অন্নপূর্ণা যোজনা না পেয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ! আগামী মাস থেকে টাকা ঢোকার আশ্বাস

SOBDIK NEWS: নভেম্বর মাসে অন্নপূর্ণা যোজনা নিয়ে দিকে দিকে বিক্ষোভ। এবার মহিলাদের বিক্ষোভে উত্তাল হিলি (Hili) থানার বিনশিরা গ্রাম পঞ্চায়েত। সেই গ্রাম পঞ্চায়েতের তিনটি গ্রামে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) টাকা না পাওয়ার অভিযোগে ক্ষোভে ফেঁটে পড়েন মহিলারা। স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান তারা।
অন্নপূর্ণার টাকা না পেয়ে বিক্ষোভ মহিলাদের | Annapurna Yojana
সূত্রের খবর, মঙ্গলবার সকালে হিলি থানার নওপাড়া, পূর্ব কৃষ্ণপুর ও চকবলরাম গ্রামে অন্নপূর্ণা যোজনায় বঞ্চনার অভিযোগ তুলে প্রতিবাদে নামেন শতাধিক মহিলা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা লাগিয়ে চলে বিক্ষোভ। এর জেরে কেন্দ্রগুলির স্বাভাবিক পঠনপাঠন ও কাজকর্ম ব্যাহত হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
বিক্ষোভকারী মহিলাদের আশ্বস্ত করা হয় প্রশাসন তরফে। পুলিশ ও ব্লক প্রশাসনের হস্তক্ষেপে গোটা পরিস্থিতি আয়ত্তে আসে। দুপুরে গ্রামগুলি থেকে বহু মহিলা হিলি থানায় জড়ো হন। বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠকে বসেন হিলি থানার পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা।
আরও পড়ুন: জেলমুক্তির পরেই জোর ঝটকা! সন্দীপ ঘোষকে হেফাজতে চেয়ে আদালতের দ্বারস্থ ED
বৈঠক থেকে আন্দোলনকারীদের আশ্বাস দেওয়া হয় যে, আগামী মাস থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা মিলবে। উল্লেখ্য, রাজ্যের দেড় কোটিরও অনেক বেশি উপভোক্তা এই অন্নপূর্ণা যোজনা প্রকল্পে জুড়লেও এখনও অনেক মহিলা বঞ্চনার অভিযোগ তুলছেন। মাসের পর মাস সরকারি অফিসে ধর্না দিয়েও অন্নপূর্ণা যোজনার ভাতা মেলেনি বলে অভিযোগ তুলছেন তারা।
সম্প্রতি, অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) সুবিধা না পেয়ে বড়ঞার বিধায়ক সুখেনকুমার বাগদির বাড়ি ও কার্যালয়ে চলে যান মহিলারা। বিধায়কের বাড়ি ও কার্যালয়ে দুই জায়গাতেই প্রতিদিন কয়েকশো করে মহিলা অভিযোগ জানাতে হাজির হচ্ছেন বলে সূত্রের খবর। কেবল বড়ঞা বা হিলি নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে এই প্রকল্পের সুবিধা না পেয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন বঞ্চিতরা।



