সোনিয়ার স্মৃতিকথা ঘিরে মহারাষ্ট্রে তোলপাড়, বইয়ের পাতা ছিঁড়ে প্রতিবাদ শিবসেনার

মুম্বই: সোনিয়া গান্ধীর স্মৃতিকথায় বিনায়ক দামোদর সাভারকর সম্পর্কে লেখা কয়েকটি মন্তব্য ঘিরে মহারাষ্ট্রে রাজনৈতিক তরজা তুঙ্গে। প্রতিবাদে বুধবার বইয়ের পাতা ছিঁড়ে বিক্ষোভ দেখাল একনাথ শিন্ডের…
মুম্বই: সোনিয়া গান্ধীর স্মৃতিকথায় বিনায়ক দামোদর সাভারকর সম্পর্কে লেখা কয়েকটি মন্তব্য ঘিরে মহারাষ্ট্রে রাজনৈতিক তরজা তুঙ্গে। প্রতিবাদে বুধবার বইয়ের পাতা ছিঁড়ে বিক্ষোভ দেখাল একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা। শুধু প্রতিবাদেই থামেননি তারা। প্রকাশককে বিতর্কিত অংশ সংশোধন করতে হবে এবং তার আগে মহারাষ্ট্রে বইটির বিক্রি ও প্রচার বন্ধ রাখতে হবে বলেও দাবি তুলেছে তারা৷
সোনিয়া গান্ধীর লেখা বই Belonging: A Journey of Love–এর ২০১ ও ৪৪৩ নম্বর পাতার বক্তব্য নিয়ে আপত্তি শিন্ডে-শিবসেনার। তাদের অভিযোগ, ওই অংশে সাভারকর এবং হিন্দুত্বের ভাবধারা সম্পর্কে এমন মন্তব্য করা হয়েছে, যা স্বাধীনতা সংগ্রামীকে অসম্মান করার পাশাপাশি মারাঠি ভাবাবেগেও আঘাত করেছে। বিক্ষোভে অংশ নেন শিবসেনা নেতা সঞ্জয় নিরুপম, শাইনা এনসি, আনন্দ দুবে-সহ দলের একাধিক নেতা।
বইয়ের কোন বক্তব্য নিয়ে আপত্তি?
স্মৃতিকথার ২০১ নম্বর পাতায় কংগ্রেসের স্বাধীনতা সংগ্রামীদের ব্রিটিশ শাসকদের হাতে নির্যাতন ও কারাবাসের প্রসঙ্গের সঙ্গে সাভারকরের নাম উল্লেখ করেছেন সোনিয়া। সেখানে তাঁর বক্তব্য, কংগ্রেসের নেতারা যখন ব্রিটিশদের অত্যাচারের মুখে পড়ছিলেন, তখন সাভারকরের মতো আরএসএসের প্রবীণ মতাদর্শীরা ঔপনিবেশিক শাসকদের কাছে ক্ষমাভিক্ষার আবেদন লিখছিলেন। ব্রিটিশ প্রশাসনকে তথ্য দিয়ে সাহায্য করার অভিযোগও ওই অংশে রয়েছে।
৪৪৩ নম্বর পাতায় হিন্দুত্বের মতাদর্শের প্রতিষ্ঠাতা হিসেবে সাভারকরের উল্লেখ করা হয়েছে। বইয়ের বক্তব্য অনুযায়ী, সেই রাজনৈতিক দর্শনে ভারতকে এমন এক রাষ্ট্র হিসেবে দেখা হয়, যেখানে হিন্দুদের প্রাধান্য থাকবে। সংবিধানে নাগরিকদের অধিকার ও রাষ্ট্রের কাঠামো সম্পর্কে যে ধারণা রয়েছে, তার সঙ্গেও এই ভাবনার বিরোধ রয়েছে বলে মন্তব্য করা হয়েছে।
শিবসেনার নেতা সঞ্জয় নিরুপম এই লেখার তীব্র বিরোধিতা করেছেন। সোনিয়ার বইয়ের নামের সঙ্গে ব্যঙ্গ জুড়ে দিয়ে তিনি সেটিকে ‘Belonging: A Journey of Hate’ বলে কটাক্ষ করেন। নিরুপমের অভিযোগ, সাভারকরকে নিয়ে মন্তব্যের মাধ্যমে দেশের স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করা হয়েছে। প্রতিবাদের অংশ হিসেবেই বইয়ের আপত্তিকর অংশের পাতা ছিঁড়ে ফেলা হয়েছে বলে জানান তিনি।
নিরুপমের তরফে তিনটি দাবি সামনে আনা হয়েছে। প্রথমত, প্রকাশক হার্পারকলিন্সকে বইটি প্রত্যাহার করে বিতর্কিত অংশ বাদ দিতে হবে। দ্বিতীয়ত, সংশোধন না হওয়া পর্যন্ত মহারাষ্ট্রে বইটির প্রচার ও বিক্রি বন্ধ রাখতে হবে। তৃতীয়ত, এই ইস্যুতে বিভিন্ন অনলাইন মঞ্চেও প্রতিবাদ ছড়িয়ে দেওয়া হবে।
শাইনা এনসিও সাভারকরকে নিয়ে লেখার বিরোধিতা করেছেন। তাঁর বক্তব্য, শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরে সাভারকরকে হিন্দুত্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক বলে মনে করতেন। সোনিয়া গান্ধীর নাগরিকত্ব গ্রহণের প্রক্রিয়া এবং সাভারকরের দীর্ঘ কারাবাসের প্রসঙ্গ টেনে শাইনা প্রশ্ন তোলেন, স্বাধীনতা সংগ্রামীর অবদান নিয়ে মন্তব্য করার অধিকার তাঁর কতটা রয়েছে। লেখালেখি করা যেতে পারে, কিন্তু ইতিহাসকে নতুন করে সাজানোর চেষ্টা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বইয়ের ২০১ ও ৪৪৩ নম্বর পাতা বাদ দেওয়ার দাবিও জানান শাইনা।
বিজেপি বিধায়ক রাম লাডামও বইয়ের বক্তব্যের সমালোচনা করেছেন। তাঁর প্রশ্ন, এটি কি সোনিয়ার আত্মজীবনী, নাকি ব্যক্তিগত ক্ষোভের বিবরণ? সাভারকরের আন্দামানের সেলুলার জেলে বন্দিজীবন এবং মুক্তির পরেও দীর্ঘদিন বিধিনিষেধের মধ্যে থাকার প্রসঙ্গ তুলে ধরেন তিনি।
প্রতিবাদের সময় শিবসেনার পুরনো একটি ঘটনার কথাও সামনে আনা হয়। ২০০৪ সালে সাভারকরকে নিয়ে তৎকালীন কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ারের মন্তব্যের প্রতিবাদে মুম্বইয়ের শিবাজি পার্কে তাঁর কুশপুতুলে চটি মেরেছিলেন বালাসাহেব ঠাকরে। তবে বর্তমান বিক্ষোভে বইয়ের পাতা ছেঁড়ার সময় শাইনা এনসির হাতে থাকা বালাসাহেবের একটি ছবিও ছিঁড়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উদ্ধব ঠাকরেকেও নিশানা
এই বিক্ষোভের মঞ্চ থেকে উদ্ধব ঠাকরের বিরুদ্ধেও সরব হয়েছে শিন্ডে-শিবসেনা। সোনিয়া গান্ধীর বইয়ের একটি কপি উদ্ধব গ্রহণ করেছিলেন বলে অভিযোগ তুলে নিরুপম প্রশ্ন করেন, সাভারকরকে নিয়ে এমন মন্তব্যের পরেও তিনি কেন প্রতিবাদ করছেন না? অতীতে মণিশঙ্কর আইয়ারের বিরুদ্ধে বালাসাহেব যে ভাবে সরব হয়েছিলেন, উদ্ধবও কি সোনিয়ার বিরুদ্ধে একই অবস্থান নেবেন, সেই প্রশ্ন তুলেছে শিন্ডে শিবির।
আরও পড়ুন-
বুলডোজারে গুঁড়িয়ে যাবে দাউদের ডেরা! মুম্বইয়ের পাকমোড়িয়া স্ট্রিটে শেষ হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের ইতিহাস
‘বাংলাদেশের অন্যায্য দাবি মানা হবে না!’ তারেককে পাল্টা বার্তা ভারতের



