প্রধানমন্ত্রী মোদি ‘খুবই কঠিন মানুষ’, কোয়াড বৈঠকের পর প্রশংসা ট্রাম্পের

ম্যানিলা, ১৭ নভেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘খুবই কঠিন মানুষ’ বলে প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় কোয়াড নেতাদের বহুল প্রতীক্ষিত বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন তিনি। একই সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচিকেও প্রশংসা করেন ট্রাম্প।
সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদি একজন অত্যন্ত কঠিন মানুষ। তাঁর কথায়, জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি হয়তো আরও বেশি কঠিন। পাশাপাশি নিজের এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের প্রসঙ্গে মজা করে বলেন, তাঁরাও মোটামুটি ভালোই।
কোয়াডের সদস্য দেশগুলির সঙ্গে আমেরিকার সুসম্পর্কের কথা তুলে ধরে ট্রাম্প বলেন, এই তিন নেতার সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর পরিচয় রয়েছে। তাঁরা প্রত্যেকেই তাঁর বন্ধু এবং অসাধারণ ব্যক্তিত্ব।
ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত কোয়াডের চার রাষ্ট্রনেতা এই বৈঠকে অংশ নেন। ট্রাম্পের বর্তমান মেয়াদে এটিই ছিল কোয়াড নেতাদের প্রথম বৈঠক।
এর আগে ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর আমেরিকার ডেলাওয়্যারের উইলমিংটনে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আয়োজনে শেষবার সরাসরি কোয়াড শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনের ঘোষণাপত্রে ২০২৫ সালে ভারতে পরবর্তী শীর্ষ সম্মেলন আয়োজনের কথা বলা হয়েছিল এবং কোয়াডের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার করা হয়েছিল।
এর আগেও একাধিকবার প্রধানমন্ত্রী মোদির প্রশংসা করেছেন ট্রাম্প। চলতি বছরের জুন মাসে অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁকে ‘মহান নেতা’ এবং ‘খুবই কঠিন ব্যক্তি’ বলে উল্লেখ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
জি৭ সম্মেলনের সময় বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গ তুলে ট্রাম্প মোদির কথা উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, ভারতের প্রধানমন্ত্রী মোদি একজন অসাধারণ মানুষ।
একজন মহান নেতার বৈশিষ্ট্য সম্পর্কে প্রশ্ন করা হলে মোদির উদাহরণ দিয়ে ট্রাম্প বলেন, অতীতে ভারতে বারবার নেতৃত্বের পরিবর্তন হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী মোদি ১২ বছরেরও বেশি সময় ধরে দায়িত্বে রয়েছেন এবং অত্যন্ত স্থিতিশীল নেতৃত্ব দিয়েছেন।
ট্রাম্পের মতে, মোদির নেতৃত্বে একদিকে যেমন শান্ত ও স্থির মনোভাব রয়েছে, অন্যদিকে তিনি অত্যন্ত দৃঢ়চেতা। তিনি বলেন, মোদিকে তিনি খুব ভালোভাবে চেনেন।
বিশ্বের প্রভাবশালী নেতাদের মধ্যে কাদের তিনি সম্মান করেন, সেই প্রশ্নের উত্তরে আবারও মোদির নাম উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের ক্রমবর্ধমান আন্তর্জাতিক গুরুত্ব এবং বিপুল জনসংখ্যার কথাও তুলে ধরেন তিনি।
ট্রাম্প বলেন, ভারতের জনসংখ্যা প্রায় ১৫০ কোটি এবং দেশটির অর্থনৈতিক ক্ষেত্রেও বেশ কিছু ইতিবাচক পরিসংখ্যান সামনে এসেছে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মোদির দৃষ্টিভঙ্গির প্রশংসা করে তিনি বলেন, যুদ্ধ থেকে দূরে থাকা একটি বুদ্ধিমানের কাজ।
ম্যানিলা সফর শেষে ট্রাম্পের চিনের শেনজেনে যাওয়ার কথা রয়েছে। সেখানে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন বা এপেকের বৈঠকে যোগ দেবেন তিনি। বৃহস্পতিবার চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
–আইএএনএস



