ফুটবলের মানচিত্রে নয়া দিগন্ত, দেশের প্রথম আর্জেন্টিনীয় ফুটবল সেন্টার পেল কলকাতা

ভারতের ফুটবল মানচিত্রে এক নয়া দিগন্তের সূচনা হল। আমুজি স্পোর্টস এবং এএফএ ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে কলকাতায় চালু হল দেশের প্রথম এএফএ ইন্টারন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স (AFA Centre of Excellence)। এটি এশিয়া মহাদেশে এই সংস্থার প্রথম পথচলা। আর্জেন্টিনার বিশ্বখ্যাত ফুটবল দর্শন এবং আধুনিক কোচিং পদ্ধতি এবার সরাসরি ছোঁয়া পাবে ভারতীয় ফুটবলে। কলকাতার বুকে এই ঐতিহাসিক পদার্পণ দেশের তরুণ প্রতিভাদের জন্য এক নতুন আশার আলো নিয়ে এল।
আমুজি স্পোর্টস এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ এই প্রয়াস দীর্ঘমেয়াদী। স্থানীয় পার্টনার ক্লাবগুলোর সঙ্গে হাত মিলিয়ে স্কুল ও একাডেমি তৈরি করা হবে। সেখানে আর্জেন্টিনার জাতীয় দলের কোচদের সরাসরি তত্ত্বাবধানে নিবিড় প্রশিক্ষণ পাবেন উঠতি ফুটবলাররা। অনূর্ধ্ব-১০ থেকে অনূর্ধ্ব-২০—সব বয়সভিত্তিক আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার সুযোগ তৈরি হবে। সরকারি স্বীকৃত স্থানে চলবে বিশেষ মূল্যায়ন। সেরা প্রতিভারা সুযোগ পাবে ভারতীয় দলে এবং আর্জেন্টিনায় এক্সপোজারের।
এদিন কলকাতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিল আর্জেন্টিনার এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। কমার্শিয়াল ও স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স ডিরেক্টরের সঙ্গে ছিলেন মেথডোলজি কো-অর্ডিনেটর ও স্থানীয় প্রধানরা। বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্য এই উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তাপস রায়, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন রায় চৌধুরী। উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তীসহ বাংলার প্রখ্যাত ফুটবল তারকারাও। প্রদীপ চৌধুরী, শ্যাম থাপা, জামশেদ নাসিরি থেকে শুরু করে মেহতাব হোসেন—সবাই এই উদ্যোগকে সাধুবাদ জানান।
আর্জেন্টিনার ফুটবল সংস্কৃতির সঙ্গে ভারতীয় ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন ঘটতে চলেছে এই প্রকল্পের মাধ্যমে। আমুজি স্পোর্টসের ‘ফিজিটাল’ পদ্ধতির ছোঁয়ায় খেলাধুলার ডিজিটাল বিকাশও ঘটবে। ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে অন-ডিমান্ড ও লাইভ কন্টেন্ট পৌঁছে যাবে ঘরে ঘরে। টেকসই ও উন্নত ফুটবল ইকোসিস্টেম গড়ার প্রত্যয় নিয়ে শুরু হল এই পথচলা। ভারতীয় ফুটবলের গৌরবে যোগ হল এক নতুন এবং সোনালি অধ্যায়।
শেয়ার
লিংক



