0%

এবার এক বাসেই বেলুড় মঠ থেকে কামারপুকুর-জয়রামবাটি! চালু AC ভলভো, ভাড়া কত?

SOBDIK NEWS: বাংলার তিন পুণ্যভূমি বেলুড় মঠ থেকে কামারপুকুর কিংবা জয়রামবাটি যেতে হলে এতদিন আলাদা পরিবহণের উপর নির্ভর করতে হত যাত্রীদের। সেই অসুবিধা কমাতেই এবার নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার। WBTC-র অধীনে চালু হল একটি শীতাতপ নিয়ন্ত্রিত ভলভো বাস (Bus Service) , যার মাধ্যমে একই যাত্রাপথে পৌঁছে যাওয়া যাবে তিনটি ধর্মীয় স্থানে। ফলে তীর্থযাত্রীদের পাশাপাশি সাধারণ পর্যটকদের কাছেও এই পরিষেবা বিশেষ সুবিধাজনক হতে চলেছে।

বেলুড় মঠ থেকে কামারপুকুর বা জয়রামবাটি বাস পরিষেবা (Bus Service)

নতুন বাসটির উদ্বোধন করেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। হুগলি নদীর পশ্চিম পাড়ের বেলুড় মঠ থেকে যাত্রা শুরু করে বাসটি পৌঁছবে কামারপুকুরে। সেখান থেকে শেষ গন্তব্য জয়রামবাটি। উল্লেখ্য, বেলুড় মঠ স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত এক গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্র। অন্যদিকে কামারপুকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান এবং জয়রামবাটি মা সারদার জন্মভিটে। ফলে এই রুটে বাস চালু হওয়ায় বাংলার ধর্মীয় পর্যটন মানচিত্রে যোগাযোগের নতুন সংযোগ তৈরি হল।

ACT-11 নম্বরের বাসটি বেলুড় মঠ বাসস্ট্যান্ড থেকে ছাড়বে। যাত্রাপথে প্রথমে ডানকুনি, তারপর চাঁপাডাঙা ও আরামবাগ অতিক্রম করবে। এরপর পৌঁছবে কামারপুকুরে। সেখান থেকে জয়রামবাটির উদ্দেশে রওনা দেবে। অর্থাৎ যাত্রীরা একটি বাসেই ধারাবাহিকভাবে এই তিনটি গুরুত্বপূর্ণ গন্তব্যে যাওয়ার সুযোগ পাবেন।

আরও পড়ুন : দুই শ্রেণিতে ভাগ করে দেওয়া হবে যুবশক্তি প্রকল্পের টাকা! বেকারভাতা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পরিবহণ দপ্তরের নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ৫টা ৪৫ মিনিটে বেলুড় মঠ থেকে যাত্রা শুরু করবে বাসটি। জয়রামবাটিতে পৌঁছনোর সম্ভাব্য সময় বিকেল ৩টে ৪৫ মিনিট। দীর্ঘ পথের কথা মাথায় রেখে বাসে রাখা হয়েছে আধুনিক সুযোগ-সুবিধা। যাত্রীদের জন্য থাকছে আরামদায়ক আসন এবং বায়ো-টয়লেট। ফলে দীর্ঘক্ষণ যাত্রার সময়েও প্রয়োজনীয় পরিষেবা পাবেন যাত্রীরা।

প্রাথমিক হিসাব অনুযায়ী, যাত্রাপথের দূরত্ব অনুসারে ভাড়া ৪০ টাকা থেকে শুরু হয়ে ২৪০-২৫০ টাকা পর্যন্ত হতে পারে। চূড়ান্ত ভাড়ার তালিকা প্রকাশের পরই বিষয়টি স্পষ্ট হবে। পরিবহণমন্ত্রী বলেন, “আমরা যেটা চালাবো, সেটা বন্ধ হবে না। বাংলার বাস বন্ধ হবে না, বাংলা চলবে। এই পরিষেবা যখন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিবহণ মন্ত্রী ছিলেন, তখন চালু হয়েছিল। মাঝে বন্ধ হয়ে গিয়েছিল। এ বার আর বন্ধ হবে না। আজ জগদ্ধাত্রী পুজোর পুণ্য দিনে, পুণ্য কাজের জন্য এখানে উপস্থিত হয়েছি।”

রাজ্যের পরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে আগামী দিনে অন্যান্য রুটেও সরকারি বাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। সেই লক্ষ্যেই আরও ৩০টি নতুন সরকারি ভলভো বাস আনার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই রুটের ফলে শুধু তিনটি তীর্থস্থানের মধ্যে যাতায়াতই সহজ হবে না, সংশ্লিষ্ট এলাকার পর্যটনেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker