0%

ফ্রি বাস পরিষেবার অপব্যবহার করলে ৩ মাসের জন্য ব্যান! অ্যাকাউন্ট বন্ধের হুঁশিয়ারি পরিবহণমন্ত্রীর

SOBDIK NEWS: রাজ্যের মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা (Free Bus Service) চালু করেছে শুভেন্দু অধিকারীর সরকার। সাধারণ বাসের পাশাপাশি দূরপাল্লার বাসেও এই সুবিধা পাওয়া যায়। তবে সম্প্রতি এক শ্রেণির যাত্রীরা সেই পরিষেবার অপব্যবহার করছেন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে পরিবহণমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh) স্পষ্ট জানালেন, যেসব যাত্রীরা এই ধরণের কাজ করছেন, তাঁদের চিহ্নিত করে বুকিং বন্ধ করা হবে।

ফ্রি বাস পরিষেবার অপব্যবহারে ৩ মাস অ্যাকাউন্ট ব্যান | (Free Bus Service)

সম্প্রতি বিশেষত সরকারি দূরপাল্লার বাসে দেখা গিয়েছে, অনেকে অনলাইনে টিকিট বুক করলেও শেষ মুহূর্তে যাচ্ছে না। বাস ছাড়ার সময় দেখা যাচ্ছে অধিকাংশ সিট ফাঁকা। এদিকে আসন না পেয়ে সমস্যায় পড়ছেন অন্যান্য বহু যাত্রী। এই সমস্যা দূর করতে কড়া পদক্ষেপ নিতে চলেছে পরিবহণ দফতর।

পরিবহণমন্ত্রী বলেন, “কায়দা করে কিছু লোক সরকারের এই সুবিধার অপব্যবহার করার চেষ্টা করছে। বুকিং করার পরেও গাড়িতে উঠছেন না। অনেকসময় ৩০ থেকে ৩৫টি আসন মহিলাদের নামে বুকিং হচ্ছে। তবে পুরোটাই খালি যাচ্ছে।“

আরও পড়ুনঃ পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে CBI স্ক্যানারে সুজিত বসু! বড় আবেদন মঞ্জুর করল আদালত

একটি উদাহরণ দিয়ে অর্জুন বলেন, করুণাময়ী থেকে কৃষ্ণনগর অবধি সরকারি বাসে দেখা গিয়েছে মাত্র ৯ জন যাত্রী যাচ্ছেন। এদিকে সব আসন বুক হয়ে গিয়েছে দেখাচ্ছে। যেসব যাত্রী এমন করছেন, তাঁদের চিহ্নিত করে ৩ মাসের জন্য ব্যান করে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

সূত্রের খবর, এই চিহ্নিতকরণের জন্য পরিবহণ নিগমগুলি বিশেষ সফটওয়্যারের সাহায্য নিতে পারে। সফটওয়্যারের মাধ্যমে দেখা হবে কোন নম্বর থেকে ফ্রি টিকিট কাটা হচ্ছে। কোন নম্বরগুলি থেকে টিকিট কাটার পরেও যাত্রীরা বাসে উঠছেন না সেটাও দেখা হবে।

সূত্র মারফত জানা গিয়েছে, বারবার যদি এমন হয় বা কোনও অসঙ্গতি ধরা পড়ে, তাহলে সংশ্লিষ্ট নম্বর চিহ্নিত করে ব্লক করে দেওয়া হবে। ওই নম্বরের মাধ্যমে যাতে আর টিকিট বুক করা না যায়, সেই জন্যই এমন পদক্ষেপের কথা ভাবা হচ্ছে।

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেই সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি করে দেওয়া হয়েছে। তবে এক শ্রেণির যাত্রীরা এই ফ্রি বাস পরিষেবার অপব্যবহার করছেন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে তাঁদের চিহ্নিত করে ব্যান করার পথে হাঁটতে চলেছে পরিবহণ দফতর।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker