0%

২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনা দলে মেসি? অবসরের পরও এলএম১০-কে বিশেষ প্রস্তাব কোচ স্কালোনির

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ কি খেলা হয়ে গিয়েছে? প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে ফুটবল মহলে। তবে জাতীয় দলের সঙ্গে মেসির সম্পর্ক এখনই শেষ হয়ে যাক, চান না কোচ লিওনেল স্কালোনি। ভবিষ্যতে তাঁকে আর্জেন্টিনার কোচিং স্টাফে দেখতে চান তিনি। দলের কোচিং স্টাফে একটি জায়গা খালি হয়েছে। সেই জায়গায় মেসিকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্বজয়ী কোচ। কোচের এমন মন্তব্যের পর অনেকেই আশায় বুক বেঁধেছেন, মেসিকে হয়তো ফের আর্জেন্টিনার ডাগআউটে বসতে দেখা যাবে।

আর্জেন্টিনার কোচিং স্টাফের সদস্য ওয়াল্টার স্যামুয়েল দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। তাঁর জায়গাতেই মেসিকে চাইছেন স্কালোনি। আর্জেন্টিনার কোচ বলেন, “আমার বিশ্বাস, মেসি এখনও খেলা চালিয়ে যাবে। এমনকী ২০৩০ সালের পরেও ওকে মাঠে দেখা যেতে পারে। জাতীয় দলের হয়ে খেলার বিষয়ে ও আপাতত না বলেছে। তবে ফুটবলার হিসাবে যত দিন ও খেলতে চায়, আমি চাই সেটা চালিয়ে যাক। আর যদি আমাদের কোচিং স্টাফে যোগ দিতে চায়, তাহলেও কোনও আপত্তি নেই। ওয়াল্টারও এখন আর দলে নেই। ফলে মেসি আসতেই পারে।”

উরুগুয়ের বিরুদ্ধে আগের প্রদর্শনী ম্যাচে ১-২ গোলে হেরেছিল আর্জেন্টিনা। তবে পরের ম্যাচেই দুরন্ত প্রত্যাবর্তন। কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। জোড়া গোল করেছেন নিকো পাজ, জুলিয়ান আলভারেজ এবং ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। বাকি একটি গোল আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের। মেসির পর আর্জেন্টিনার গোলের দায়িত্ব কে সামলাবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। কোস্টারিকার বিরুদ্ধে বড় জয়ে সেই প্রশ্নের কিছুটা হলেও জবাব দিয়েছেন তরুণ ফুটবলার নিকো পাজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো।

দু’জনের পারফরম্যান্সে খুশি স্কালোনি। নিকোকে নিয়ে তাঁর মন্তব্য, “নিকো অসাধারণ খেলেছে। আগেও ওর কাছ থেকে এমন পারফরম্যান্স দেখেছি। ও প্রকৃত অর্থেই একজন ভালো ফুটবলার। দলের প্রয়োজনে ওকে ব্যবহার করা যায়। তবে ও এখনও অনেক তরুণ। তাই ওর দিকে আমাদের নজর রাখতে হবে। দলের পরিবেশের সঙ্গে যাতে সহজে মানিয়ে নিতে পারে, সেই চেষ্টাই করছি আমরা।”

মাস্তানতুয়োনোকে নিয়েও যথেষ্ট আশাবাদী আর্জেন্টিনার কোচ। তবে এখনই তাঁর উপর অতিরিক্ত প্রত্যাশার চাপ দিতে চান না স্কালোনি। তিনি বলেন, “ওকে সময় নিয়ে তৈরি করতে হবে। আমার পরামর্শ, ও যেন মাথা ঠান্ডা রেখে এগোয়। আমরা প্রত্যেকে ওর পাশে রয়েছি। ভবিষ্যতে ও অসাধারণ ফুটবলার হয়ে উঠতে পারে।” মেসি অবসর নিলেও আর্জেন্টিনার দরজা যে তাঁর জন্য সব সময় খোলা, স্কালোনির কথায় সেই ইঙ্গিতই পাওয়া গিয়েছে। তাই ২০৩০ সালে ‘লা আলবিসেলেস্তে’র কোচিং স্টাফে মেসিকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker