‘চিনপ্রেমী’ বলেন্দ্রর প্রথম ভারত সফর, রামায়ণের বাঁধনে জুড়বেন মোদির সঙ্গে

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভারত সফরে আসছেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। তাঁর সফরসূচিতে এবার যোগ হল এক বিশেষ কর্মসূচি। জানা গিয়েছে, রামায়ণের সঙ্গে সম্পর্কযুক্ত দুই স্থান-অযোধ্যা এবং জনকপুরের মধ্যে রেল পরিষেবা (Ayodhya–Janakpur Train ) শুরু হবে। ভারতীয় রেলের উদ্যোগেই এই রেলযাত্রা হচ্ছে। চলতি মাসে ভারত সফরে এসে এই পরিষেবার সূচনা করবেন বলেন্দ্র। সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Narendra Modi)।
আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হবে এই রেল পরিষেবা। উত্তরপ্রদেশে অযোধ্যা ক্যান্টনমেন্ট থেকে শুরু হয়ে নেপালের জনকপুর ধাম পর্যন্ত চলবে নতুন এই ট্রেন। প্রত্যেক সপ্তাহে একদিন করে এই ট্রেন চলবে। যাত্রাপথে বিহার ও উত্তরপ্রদেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে থামবে। স্টেশনগুলির মধ্যে রয়েছে জয়গনগর, মধুবনী, শিশো, সীতামঢ়ী, রক্সৌল, নরকটিয়াগঞ্জ, গোরক্ষপুর, বস্তি, মনকাপুর এবং অযোধ্যা ধাম। ৬০৪ কিমি বিস্তৃত এই রেল পরিষেবায় পর্যটক, স্থানীয় হোটেল, দোকান, ব্যবসায়ী এবং হস্তশিল্পের সঙ্গে যুক্ত মানুষ উপকৃত হবেন।
স্রেফ রেলপথের বিস্তার নয়, নতুন এই পরিষেবার সঙ্গে জড়িয়ে রয়েছে ধর্মীয় আবেগও। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, জনকপুর ধাম দেবী সীতার জন্মস্থান। অন্যদিকে, অযোধ্যাকে ভগবান রামের জন্মভূমি হিসেবে মানা হয়। রামায়ণে মহাগুরুত্বপূর্ণ এই স্থানদুটিকে জুড়ে যে রেলযাত্রা, তার উদ্বোধন করবেন দুই দেশের প্রধানমন্ত্রী, সেটাও রাজনৈতিকমহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ প্রধানমন্ত্রী হয়ে চিনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন বলেন্দ্র, এমনটা আগেই শোনা গিয়েছিল। তবে প্রথমে আপত্তি করলেও পরে ভারতের সঙ্গেও সুসম্পর্ক তৈরিতে উদ্যোগী হন তিনি। যেহেতু ভারত এবং নেপাল দুই দেশেই রামায়ণ সমানভাবে সমাদৃত, সেকারণেই বলেন্দ্রর সফরে এই রেল পরিষেবার সূচনা যথেষ্ট গুরুত্বপূর্ণ।
নেপালের প্রধানমন্ত্রী হিসাবে প্রথম সফরে ভারতে আসার নজির সাম্প্রতিক অতীতে নেই। এর আগে পুষ্পকমল দাহাল প্রচণ্ড মসনদে বসে সবার আগে চিনেই গিয়েছিলেন। তার আগে ঝালানাথ খানাল বেছে নেন তুরস্ক। শের বাহাদুর দেউবা গিয়েছিলেন ব্রিটেনে। আবার কেপি শর্মা ওলি প্রথমে ভারতকে বাছলেও পরে চিনকেই বেছে নিয়েছিলেন। পূর্বসূরিদের পথে না চলে বলেন্দ্র আসছেন ভারতেই। আগামী ২২ নভেম্বর ভারতে আসবেন তিনি। তিন থেকে চারদিন থাকতে পারেন ভারতে।
শেয়ার
লিংক



