0%

ভারত-ইউরোপ অর্থনৈতিক করিডরকে ‘অসাধারণ’ আখ্যা বাইডেনের, কোয়াডের মাধ্যমে ভারত-আমেরিকা সম্পর্ক মজবুত হওয়ার দাবি

 

ওয়াশিংটন, ১৮ নভেম্বর : ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডর (আইএমইসি)-কে একটি সম্ভাবনাময় ও রূপান্তরমূলক বাণিজ্যিক সংযোগ ব্যবস্থা হিসেবে বর্ণনা করলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর মতে, এই করিডর চিনের সঙ্গে প্রতিযোগিতায় আমেরিকাকে সাহায্য করার পাশাপাশি ভারত ও মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে পারে। একই সঙ্গে কোয়াডের ভূমিকার প্রশংসা করে তিনি বলেছেন, এই জোট ভারত ও আমেরিকার সম্পর্ককে আরও শক্তিশালী করেছে।

নিজের স্মৃতিকথা ‘প্রমিস মি, আমেরিকা’-তে বাইডেন ২০২৩ সালের সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে ঘোষিত আইএমইসি-র পরিকল্পনা এবং ভারতের সঙ্গে সম্পর্ক গভীর করার প্রচেষ্টা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। মঙ্গলবার প্রকাশিত বইটিতে এই করিডর সম্পর্কে তিনি লিখেছেন, “সরলতার মধ্যেই এর পরিকল্পনাটি ছিল অসাধারণ।”

প্রস্তাবিত এই করিডরের মাধ্যমে জাহাজ ও রেলপথের সমন্বয়ে মুম্বই থেকে আরব উপদ্বীপ হয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ অতিক্রম করে ইজরায়েলের হাইফা বন্দরে পণ্য পরিবহণের পরিকল্পনা রয়েছে। সেখান থেকে জাহাজের মাধ্যমে পণ্য পৌঁছবে দক্ষিণ ইউরোপে।

বাইডেনের মতে, আইএমইসি বাস্তবায়িত হলে চিনের সঙ্গে প্রতিযোগিতায় আমেরিকা সুবিধা পাবে। পাশাপাশি ভারত, সৌদি আরব, উপসাগরীয় দেশগুলি, জর্ডন, পশ্চিম তীর এবং ইজরায়েলকে একটি বাণিজ্যিক নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা সম্ভব হবে। অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে রাজনৈতিক বিভেদও অনেকাংশে কমানো যেতে পারে বলে তিনি মনে করেন।

তিনি আরও লিখেছেন, আইএমইসি নিয়ে আলোচনার ফলে নতুন অর্থনৈতিক ও রাজনৈতিক সমঝোতা গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছিল। এই উদ্যোগের কেন্দ্রে ছিল সৌদি আরব ও ইজরায়েলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ নতুন সম্পর্ক গড়ে তোলার প্রচেষ্টা। ২০২২ সালের জুলাই মাসে ইজরায়েল, পশ্চিম তীর ও সৌদি আরব সফরের সময় থেকেই তিনি এই সম্পর্ক গড়ে তোলার চেষ্টা চালিয়ে আসছিলেন বলে স্মৃতিচারণ করেছেন।

২০২৩ সালের সেপ্টেম্বরে আইএমইসি সংক্রান্ত সমঝোতাপত্রে ভারতকে উপসাগরীয় অঞ্চল এবং উপসাগরীয় অঞ্চলকে ইউরোপের সঙ্গে যুক্ত করার জন্য দুটি করিডরের পরিকল্পনা তুলে ধরা হয়। এতে জাহাজ ও রেলপথের পাশাপাশি বিদ্যুৎ ও ডিজিটাল সংযোগ এবং পরিচ্ছন্ন হাইড্রোজেন পরিবহণের পরিকাঠামো গড়ে তোলার কথাও বলা হয়েছিল।

স্মৃতিকথার অন্য একটি অংশে বাইডেন তাঁর প্রেসিডেন্সির প্রথম দিকের অন্যতম কূটনৈতিক অগ্রাধিকার হিসেবে কোয়াডের গুরুত্ব বৃদ্ধির কথা উল্লেখ করেছেন। ২০২১ সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তৎকালীন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের স্মৃতিও তুলে ধরেছেন তিনি।

বাইডেন লিখেছেন, কোয়াডের উদ্যোগের একটি উল্লেখযোগ্য সুফল ছিল ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কের দ্রুত উন্নতি। সেনেটর থাকাকালীন সময় থেকেই ভারতের সঙ্গে সম্পর্কের দিকে নজর রেখেছিলেন তিনি। ২০০৬ সালে আমেরিকার সেনেটে ভারত-আমেরিকা অসামরিক পরমাণু চুক্তির আইনি কাঠামো তৈরির ক্ষেত্রেও নিজের ভূমিকার কথা উল্লেখ করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

কোভিড-১৯ টিকা উৎপাদন ও সহযোগিতার ক্ষেত্রেও কোয়াডের ভূমিকার প্রশংসা করেছেন বাইডেন। তাঁর মতে, অভিন্ন বিপদের মোকাবিলায় চার দেশের সহযোগিতা তাদের পারস্পরিক সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করেছিল। ২০২১ সালের মার্চ মাসে ভারতীয় সংস্থা বায়োলজিক্যাল ই-র উৎপাদন ক্ষমতা বাড়াতে মার্কিন অর্থায়নের উদ্যোগ নেওয়া হয়েছিল, যার লক্ষ্য ছিল ২০২২ সালের শেষ নাগাদ অন্তত ১০০ কোটি টিকা উৎপাদনের সক্ষমতা তৈরি করা।

পাকিস্তানের সঙ্গে আমেরিকার দীর্ঘদিনের সম্পর্ক থাকা সত্ত্বেও ভারতের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার যথেষ্ট কারণ ছিল বলে মনে করেন বাইডেন। ১৯৬৫ সালের অভিবাসন আইনের পর আমেরিকায় ভারতীয় অভিবাসীর সংখ্যা বৃদ্ধি এবং নাসার সঙ্গে ভারতের যৌথ নিসার উপগ্রহ প্রকল্পের মতো বৈজ্ঞানিক সহযোগিতার কথাও তিনি উল্লেখ করেছেন।

চিনের সঙ্গে প্রতিযোগিতার প্রসঙ্গে বাইডেন বলেছেন, আমেরিকার মিত্র দেশগুলির সম্মিলিত অর্থনৈতিক শক্তি ও সহযোগিতা ওয়াশিংটনকে যথেষ্ট সুবিধা দিতে পারে। তবে চিনের উত্থান যে আমেরিকার সঙ্গে সংঘাতের দিকে নিয়ে যাবেই, এমন ধারণা তিনি প্রত্যাখ্যান করেছেন। চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সান ফ্রান্সিসকো বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিশ্বের পরিসর এতটাই বড় যে দুই শক্তিধর দেশই নিজেদের জায়গা করে নিতে পারে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker