মোদীর অটো-রিকশা ‘পাকিস্তানের তৈরি’! আসল সত্য সামনে আসতেই মুখ পুড়ল পাক নেটিজেনদের

নয়াদিল্লি: পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় নতুন করে ছড়াল বিভ্রান্তিকর দাবি। ফিলিপিন্সের ম্যানিলায় আসিয়ান (ASEAN) সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বিশেষভাবে সাজানো তিন চাকার গাড়িতে চড়েছিলেন, সেটিকে…
নয়াদিল্লি: পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় নতুন করে ছড়াল বিভ্রান্তিকর দাবি। ফিলিপিন্সের ম্যানিলায় আসিয়ান (ASEAN) সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বিশেষভাবে সাজানো তিন চাকার গাড়িতে চড়েছিলেন, সেটিকে ‘মেড ইন পাকিস্তান’ বলে প্রচার করতে শুরু করেন কয়েকটি পাক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। যদিও বাস্তব ছবিটা সম্পূর্ণ আলাদা। গাড়িটি তৈরি করেছে ভারতের অন্যতম বড় গাড়ি নির্মাতা সংস্থা বাজাজ অটো।
মঙ্গলবার ম্যানিলায় আসিয়ান সম্মেলনের নৈশভোজে যোগ দিতে পৌঁছন মোদী-সহ বিশ্বের একাধিক রাষ্ট্রনেতা। অতিথিদের জন্য আয়োজক ফিলিপিন্সের তরফে রাখা হয়েছিল বিশেষভাবে সাজানো তিন চাকার যান। ফিলিপিন্সের জনপ্রিয় জিপনি গাড়ির নকশা ও রঙিন শিল্পকর্মের আদলে সাজানো হয়েছিল সেগুলি। প্রধানমন্ত্রী মোদীও সেই গাড়িতে চড়েই অনুষ্ঠানে পৌঁছন। তাঁর পরনে ছিল ফিলিপিন্সের ঐতিহ্যবাহী পোশাক ‘বারং তাগালগ’।
পাকিস্তানের দাবি কতটা সত্য?
মোদীর গাড়িতে চড়ার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই কয়েকটি পাকিস্তানি অ্যাকাউন্ট দাবি করে, প্রধানমন্ত্রী একটি পাকিস্তানে তৈরি ই-রিকশায় চড়েছেন। লাহোরের সাংবাদিক হাম্মাদ হাসানও সমাজমাধ্যমে একই দাবি করেন। গত মাসে পাকিস্তানের গাড়ি নির্মাতা সংস্থা সাজগর ফিলিপিন্সের লাগুনায় তাদের প্রথম বিদেশি উৎপাদন কেন্দ্র চালু করেছিল। দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে ব্যবসা বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ। সেই ঘটনাকে সামনে রেখেই গাড়িটিকে পাকিস্তানে তৈরি বলে প্রচার করা হয়।
কিন্তু ভিডিয়োর কাছ থেকে তোলা দৃশ্যেই ধরা পড়ে আসল তথ্য। গাড়ির ডিজিটাল যন্ত্রাংশে স্পষ্ট দেখা যায় বাজাজের লোগো। অর্থাৎ, রাষ্ট্রনেতাদের যাতায়াতের জন্য ব্যবহৃত তিন চাকার গাড়িগুলি ভারতের বাজাজ অটোর তৈরি। এরপরই পাকিস্তানি অ্যাকাউন্টগুলির দাবিকে ঘিরে পাল্টা কটাক্ষ শুরু হয় ভারতীয় নেটমাধ্যমে।
ফিলিপিন্সে বাজাজের পরিচিতি
২০১৫ সালে ফিলিপিন্সের বাজারে প্রবেশ করে বাজাজ। তারপর থেকে সে দেশের তিন চাকার গাড়ির বাজারে সংস্থাটি পরিচিত নাম হয়ে উঠেছে। সেখানে একাধিক সংযোজন কেন্দ্র এবং ডিলার নেটওয়ার্ক রয়েছে তাদের। বিশ্বের ৭০টিরও বেশি দেশে গাড়ি রফতানি করে ভারতীয় এই সংস্থা।
আসিয়ান সম্মেলনে কী প্রস্তাব মোদীর?
দু’দিনের ফিলিপিন্স সফরে আসিয়ান সম্মেলনের পাশাপাশি পূর্ব এশিয়া সম্মেলন এবং কোয়াড নেতাদের বৈঠকেও যোগ দেন প্রধানমন্ত্রী। আসিয়ান মঞ্চে পর্যটকদের জন্য বিনামূল্যে ই-ভিসা, সামুদ্রিক যোগাযোগ ও নিরাপত্তা জোরদার, সাইবার ফরেনসিক প্রশিক্ষণ এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ নিয়ে যৌথ সহযোগিতার প্রস্তাব দেন তিনি।
মোদী বলেন, ভারত ও আসিয়ান মিলিয়ে বিশ্বের জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ। তাই প্রতিযোগিতার পরিবর্তে সহযোগিতার ভিত্তিতে ভবিষ্যৎ গড়ে তোলা জরুরি। পূর্ব এশিয়া সম্মেলনে সমুদ্রপথে কর্মরত নাবিকদের নিরাপত্তা বাড়াতে বিশেষ উদ্যোগের ঘোষণাও করেন তিনি।
ভোটার তালিকায় বড় সংযোজন উত্তরপ্রদেশে! পাঞ্জাবে অপরিবর্তিত থাকল সংখ্যা
লতিফেই শেষ হল কাশ্মীরের লস্কর রাজ! সেনাকে অভিনন্দন জানিয়ে বার্তা শাহের



