0%

১৬৫ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি! SBI-র প্রাক্তন ম্যানেজারের বিরুদ্ধে ফের বিচার শুরুর নির্দেশ হাইকোর্টের

SOBDIK NEWS: ব্যাঙ্কের অন্দরে ক্ষমতাসীন কোনও আধিকারিকের বিরুদ্ধে আর্থিক অনিয়মে মদত দেওয়ার অভিযোগ উঠলে তার তদন্ত কতটা গুরুত্বপূর্ণ, তা আরও একবার স্পষ্ট করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। প্রায় ১৬৫ কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনায় অভিযুক্ত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক প্রাক্তন চিফ ম্যানেজারকে দায়মুক্তি দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে দিল আদালত। এতদিন যে মামলা থেকে অব্যাহতি পেয়ে স্বস্তিতে ছিলেন ওই প্রাক্তন আধিকারিক, এবার সেই মামলাতেই তাঁকে ফের বিচারের মুখোমুখি হতে হবে।

হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে বিচারের মুখে SBI ব্যাঙ্ক ম্যানেজার

জ্যোতিরঞ্জন কানুনগো নামে ওই প্রাক্তন ব্যাঙ্ককর্তার বিরুদ্ধে এবার অভিযোগ গঠনের পথ প্রশস্ত হয়েছে। বিচারপতি উদয় কুমারের নির্দেশে দায়রা আদালতের অব্যাহতি সংক্রান্ত রায় আর কার্যকর থাকছে না। তবে হাইকোর্ট নিজে তাঁর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত বলে ঘোষণা করেনি। বরং মামলার নথিতে থাকা অভিযোগগুলির বিচার যাতে যথাযথ আইনি পদ্ধতিতে হয়, সেই ব্যবস্থাই নিশ্চিত করতে চেয়েছে আদালত।

এই মামলার পেছনে রয়েছে একটি সংস্থাকে বিপুল পরিমাণ ব্যাঙ্কঋণ পাইয়ে দেওয়ার অভিযোগ। সিবিআইয়ের তদন্ত অনুযায়ী, কলকাতার এসবিআইয়ের ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স শাখা থেকে শ্রীমহালক্ষ্মী কর্পোরেশন প্রাইভেট লিমিটেডকে ঋণ ও ক্রেডিটের নানা সুবিধা দেওয়া হয়েছিল। ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে সেই আর্থিক লেনদেনের আড়ালে প্রায় ১৬৪.৯৯ কোটি টাকা ব্যাঙ্কের হাতছাড়া হয় বলে অভিযোগ। বিষয়টি সামনে আসার পর ২০১৭ সালে তদন্ত শুরু করে সিবিআই।

আরও পড়ুন : ক্রিকেট থেকে ‘ছুটি’, IPL থেকে অবসর নিলেন ধোনি! সামলাবেন CSK-র বড় দায়িত্ব

তদন্তের পর শুধু সংশ্লিষ্ট বেসরকারি সংস্থার কর্তাদেরই নয়, ব্যাঙ্কের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ভূমিকাও খতিয়ে দেখা হয়। সেই সূত্রেই তৎকালীন চিফ ম্যানেজার ও রিলেশনশিপ ম্যানেজার জ্যোতিরঞ্জন কানুনগোর নাম উঠে আসে। সিবিআইয়ের অভিযোগ, ঋণ মঞ্জুর ও আর্থিক সুবিধা দেওয়ার প্রক্রিয়ায় তাঁর ভূমিকা তদন্তের আওতায় আসার মতো যথেষ্ট গুরুত্বপূর্ণ। এরপর সংস্থার অন্যান্য অভিযুক্তদের সঙ্গে তাঁকেও চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু বিচার শুরুর আগেই মামলার বাইরে থাকার আবেদন করেন কানুনগো। তাঁর আবেদনে সাড়া দিয়ে দায়রা আদালত তাঁকে অব্যাহতি দিয়েছিল। সিবিআইয়ের বক্তব্য ছিল, এই সিদ্ধান্তের ফলে তদন্তে উঠে আসা গুরুত্বপূর্ণ তথ্য ও অভিযোগগুলি যথাযথভাবে বিবেচিত হয়নি। তাই নিম্ন আদালতের রায় পুনর্বিবেচনার আবেদন নিয়ে তারা হাইকোর্টে যায়।

শুনানিতে সিবিআইয়ের বিশেষ সরকারি আইনজীবী অমাজিৎ দে আর্থিক লেনদেনের নথি, অডিট সংক্রান্ত প্রতিবেদন এবং ব্যাঙ্কের কম্পিউটার ব্যবস্থায় সংরক্ষিত তথ্য আদালতে পেশ করেন। তদন্তকারী সংস্থার দাবি, এসব নথি থেকে শুধু ঋণ প্রদানের ক্ষেত্রে নিয়মের ব্যত্যয় নয়, বরং পরিকল্পিত আর্থিক অনিয়মে ব্যাঙ্কের অভ্যন্তরীণ সহযোগিতার সম্ভাবনাও উঠে এসেছে। ফলে বিষয়টিকে নিছক দাপ্তরিক ভুল হিসেবে দেখার সুযোগ নেই। এই যুক্তিগুলি বিবেচনা করে বিচারপতি উদয় কুমার জানান, চার্জ গঠনের সময় আদালতের কাজ অভিযুক্তের দোষ চূড়ান্তভাবে নির্ধারণ করা নয়। অভিযোগের পক্ষে প্রাথমিক উপাদান রয়েছে কি না, সেটাই তখন যাচাই করার বিষয়। কিন্তু দায়রা আদালত সেই সীমা অতিক্রম করে অভিযুক্তের বক্তব্য ও আত্মপক্ষ সমর্থনের যুক্তি নিয়ে বিস্তারিত বিচার করেছে। এর ফলে মূল মামলার বিচার শুরু হওয়ার আগেই কার্যত একটি ‘মিনি ট্রায়াল’ হয়ে গিয়েছিল।

আরও পড়ুন : কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন অধ্যায়! যুবদের ফোনে মেসেজ পাঠিয়ে কাজ দেওয়ার আশ্বাস রাজ্যের

হাইকোর্টের পর্যবেক্ষণ, কানুনগোর বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতারণা এবং সরকারি পদমর্যাদার অপব্যবহারের মতো গুরুতর অভিযোগের প্রাথমিক ভিত্তি রয়েছে। অভিযুক্ত নিজে অর্থ আত্মসাৎ করে ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন কি না, সেটাই একমাত্র বিবেচ্য হতে পারে না। নিজের পদ ও দায়িত্ব ব্যবহার করে অন্য কোনও পক্ষকে বেআইনি সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগও ফৌজদারি বিচারের আওতায় আসতে পারে। এই যুক্তিতেই দায়রা আদালতের সিদ্ধান্ত বাতিল করে মামলাটি আবার বিশেষ সিবিআই আদালতে ফেরত পাঠিয়েছে কলকাতা হাইকোর্ট। ব্যাঙ্কের নথি, লেনদেনের হিসাব এবং সংশ্লিষ্ট আধিকারিকদের ভূমিকা নিয়ে আদালতে কী তথ্য উঠে আসে, তা গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker