মাত্র ৪৪ বলে সেঞ্চুরি! বৈভবের ‘বিকল্প’ বিস্ময় কিশোরকে নিয়ে কাড়াকাড়ি হতে পারে আইপিএলে

বৈভব সূর্যবংশীর মতো সে-ও বাঁহাতি। কিশোর বয়সেই টি-টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি করে শোরগোল ফেলে দিয়েছে। ৫৬ বলে ১১৯ রানের বিধ্বংসী ইনিংস এসেছে তার ব্যাট থেকে। বুধবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ওড়িশার বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তুলল ছত্তিশগড়ের অধিনায়ক বিকল্প তিওয়ারি। তার এই ইনিংসের সৌজন্যে ওড়িশাকে ৫১ রানে হারিয়ে দিল ছত্তিশগড়। টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে কম বলে সেঞ্চুরি করার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল বিকল্প। এ হেন ইনিংসের পর অনেকেই তাকে বৈভবের পর আরও এক ‘বিস্ময়’ বলছেন। পরের মাসেই আইপিএল নিলাম। ফ্র্যাঞ্চাইজিগুলি তার দিকে নজর দিতেই পারে।
কম বয়সে দ্রুততম সেঞ্চুরির এই তালিকায় বিকল্পের আগে রয়েছে একমাত্র বৈভব সূর্যবংশী। কলকাতার মাঠে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ১৭ বছরের বিকল্প। সৈয়দ মুস্তাক আলি ট্রফির এলিট গ্রুপ ‘ডি’-র ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৮ রান তোলে ছত্তিশগড়। দুই ওপেনার আয়ুষ পাণ্ডে (৪) এবং আমনদীপ খারে (৮) দ্রুত ফিরে গেলেও দলকে সামলায় অধিনায়ক বিকল্প। তৃতীয় উইকেটে দেব আদিত্য সিংয়ের সঙ্গে ৭২ রানের জুটি গড়ে সে। দেব করেন ২৯ রান। এর পর অজয় যাদব মণ্ডলের সঙ্গে চতুর্থ উইকেটে আরও ১১২ রান যোগ করেন বিকল্প। অজয় ২৫ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল তিনটি চার ও চারটি ছক্কা। দুই জুটিতেই ছত্তিশগড়ের ইনিংসকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক।
17-year-old Vikalp Tiwari, captain of Chhattisgarh, smashes yet another quickfire fifty, scoring off just 19 balls against Odisha in the SMAT! 🔥 https://t.co/bLmP1ZvDMP
— Abhiyank Choudhary (@AbhiChoudhary_7) November 18, 2026
ব্যাট হাতে এদিন কার্যত বিধ্বংসী মেজাজে ছিল বিকল্প। মাত্র ১৯ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করে সে। এর পর মাত্র ৪৪ বলেই পৌঁছে যায় তিন অঙ্কের রানে। শেষ পর্যন্ত চোটের কারণে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ৫৬ বলে ১১৯ রানের ইনিংসে ছিল ১৮টি চার ও তিনটি ছক্কা। স্ট্রাইক রেট ২১২.৫০। ইনিংসের ষষ্ঠ ওভারে পরপর পাঁচটি বলে বাউন্ডারিও মারে সে। ২২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য বিশেষ সুবিধা করতে পারেনি ওড়িশা। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৭ রানেই থেমে যায় তারা। ফলে ৫১ রানে জয় পায় ছত্তিশগড়। বল হাতে ৩ ওভারে ২৯ রান দিয়ে ৩টি উইকেট নেন জয়ন্ত যাদব। দেব আদিত্য সিং এবং সৌরভ মজুমদার পান দু’টি করে উইকেট। বিকল্প দু’ওভারে ২৬ রান দিলেও উইকেট পায়নি। তবে কার্তিক বিসওয়াল (৫৭) এবং শুভ্রাংশু সেনাপতি (৩১)-কে ওড়িশার এই ব্যাটারকে ক্যাচ নিয়ে ফেরায় সে।
১৪ নভেম্বর ইডেন গার্ডেন্সে উত্তরাখণ্ডের বিরুদ্ধে ছত্তিশগড়ের অধিনায়ক হিসেবে অভিষেক হয় তাঁর। সেই ম্যাচেই মাত্র ১৭ বলে ৫০ রান করেছিলেন তিনি। আটটি চার ও দু’টি ছক্কায় সাজানো সেই ইনিংসে স্ট্রাইক রেট ছিল ২৯৪.১২। বিকল্পের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে সেই ম্যাচেও জয় পেয়েছিল ছত্তিশগড়। যদিও ১৬ নভেম্বর হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম বলেই আউট হয়ে যায় সে। তবে এক ম্যাচের ব্যর্থতা যে তাকে দমিয়ে রাখতে পারেনি, ওড়িশার বিরুদ্ধে সেঞ্চুরিতেই তা বুঝিয়ে দিল বিকল্প। তাঁর এই পারফরম্যান্স ইতিমধ্যেই আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজির নজর কেড়েছে। কেকেআর-ও তার কথা ভাবতে পারে। এমন একজন প্রতিভা দলে এলে লাভবান হবে কলকাতা। যদিও সম্প্রতি শেষ হওয়া অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দলে অবশ্য জায়গা হয়নি তাঁর। সেন্টার অফ এক্সেলেন্স এমন ক্রিকেটারদের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, যাঁদের পরবর্তী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলার বয়স থাকবে না। কিন্তু সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পরপর নজরকাড়া পারফরম্যান্সের পর নতুন করে আলোচনায় উঠে এসেছেন বিকল্প।
শেয়ার
লিংক



