‘আমার সঙ্গে পাল্লা দিতে ৪০০০ কিমি হাঁটুন’, বিদেশ থেকে মোদিকে চ্যালেঞ্জ রাহুলের, কী বলছে বিজেপি?

আমেরিকার মাটিতে দাঁড়িয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) চ্যালেঞ্জ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। বললেন, “আমার সঙ্গে পাল্লা দিতে ৪ হাজার কিলোমিটার হাঁটুন।” একইসঙ্গে লোকসভার বিরোধী দলনেতার খোঁচা, “কিন্তু আপনি যদি ৪ হাজার কিলোমিটার হাঁটেন, তাহলে আবার লোকে বলবে, আপনি আমাকে নকল করছেন।”
বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ভাষণ দিতে আমেরিকায় গিয়েছেন রাহুল। সেখানে দেশের অর্থনৈতিক সংকট ও অন্যান্য বিষয়ে এনডিএ সরকারকে তোপ দাগতে দেখা গিয়েছে তাঁকে। একইসঙ্গে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন তিনি। মঙ্গলবার নিউ ইয়র্কের বিশ্ব বিদ্যালয়ে দাঁড়িয়ে রাহুল বলেন, “একজন রাজনীতিবিদ হিসাবে মোদি নিজেও আসলে অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় নামেন না। গভীরভাবে ভেবে দেখলে বোঝা যায়, তিনি মৌলিকভাবেই অন্য সব রাজনীতিবিদদের থেকে আলাদা।” এরপরই কংগ্রেস সাংসদ তাঁর ৪ হাজার কিলোমিটার দীর্ঘ ‘ভারত জোড়ো যাত্রা’র প্রসঙ্গ তুলে ধরেন। মোদিকে চ্যালেঞ্জ করে বলেন, “আমার সঙ্গে পাল্লা দিতে হলে ৪ হাজার কিলোমিটার হাঁটুন। কিন্তু আবার সেরকম করলে, মানুষ বলবে, আপনি আমাকে নকল করছেন।” তবে রাহুল এ-ও জানিয়েছেন, মোদি একজন রাজনীতিবিদ হিসাবে নিজের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন।
অন্যদিকে, বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশের সমালোচনায় রাহুলকে তোপ দেগেছে বিজেপি। গেরুয়া শিবিরের মিডিয়া আহ্বায়ক আশিস উষা আগরওয়ালের অভিযোগ, কংগ্রেস সাংসদ বারবার বিদেশের মাটিতে ভারতকে নেতিবাচকভাবে তুলে ধরছেন। তিনি বলেন, “এটি তাঁর একটি নিত্যনৈমিত্তিক অভ্যাসে পরিণত হয়েছে। বিশ্ব যখন ভারতকে দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতিগুলির একটি হিসাবে স্বীকৃতি দিচ্ছে, তখন রাহুল বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশকে একটি অর্থনৈতিক বিপর্যয় হিসাবে তুলে ধরতে ব্যস্ত।” একইসঙ্গে রাহুলকে দেশবিরোধী বলেও আখ্যা দিয়েছে গেরুয়া শিবির।
শেয়ার
লিংক



