0%

 ‘ইথা’ ছবির প্রস্তুতিতে শক্তি দিলেন শকুন্তলা, লাভণীর আবেগ বুঝতে সাহায্য করেছেন: শ্রদ্ধা কাপুর

মুম্বই, ১৮ নভেম্বর: আসন্ন ছবি ‘ইথা’-তে নিজের চরিত্রের প্রস্তুতি নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ছবিতে লাভণী নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয়ের জন্য কীভাবে নিজেকে প্রস্তুত করেছেন, সেই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। বিশেষ করে শকুন্তলার সঙ্গে তাঁর সাক্ষাৎ এবং কথোপকথন লাভণী নৃত্যের প্রকৃত আবেগ বুঝতে সাহায্য করেছে বলে জানিয়েছেন তিনি।

শ্রদ্ধার কথায়, লাভণী শুধু নাচের কিছু নির্দিষ্ট মুদ্রা বা শারীরিক ভঙ্গির মধ্যে সীমাবদ্ধ নয়। মুখের অভিব্যক্তির মাধ্যমে আবেগ প্রকাশ করাও এই নৃত্যশৈলীর অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। শকুন্তলা তাঁকে বুঝিয়েছেন, তামাশা শিল্পীদের জীবনের সুখ-দুঃখ তাঁদের পরিবেশনার মধ্য দিয়েই ফুটে ওঠে।

শকুন্তলার সঙ্গে কথোপকথনের স্মৃতিচারণ করে শ্রদ্ধা বলেন, “উনি বলেছিলেন, নাচ তো হবেই। তুমি পায়ে ঘুঙুর বেঁধে অনুশীলন করবে। কিন্তু মুখের অভিব্যক্তির মাধ্যমে তোমাকে যা প্রকাশ করতে হবে, সেটা আগে বুঝতে হবে।”

অভিনেত্রী জানান, ‘ইথা’ ছবিতে কাজ শুরু করার আগে লাভণী নৃত্য সম্পর্কে তাঁর বিশেষ কোনও ধারণা ছিল না। তাই এই নৃত্যশৈলী সম্পর্কে বিস্তারিত জানতে বিভিন্ন কর্মশালায় অংশ নেন তিনি। লাভণী ও তামাশা শিল্পীদের সঙ্গে কথা বলেন এবং শকুন্তলার কাছ থেকেও প্রশিক্ষণ ও পরামর্শ নেন।

ছবির জন্য প্রস্তুতির অংশ হিসেবে প্রতিটি পায়ে চার কেজি ওজনের ঘুঙুর বেঁধে অনুশীলন করতে হয়েছে তাঁকে। পরিচালক লক্ষ্মণ উতেকর এবং প্রযোজক দীনেশ ভিজানও পুরো প্রস্তুতি পর্বে তাঁকে সহযোগিতা করেছেন। এমনকী একটি গানের শুটিংয়ের সময় চোট পাওয়ার পরেও তাঁরা শ্রদ্ধার পাশে ছিলেন।

এর আগে আসন্ন ছবির ‘জি জি রে জি’ গানে লাভণী পরিবেশনার অভিজ্ঞতা নিয়েও কথা বলেছিলেন অভিনেত্রী।

শ্রদ্ধা বলেন, “‘ইথা’ হিসেবে ‘জি জি রে জি’ পরিবেশন করা আমার কাছে অত্যন্ত রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল। লাভণীর ছন্দ, অভিব্যক্তি, উদ্দীপনা এবং দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপনের মধ্যে এক অদ্ভুত আকর্ষণ রয়েছে। এই গানের মাধ্যমে একজন কিংবদন্তি শিল্পীর অসাধারণ জগতে প্রবেশ করতে পেরে আমি যেমন আনন্দিত, তেমনই কিছুটা ভীতও ছিলাম।”

লক্ষ্মণ উতেকর পরিচালিত ‘ইথা’ ছবিটি প্রযোজনা করেছেন দীনেশ ভিজান, লক্ষ্মণ উতেকর এবং করিশ্মা শর্মা। আগামী ৪ ডিসেম্বর, ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker