0%

১৭ বছরের ব্যর্থতা, কিউয়িভূমের ইতিহাস বদলাতে কেমন প্রথম একাদশ সাজাবেন গম্ভীর-গিল জুটি?

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে পর্যুদস্ত হতে হয়েছিল। কিউয়ি বাহিনীর কাছে ০-৩ হার, ভারতীয় দলের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক অধ্যায়গুলির মধ্যে অন্যতম। দু’বছর পর ফের টেস্ট সিরিজে মুখোমুখি দুই দল। শুভমান গিলদের সামনে এখনও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে। তবে তার জন্য নিউজিল্যান্ড সিরিজ ২-০ ফলে জেতাটা অত্যন্ত জরুরি। সেই কঠিন লক্ষ্যে বৃহস্পতিবার নামছে টিম ইন্ডিয়া।

কিউয়িদের ঘরের মাঠে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স একেবারেই আশাপ্রদ নয়। শেষবার নিউজিল্যান্ড সফরে সিরিজ জয় ২০০৯ সালে। সেবার জয়ের অন্যতম কারিগর ছিলেন গৌতম গম্ভীর। এবার ভারতীয় দলের কোচ তিনি। ঘরের মাঠে ভারত যখন নিউজিল্যান্ডের কাছে ০-৩ সিরিজ হারে, তখনও গম্ভীরই ছিলেন কোচের হটসিটে। একে কঠিন বিদেশ সফর, তার উপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপ ফাইনালের কঠিন অঙ্ক। আপাতত ভারতের সামনে রয়েছে সাতটি টেস্ট। তারমধ্যে ৬টা জিততেই হবে।

টেস্ট সিরিজে ফিরছেন জশপ্রীত বুমরাহ। যা স্বস্তি দেবে দলকে। টেস্ট সিরিজ শুরুর আগে সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক গিল বলেছেন, “আমরা চার পেসার নিয়ে খেলব। আমাদের সব পেসাররা ভালো খেলছে। সেটা আমাদের জন্য মাথাব্যথা তো বটেই, তবে সেটা ভালোই। ওয়ানডে সিরিজে পেসাররা ভালো খেলেছে। তবে শেষ পর্যন্ত আমাদের কম্বিনেশন কী হবে, তা এখনও ঠিক হয়নি।” ওয়ানডে সিরিজে গুর্নুর ব্রার, অংশুল কাম্বোজরা ভালো পারফর্ম করেছেন। শেষ ম্যাচে সুযোগ পাওয়া মহম্মদ সিরাজও নিজের জাত চিনিয়েছেন।

কেমন হতে পারে কিউয়িদের বিরুদ্ধে প্রথম একাদশ? প্রথম টেস্টে চার পেসারের মধ্যে থাকতে পারেন জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, অংশুল কম্বোজ ও প্রসিদ্ধ কৃষ্ণ। আবার শেষ দু’জনের বদলে গুর্নুরকেও খেলানো হতে পারে। কিন্তু ব্যাটিং লাইনআপ কী হবে? গিলের কথায়, “আমাদের হাতে সাতজন ব্যাটার আছে। আট ও নয় নম্বরে অংশুল ও আকাশকে খেলাতে পারি। দু’জনেই কমবেশি ব্যাট করতে পারে। নীতীশও ব্যাট করে। বল পুরনো হলে কী হবে, সেটাও আমাদের ভাবতে হবে। তাছাড়া মনে হচ্ছে, তৃতীয় দিন থেকে পিচ ফ্ল্যাট হয়ে যাবে। তাই এমন কাউকে দরকার যে পিচে বল ফেলে বাউন্স পায়।” ঋষভ পন্থের ফিটনেস নিয়ে সামান্য দুশ্চিন্তা থাকলেও গিল জানিয়েছেন যে তিনি খেলবেন। কিউয়ি সফরের ধারাবাহিক হতাশা কি কাটাতে পারবেন গিলরা?

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker