জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের বৈঠক, কৌশলগত ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা

টোকিও, ১৮ নভেম্বর: জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বুধবার টোকিওতে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দুই দেশের কৌশলগত অভিন্নতা এবং অর্থনৈতিক নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।
বৈঠকে জাপানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নগমা মালিক-সহ দুই দেশের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। ফুমিও কিশিদা বর্তমানে জাপান-ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের দায়িত্বেও রয়েছেন।
বৈঠকের পর সমাজমাধ্যম এক্সে জয়শঙ্কর লেখেন, “টোকিওতে আজ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জাপান-ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফুমিও কিশিদার সঙ্গে দেখা করে ভালো লাগল। আমাদের কৌশলগত অভিন্নতা এবং অর্থনৈতিক নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ কৌশলগত ও বৈশ্বিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞ।”
উল্লেখ্য, ২০২১ সালের ৪ অক্টোবর থেকে ২০২৪ সালের ১ অক্টোবর পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন ফুমিও কিশিদা।
বর্তমানে ভারত-জাপান বিদেশ ও প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের চতুর্থ ২+২ সংলাপে যোগ দিতে সরকারি সফরে জাপানে রয়েছেন জয়শঙ্কর। টোকিওতে অনুষ্ঠিত এই বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পাশাপাশি জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি এবং বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি সহ-সভাপতিত্ব করবেন।
প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, এই বৈঠকে দুই দেশ দ্বিপাক্ষিক কৌশলগত ও প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করবে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের মাধ্যমে অবাধ, উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং নিয়মভিত্তিক ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হবে।
আগস্ট মাসে নয়াদিল্লিতে এবং অক্টোবর মাসে সেবুতে অনুষ্ঠিত আসিয়ান প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের ফাঁকে দুই দেশের নেতাদের আলোচনার ধারাবাহিকতায় রাজনাথ সিং ও শিনজিরো কোইজুমি প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা, তিন বাহিনীর যৌথ মহড়ার পরিসর ও জটিলতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা শিল্পে অংশীদারিত্ব আরও গভীর করার বিষয়ে আলোচনা করবেন।
প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক আস্থা এবং কৌশলগত স্বার্থের ভিত্তিতে ভারত ও জাপানের মধ্যে বিশেষ কৌশলগত ও বৈশ্বিক অংশীদারিত্ব গড়ে উঠেছে। এই সফরের লক্ষ্য দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও মজবুত করা এবং ভবিষ্যতে যৌথ কার্যক্রম ও শিল্পক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির রূপরেখা তৈরি করা।



