0%

‘গোটা দল জানত’, স্যান্ডপেপারগেট নিয়ে খোয়াজার পর এবার বিস্ফোরক ‘বলির পাঁঠা’ ব্যানক্রফট

কিছুদিন আগেই উসমান খোয়াজা দাবি করেছিলেন, বল বিকৃতির ঘটনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের প্রায় সকলেই জানতেন। অথচ ঘটনার দায় চাপানো হয়েছিল ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ এবং ক্যামেরন ব্যানক্রফটের উপরেই। যা নিয়ে তোলপাড় হয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট। এবার সেই ব্যানক্রফট মুখ খুললেন। এবার প্রাক্তন অজি ওপেনারেরও অভিযোগ, স্যান্ডপেপার ব্যবহারের কথা দলের প্রত্যেকেই জানতেন। অথচ ক্যামেরায় ধরা পড়ার পর শেষ পর্যন্ত গোটা ঘটনার দায় তাঁর ঘাড়েই চাপানো হয়েছিল। তাঁর এই কথায় ফের তোলপাড় অজি ক্রিকেটে। 

‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’-এ প্রকাশিত এক দীর্ঘ কলামে ব্যানক্রফটের দাবি, অস্ট্রেলিয়ার একাধিক সিনিয়র ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে অবগত ছিলেন। প্রাথমিক তদন্তের সময় তিনি সম্পূর্ণ সত্য বলেননি বলেও স্বীকার করেছেন ৩৩ বছরের ক্রিকেটার। তাঁর দাবি, এবার বিস্তারিত বিবরণ সামনে আনতে চান। প্রশ্ন হল, কেন এত দিন পর মুখ খুললেন তিনি? অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের সাম্প্রতিক মন্তব্যই তাঁকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। গত সপ্তাহে কামিন্সের সাংবাদিক সম্মেলনের পর নিজেকে ‘ক্ষুব্ধ, বিশ্বাসঘাতকতার শিকার এবং একা’ বলে মনে হয়েছিল তাঁর।

‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’-এ প্রকাশিত এক দীর্ঘ কলামে ব্যানক্রফটের দাবি, অস্ট্রেলিয়ার একাধিক সিনিয়র ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে অবগত ছিলেন।

ব্যানক্রফট লিখেছেন, ‘আমার ক্রিকেটজীবন ধ্বংস হয়ে গিয়েছে। ২০১৯ সালে জাস্টিন ল্যাঙ্গার কোচ থাকাকালীন দেশের হয়ে শেষবার খেলেছি। অসম্পূর্ণ একটা ঘটনার বিবরণকে এত দিন আগলে রাখার চেয়ে সত্যিটা সামনে আনা এখন অনেক বেশি জরুরি বলে মনে হচ্ছে।’ এই ঘটনা নিয়ে মুখ খোলার পিছনে উসমান খোয়াজার বই ‘সবরে’রও ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন। তাঁর মতে, খোয়াজার সঙ্গে তাঁর বেশ কিছু স্মৃতি মিলে যাচ্ছে। ব্যানক্রফটের সংযোজন, ‘খোয়াজা যা বলেছেন, তার সমর্থনে আমার কাছে বেশ কিছু স্মৃতি রয়েছে।’

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বলের রিভার্স সুইং করানোর ক্ষেত্রে ডেভিড ওয়ার্নারই প্রধান ভূমিকা নিতেন বলে দাবি তাঁর। কিন্তু ডারবানে প্রথম টেস্ট জয়ের পর দলের মানসিকতায় বদল আসে। তাঁর অভিযোগ, সেই জয়ের পর অস্ট্রেলীয় দল কিছুটা ‘অহংকারী’ হয়ে উঠেছিল। পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টে বল রিভার্স সুইং করানোর জন্য স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। আলোচনায় ছিলেন প্রধান কোচ ড্যারেন লেম্যান এবং বোলিং কোচ ডেভিড সাকার। তবে স্টিভ স্মিথ এই পরিকল্পনা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিলেন বলেও জানিয়েছেন ব্যানক্রফট।

সিরিজে ওয়ার্নারের উপর টেলিভিশন ক্যামেরার কড়া নজর থাকায় শেষ পর্যন্ত কাজটি নিজের হাতে তুলে নেন ব্যানক্রফট। যদিও কাজটি করতে তাঁর অস্বস্তি হচ্ছিল। তবু টেস্ট দলে নিজের জায়গা পাকা করার তাগিদে পিছিয়ে আসেননি।

সিরিজে ওয়ার্নারের উপর টেলিভিশন ক্যামেরার কড়া নজর থাকায় শেষ পর্যন্ত কাজটি নিজের হাতে তুলে নেন ব্যানক্রফট। যদিও কাজটি করতে তাঁর অস্বস্তি হচ্ছিল। তবু টেস্ট দলে নিজের জায়গা পাকা করার তাগিদে পিছিয়ে আসেননি। তাঁর কথায়, ‘সেই সময় আমাকে যদি ইটের দেওয়াল ভেঙে এগিয়ে যেতে বলা হত, তা-ও আমি করতাম।’ সবচেয়ে বিস্ফোরক অভিযোগটি উঠেছে অস্ট্রেলিয়ার বোলারদের ভূমিকা নিয়ে। তাঁর দাবি, বলের অবস্থা নিয়ে শুধু কোচেদের সঙ্গেই নয়, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, মিচেল মার্শ এবং উইকেটকিপার টিম পেনের সঙ্গেও আলোচনা করেছিলেন তিনি। বল ঠিকমতো রিভার্স সুইং করছে কি না, তা নিয়ে তাঁদের কাছ থেকে নিয়মিত মতামত নিতেন। তিনি লিখেছেন, ‘বল নিয়ে আমার কাজ ঠিকঠাক হচ্ছে কি না, তা নিয়ে প্রত্যেক বোলারই আমাকে মতামত দিত। সতীর্থদের সঙ্গে বলের কার্যকারিতা নিয়ে আলোচনা করতাম। তাঁরা জানতেন, আমি শুধু বলের সেলাইয়ে হাত বোলাচ্ছি না, সিরিশ কাগজও ব্যবহার করছি।’

তিনি জানিয়েছেন, পোর্ট এলিজাবেথে দলের প্রাক্তন মিডিয়া ম্যানেজার কেট হাচিনসন এই কাজ নিয়ে আপত্তি জানিয়েছিলেন। তবে, দলের কয়েকজন তাঁর কাজের প্রশংসাও করেছিলেন। এর পরেও থামেনি বল বিকৃতির ঘটনা। কেপ টাউনে তৃতীয় টেস্টেও বল বিকৃতি হয় বলে জানিয়েছেন ব্যানক্রফট। সেখানেই টেলিভিশন ক্যামেরায় স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতি করার সময় ধরা পড়েন তিনি। ঘটনার পর থেকে সতীর্থদের দেওয়া বিভিন্ন বিবৃতি তাঁকে বারংবার অস্বস্তিতে ফেলেছে বলে জানিয়েছেন ব্যানক্রফট। তাঁরা বলেছিলেন, বল বিকৃতির বিষয়ে কিছু জানতেন না। এবং এই ঘটনাই তাঁকে আরও বেশি কষ্ট দিয়েছে। কেপ টাউন টেস্টে ক্যামেরায় ধরা পড়ার পর রিজার্ভ ক্রিকেটার পিটার হ্যান্ডসকম্ব মাঠে এসেছিলেন। তাঁর দাবি, ড্যারেন লেম্যান তাঁকে নির্দেশ দিয়েছিলেন, বানক্রফটের কাছ থেকে দ্রুত স্যান্ডপেপার সরিয়ে নিতে। এই প্রসঙ্গেই প্রাক্তন অজি ওপেনারের বিস্ফোরক মন্তব্য, ‘আমার মতে, লেম্যান যদি কিছুই না-ই জানতেন, তাহলে এমন নির্দেশ দিতেন না। এর পরেও যদি বিষয়টি স্পষ্ট না হয়ে থাকে, তা হলে আবার বলছি, আমরা প্রত্যেকেই সব জানতাম।’

তিনি জানিয়েছেন, পোর্ট এলিজাবেথে দলের প্রাক্তন মিডিয়া ম্যানেজার কেট হাচিনসন এই কাজ নিয়ে আপত্তি জানিয়েছিলেন। তবে, দলের কয়েকজন তাঁর কাজের প্রশংসাও করেছিলেন। এর পরেও থামেনি বল বিকৃতির ঘটনা। কেপ টাউনে তৃতীয় টেস্টেও বল বিকৃতি হয় বলে জানিয়েছেন ব্যানক্রফট।

কেপ টাউন টেস্টের সেদিনের খেলা শেষে স্টিভ স্মিথের সাংবাদিক সম্মেলনের কথাও মনে পড়েছে ব্যানক্রফটের। সেই ঘটনা নিয়ে তাঁর প্রবল অনুশোচনা রয়েছে। জানিয়েছেন, সম্ভাব্য শাস্তির কথা ভেবে তিনি এবং স্মিথ দু’জনেই আতঙ্কিত ছিলেন। সেই সময় দলের কয়েকজন সদস্য তাঁদের বলেছিলেন, স্যান্ডপেপার দিয়ে যে বল বিকৃতি করা হয়েছে, তা যেন স্বীকার না করেন। টেস্টের পর গোটা দলের মিটিংয়েও কেউ উঠে দাঁড়িয়ে বলেননি যে, স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে তিনি কিছুই জানতেন না। সেই অভিজ্ঞতা থেকেই ব্যানক্রফট মনে করেন, শেষ পর্যন্ত গোটা দলের হয়ে ‘বলির পাঁঠা’ হতে হয়েছিল তাঁকে। তাঁর কথায়, ‘শেষ পর্যন্ত গোটা দলের ঘটনার দায় আমার ঘাড়েই এসে পড়েছিল।’

এদিকে, ২০১৮ সালের বল বিকৃতি কাণ্ডের রেশ কাটাতে উদ্যোগী হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে একটি স্বাধীন ফোরাম তৈরির কথা ঘোষণা করা হয়েছে। সেখানে ওই ঘটনার সঙ্গে যুক্ত ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফেরা নিজেদের অভিজ্ঞতার কথা জানাতে পারবেন। সেখানে অংশ নিতে আগ্রহী বলেও জানিয়েছেন ব্যানক্রফট। মজার বিষয়, তাঁর কলাম প্রকাশের কয়েক ঘণ্টা আগেই এই ফোরাম তৈরির ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। উল্লেখ্য, কেপ টাউনের সেই ঘটনার পর অধিনায়কত্ব থেকে বরখাস্ত হন। পাশাপাশি এক বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছিলেন স্মিথ। একই শাস্তি পেয়েছিলেন তৎকালীন সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ক্যামেরন ব্যানক্রফটকে নির্বাসিত করা হয়েছিল ৯ মাসের জন্য।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker