বাংলার ছেলে সন্দীপের গোলে পাক বধ, দশমবার সাফ চ্যাম্পিয়ন ভারত, ভাঙাচোরা দল নিয়েও দাপট অব্যাহত

ভারত: ২ (সুহেল, সন্দীপ)
পাকিস্তান: ১ (গাজি)
এভাবেও ফিরে আসা যায়! খাতায়কলমে ভারতীয় দল নিজেদের পূর্ণশক্তির ধারেকাছে নয়। বিপক্ষ নিজেদের সেরা ফর্মে, এবং সর্বশক্তি দিয়ে ভারত বধে মরিয়া। প্রথমার্ধের শেষ মুহূর্তে ১ গোলে পিছিয়ে পড়া। সাফ ফাইনালের হাফ টাইম পর্যন্ত খেলা দেখে মনে হচ্ছিল দিনের শেষে হয়তো লজ্জাই অপেক্ষা করে আছে মেন ইন ব্লু-র জন্য। কিন্তু ভারতীয় দল দেখিয়ে দিল প্রাণপণ চেষ্টা এবং হার না মানা মানসিকতা-সব প্রতিকূলতা উপেক্ষা করে সাফল্য এনে দিতে পারে। সেটাই করে দেখালেন সুহেল ভাট, সন্দীপ মাণ্ডিরা। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে দশমবারের জন্য সাফ চ্যাম্পিয়ন হল ভারত।
ম্যাচের শুরুটা মোটেই ভালো হয়নি ভারতের। আসলে প্রথম সারির তারকারা না থাকায় প্রায় পূর্ণশক্তির পাকিস্তানের সামনে বেশ অসহায়ই মনে হচ্ছিল মেন ইন ব্লু-কে। অন্তত প্রথম আধ ঘণ্টায় কী বলের দখল, কী আক্রমণ শানানো, কী মাঠে দাপট দেখানো, কোনও কিছুতেই পাকিস্তানের কাছে পাত্তা পাননি নওশাদ মুসার ছেলেরা। ভারতের সৌভাগ্য যে প্রথম আধ ঘণ্টায় একাধিক গোল হজম করতে হয়নি। বিশেষ করে ১৮ মিনিট এবং ২২ মিনিটে গোলরক্ষক যেভাবে ভারতীয় রক্ষণের ঢাল হয়ে দাঁড়ালেন সেটা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য।
ম্যাচের বয়স আধ ঘণ্টা পেরোনোর পর ধীরে ধীরে ছন্দে ফেরে ভারতীয় দল। ম্যাচের ৩৪ মিনিটে একটি ভালো সুযোগ পেয়েছিল মেন ইন ব্লুও। ডান প্রান্ত থেকে বিষ্ণু আক্রমণ শানানোর পর গোলে শট রাখার সুযোগ হাতছাড়া করেন সুহেল, ব্রাইসনরা। শেষে বক্সের বাইরে থেকে দুরন্ত হাফ-ভলি শট নেন অভিষেক সূর্যবংশী। জোরালো শটে বল জালে জড়ানোর মতোই ছিল। কিন্তু পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট অসাধারণ ক্ষিপ্রতায় ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বলটি আটকে দেন। কিন্তু প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে গোল করে ভারতকে বড়সড় ধাক্কা দেয় পাক দল। বক্সের ভিতর থেকে দুরন্ত শটে দূরের পোস্টের কোণ দিয়ে জালে বল জড়ান আলমগির গাজি। শটটা এতটাই নিখুঁত ছিল যে গোলরক্ষক অর্শের কিছুই করার ছিল না।
দ্বিতীয়ার্ধের শুরুটা বেশ আক্রমণাত্মক করেন নওশাদ মুসার ছেলেরা। আসলে এক গোলে পিছিয়ে পড়ে ভারত যে সমতা ফেরাতে মরিয়া সেটা খেলার গতিতে বোঝা গিয়েছিল। মেন ইন ব্লু-র সুবিধা হয়ে যায় পাকিস্তানের জুনেদ লাল-কার্ড দেখায়। পাক দল ১০ জনে নেমে যাওয়ার পর টিম ইন্ডিয়া রীতিমতো তেড়েফুঁড়ে আক্রমনে নামে। সাফল্য আসে পরের মিনিটেই। ভারতের হয়ে সমতা ফেরান সুহেল ভাট। এই টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। এটি তাঁর চতুর্থ গোল। এরপর শুধুই ভারতের আক্রমণ এবং পাকিস্তানের বাঁচানোর পালা। কখনও পাক কিপারের দুর্দান্ত সেভ, কখনও ভারতের ফিনিশিং সমস্যা ভোগালো। শেষ পর্যন্ত ভারতের জয়সূচক গোলটা ৮৮ মিনিটে। এবার কর্নার থেকে হেডার দিয়ে অনবদ্য গোল করলেন বাংলার ছেলে সন্দীপ মান্ডি। এরপরও ইনজুরি টাইমে একটি সুবর্ণ সুযোগ পেয়েছিল ভারত। কিন্তু সেটা কাজে লাগাতে পারেননি লুংডিম। কার্যত পাক গোল অরক্ষিত পেয়েও জালে বল জড়াতে পারলেন না তিনি। তাহলে ফলাফলটা পাকিস্তানের জন্য আরও একটু লজ্জাজনক হল।
বহুদিন পরে জাতীয় দলের হয়ে বাংলার ছেলে সন্দীপ মান্ডি এতটা সাফল্য পেলেন। ফাইনালে ম্যাচের সেরাও তিনিই হয়েছেন। এর বাইরেও বাঙালির পাওয়ার আছে। ম্যাচের আরেক গোলদাতা সুহেল খেলেন মোহনবাগানে। গোলরক্ষক মোহনবাগানের আনোয়ার বা আক্রমণে ইস্টবেঙ্গলের বিষ্ণু-সকলেই ভালো খেলেছেন।
শেয়ার
লিংক



