0%

প্রথমবার এক ফ্রেমে তিন মহাশক্তি! ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের করমর্দন, বিরল দৃশ্যের সাক্ষী বিশ্ব

বিশ্বের তিন মহাশক্তি আমেরিকা, রাশিয়া ও চিনের বন্ধুত্ব দিবাস্বপ্ন। যদিও বুধবার চিনের শেনঝেনে রেড কার্পেটে দেখা গেল এক বিরল দৃশ্য— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং হাসি মুখে একে অপরের সঙ্গে করমর্দন করলেন। এই প্রথম তিন মহাশক্তিধর দেশের যুযুধান রাষ্ট্রপ্রধানদের এক ফ্রেমে। নেপথ্যে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) শীর্ষ সম্মেলন। এদিন জিনপিং এবং তাঁর স্ত্রী পেং লিউয়ানের এক জমকালো ভোজসভার আয়োজন করেন। ঠিক তার আগে বিরল দৃশ্যের সাক্ষী হল গোটা বিশ্ব। প্রশ্ন উঠছে, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের হারের পর কি বদলাতে চলেছে বৈশ্বিক কূটনীতির অঙ্ক? নাকি বরাবরের মতো রাঘববোয়াল চাপে মরবে ছোট দেশগুলি! 

সমাজমাধ্যম টেলিগ্রামে চমকে দেওয়া ভিডিওটি পোস্ট করেছে ‘ক্রেমলিন পুল টিম’। সেখানে দেখা গিয়েছে, তিন রাষ্ট্রনেতা যখন একসঙ্গে ছবির তোলার প্রস্তুতি নিচ্ছেন, তখন লাল গালিচার ওপর দিয়ে ট্রাম্প ও জিনপিংয়ের দিকে এগিয়ে যাচ্ছেন পুতিন। এরপরই ট্রাম্প ও পুতিন করমর্দন করে কুশল বিনিময় করেন। এক সময় একে অপরের কাঁধেও হাত রাখেন। অন্যদিকে ট্রাম্প ও জিনপিংয়ের স্ত্রীকেও একসঙ্গে দেখা যায়। খানিক বাদে পুতিন তাঁদের সঙ্গে আলাপ করেন। উল্লেখ্য, বৃহস্পতিবার শেনঝেনের মাটিতে বিরল তথা গুরুত্বপূর্ণ ত্রিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে।

এর আগে ট্রাম্পকে স্বাগত জানিয়ে জিনপিং বলেন, “চিন এবং আমেরিকার মধ্যে একটি গঠনমূলক ও কৌশলগতভাবে স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলতে আমি আগ্রহী। দু’দেশের কূটনৈতিক সম্পর্ক, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য অপেক্ষায় আছি। আমাদের লক্ষ্য হল –পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে দুই দেশের মধ্যে একটি গঠনমূলক ও কৌশলগতভাবে স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলা।” অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, বৃহস্পতিবার জিনপিং ও পুতিনের সঙ্গে তাঁর আলোচনায় ইরান ও ইউক্রেন যুদ্ধ উঠে আসবে। শুধু তাই নয়, পরমাণু অস্ত্র নিয়েও কথা হবে।

উল্লেখ্য, এই প্রথমবার বিশ্বের তিন শক্তিশালী শাসক একসঙ্গে আলোচনার টেবিলে বসতে চলেছেন। চিনের তরফে জানানো হয়েছে, বিশ্বশান্তি রক্ষা এবং বড় শক্তিগুলির সম্পর্কের কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে তিন নেতা মতবিনিময় করবেন। তবে কূটনৈতিক মহলের মতে, অতীতের মতো এবারও ছোট দেশগুলির ভবিষ্যৎ নির্ধারিত হতে চলেছে এই বৈঠকেই। যুদ্ধ থামানোর নামে ‘গ্লোবাল সাউথে’র দেশগুলির উপর চাপিয়ে দেওয়া হতে পারে নিজেদের নীতি।

ওয়াকিবহাল মহলের মতে, আলোচনায় বসতে চলা তিন নেতার স্বার্থ তিনরকম হলেও, একটি বিষয়ে এঁরা সকলেই একমত। তা হল, ‘গ্রেট পাওয়ার পলিসি’। ট্রাম্প বরাবরই বিশ্বরাজনীতিকে ব্যবসায়িক চুক্তি হিসেবে দেখেন। ইউক্রেন যুদ্ধ, গাজা, তাইওয়ান সব জায়গায় তাঁর সূত্র একটাই, বড় শক্তিগুলি নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিলেই শান্তি। ছোট দেশগুলির মতামত সেখানে গৌণ। পুতিন দীর্ঘদিন ধরেই বলছেন প্রাক্তন সোভিয়েত এলাকা, বিশেষ করে ইউক্রেন, বেলারুশ, জর্জিয়া এটা রাশিয়ার ‘প্রভাব বলয়’। ন্যাটোর সম্প্রসারণকে তিনি রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখেন। অন্যদিকে জিনপিং চান নতুন বিশ্বব্যবস্থা। ‘আমেরিকা নির্ভর পৃথিবী’ এই ধারনার অবলুপ্তি। পাশাপাশি তাইওয়ান ও দক্ষিণ চিন সাগরকে নিজেদের অংশ বলে মনে করে চিন। তবে তিন দেশের মধ্যে ঐক্যমত এক জায়গায়। তা হল, কম শক্তিধর দেশগুলির বিষয়ে সিদ্ধান্ত নেবে সুপার পাওয়াররা। যদিও মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের তিন মহাশক্তির ত্রিপাক্ষিক বৈঠকে গুরুত্বপূর্ণ বাঁক আসতে পারে। সেক্ষেত্রে পুতিন ও জিনপিংয়ের কোর্টেই এখন বল।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker