0%

পাক-বধ করে সাফ জয়ের হ্যাটট্রিক লক্ষ্য, ‘ভাঙাচোরা’ ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করার দায়িত্ব সুহেলদের

ফের ফুটবলে ভারত-পাকিস্তান!

মঙ্গলবার ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। দশমবারের জন্য সাফ (SAFF Championship 2026) চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে নামছে ভারত। প্রসঙ্গত, গ্রুপ পর্বে সুহেল ভাটরা ৩-২ গোলে পাকিস্তানকে হারিয়ে প্রতিযোগিতা শুরু করেছিলেন। তবে ফাইনালের আগে তা আর মাথায় রাখতে চাইছেন না ভারতের কোচ নৌশাদ মুসা।

মঙ্গলবার ভারত যদি চ্যাম্পিয়ন হয়, তা হলে প্রথমবার সাফ জয়ের হ্যাটট্রিক করবে ব্লু টাইগার্সরা। এবার সাফের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। সেই ম্যাচে নামার আগে খুব ভালো প্রস্তুতির সুযোগ ছিল না ভারতের সামনে। তবে দুটি বিষয় ফাইনালের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে আরও। প্রথমত, সেমিফাইনালের আগে পাকিস্তানের দলে পাঁচজন প্রবাসী নতুন ফুটবলারের অন্তর্ভুক্তি। যাঁদের ইউরোপে খেলার অভিজ্ঞতা রয়েছে। গোলরক্ষক ইউসুফ বাট খেলেন ডেনমার্কের তৃতীয় ডিভিশন ক্লাবে। এছাড়া অধিনায়ক আবদুল্লাহ ইকবাল, মাঝমাঠের আদিল নবি এবং আক্রমণভাগের আবদুল সামাদ ও মিকেল আবদুল্লাহের যোগদান দলটির শক্তি বাড়িয়েছে। এঁদের মধ্যে আবদুল সামাদ শেহজাদের গোলে সেমিফাইনালে আয়োজক বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান।

দ্বিতীয়ত, প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হয়ে খেলা দুই গুরুত্বপূর্ণ ফুটবলার বিজয় ভার্গিস ও মহম্মদ সুহেলকে নিউজিল্যান্ডে সিনিয়র দলে নিয়ে যাওয়ায়, ফাইনালে প্রথম ম্যাচের পুরো দল পাচ্ছেন না নৌশাদ মুসা। সিনিয়র দলের নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি শেষ হয়ে গেলেও সেই দল থেকে সাফ ফাইনালে খেলার জন্য ফুটবলার আর আনা হয়নি।

সিনিয়র দল নিউজিল্যান্ডে থাকায়, সাফে কোচ করে পাঠানো হয়েছে অনূর্ধ্ব ২৩ দলের কোচ মুসাকে। ফাইনালে নামার আগে আত্মবিশ্বাসী মুসা নিজের দলকে দ্বিতীয় সারির বলতে নারাজ। প্রতিপক্ষ দলে পাঁচ নতুন ফুটবলারের সংযুক্তিকে মাথায় রেখেই তিনি বলছেন, ফাইনাল অন্যরকম হবে। মুসা বলেন, “আমি অন্যরকম একটি ম্যাচ প্রত্যাশা করছি। আসলে গ্রুপ পর্বে যে পাকিস্তানকে দেখেছিলাম, তার সঙ্গে ফাইনালের পাকিস্তানের অনেক তফাত। এখন বেশ কয়েকজন নতুন ফুটবলার যোগ দিয়েছে ওদের দলে। আমি নিশ্চিত, প্রথম ম্যাচ আমাদের কাছে হেরে যাওয়ায়, ওরা আমাদের নিয়ে আলাদা পরিকল্পনা করবে। তবে আমরাও প্রস্তুত।”

শেষ পর্যন্ত টুর্নামেন্টের ফাইনাল খেললে কী হবে, একটা সময় সাফে ভারতের অংশ নেওয়া নিয়ে প্রচুর টালবাহানা চলেছে। মাত্র আটচল্লিশ ঘণ্টার প্রস্তুতিতে ঢাকায় উড়ে এসেছেন সুহেল ভাটরা। তাই মুসা বললেন, “আমরা প্রচুর প্রতিকুল পরিস্থিতি সামলে ফাইনালে উঠেছি। এবার শুধু শেষ ধাপ টপকানো বাকি।”

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker