও অভিযোগ করেন, তাঁদের ব্যাঙ্কের কাজ হচ্ছে না। আমেরিকার অনলাইন পেমেন্টের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘জেলে’ও অচল হয়ে পড়ে। কেবল মোবাইল ব্যাঙ্কিং বা অনলাইন লেনদেনই নয়, ব্যাঙ্কের শাখাগুলিতে গিয়েও একই কারণে ভোগান্তির শিকার হয়েছেন গ্রাহকরা।
দেশের শীর্ষস্থানীয় ব্যাঙ্কগুলির এহেন বেহাল দশায় প্রশ্ন ওঠে, তাহলে কি মার্কিন ব্যাঙ্কিং ব্যবস্থায় সাইবার হানা হল? গত কয়েকদিন ধরেই টেক সংস্থা এনভিডিয়া মারফত চিনে তথ্য পাচারের অভিযোগে উত্তাল আমেরিকা। তার মধ্যেই এহেন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন আমজনতা। হাজারে হাজারে গ্রাহক অভিযোগ জানাতে শুরু করেন। যদিও জেপি মর্গ্যানের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, সফটওয়্যার বাগ সমস্যার কারণেই পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর সঙ্গে সাইবার হামলার কোনও যোগ নেই। নিরাপদে অনলাইন লেনদেন করতেও আশ্বাস দেয় ব্যাঙ্কটি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকে প্রায় ২৪ ঘণ্টা বিশ্বজুড়ে স্তব্ধ ছিল মার্কিন সংস্থা মাইক্রোসফটের একাধিক প্রোগ্রাম। ভারত-সহ একাধিক দেশে মাইক্রোসফটের ইমেল পরিষেবা ‘আউটলুক’ এবং ‘মাইক্রোসফট ৩৬৫’-এ সমস্যা শুরু হয়। প্রথমে ইমেল পাঠাতে পারছিলেন না ইউজাররা। তারপর লগইন করতেও গিয়েও বিপত্তি। শুক্রবার সকাল হতে সমস্যা আরও বাড়ে। ইমেল আদানপ্রদান, লগ ইন, ইনবক্সে থাকা মেল চেক করা-সমস্ত কিছুই একেবারে স্তব্ধ হয়ে যায়। ইমেল পরিষেবা ব্যাহত হওয়ার জেরে যথাযথ বার্তা পৌঁছনো বন্ধ হয়ে যায় পৌঁছচ্ছে না বিমানবন্দর এবং বিমান সংস্থাগুলির কাছে। সেকারণেই শুক্রবার দিল্লি থেকে একাধিক উড়ানও বাতিল হয়েছিল।
শেয়ার
লিংক



