0%

সাফজয়ী সুহেল-সন্দীপদের দিকে কটূক্তি, কুৎসিত ইঙ্গিত! সেলিব্রেশন সময় বোতলও ছুড়ল বাংলাদেশিরা

পাকিস্তানকে হারিয়ে সাফ কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ঢাকার জাতীয় স্টেডিয়ামে (আগে বঙ্গবন্ধু স্টেডিয়াম) রুদ্ধশ্বাস ম্যাচে পাক দলকে ২-১ গোলে হারিয়েছেন সুহেল ভাট, সন্দীপ মান্ডিরা। গোটা ম্যাচ জুড়েই প্রবল জন বিরোধিতার মুখে পড়তে হয়েছে। ব্লু টাইগার্সদের উদ্দেশে কটূক্তি, কুৎসিত ইঙ্গিত করা হয়। ম্যাচের শেষে সমস্ত সীমা লঙ্ঘন করে। স্টেডিয়াম থেকে ভারতীয় ফুটবলারদের উদ্দেশে বোতল ছোড়া হয়। তবে তাতে সুহেলদের সেলিব্রেশন থামানো যায়নি।

বাংলাদেশের মাটিতে সাফ কাপ ফাইনালে ভারতের কোচ নৌসাদ মুশার হাতে মাত্র ১৭ জন ফুটবলার ছিলেন। তা দিয়েও পাক-বধ আটকায়নি। পিছিয়ে পড়েও কামব্যাক করে ভারত। সুহেল ভাটের গোলের পর শেষ মুহূর্তে গোল করেন বাংলার ছেলে সন্দীপ মান্ডি। ম্যাচের পর গ্যালারির একাংশের সামনে গিয়ে ভাইকিং চ্যান্ট করছিলেন ফুটবলাররা। একাধিক ভাইরাল ভিডিওয় দেখা যায়, সেলিব্রেশনের সময় ফুটবলারদের উদ্দেশে বোতল ছোড়া হয়েছে।

বাংলাদেশে গোটা টুর্নামেন্ট জুড়েই ভারতকে প্রবল জন বিরোধিতার মুখে পড়তে হয়েছে। ফাইনালেও তার ব্যতিক্রম হয়নি। গোটা ম্যাচেই ভারত বিরোধী স্লোগান দেওয়া হয় গ্যালারি থেকে। ওঠে ধর্মীয় স্লোগানও। ভারতীয় ফুটবলারদের উদ্দেশে কটূক্তি করা হয়। এমনকী, পাকিস্তানের জয়ের পর উত্তাল হয়ে ওঠে গ্যালারির একাংশ। তবে গ্যালারিতে ভারতীয় সমর্থকও অনেকে ছিলেন। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক তলানিতে। ক্রিকেট ম্যাচ ঘিরেও নেটদুনিয়ায় ‘ভারত বিদ্বেষ’ ছড়ানো হয়। এবার একই ঘটনা দেখা গেল ফুটবল ম্যাচেও।

তবে মাঠে যখন এরকম দৃশ্য, তখন মাঠের বাইরের ছবিটা অন্যরকম। সাফ জয়ের পর ভারতকে ‘গার্ড অব অনার’ দিলেন পাকিস্তানের ফুটবলাররা। পুরস্কার বিতরণী মঞ্চে যাওয়ার সময় সুহেল ভাটদের ‘গার্ড অব অনার’ দেন পাক ফুটবলাররা। এর আগে একাধিকবার ক্রিকেট মাঠে দেখা গিয়েছে, ভারতের প্লেয়াররা পাকিস্তানিদের সঙ্গে হাত পর্যন্ত মেলাননি। দুই দেশের রাজনৈতিক দূরত্ব বেড়ে গিয়েছিল ২০২৫ সালে পহেলগাঁও সন্ত্রাসবাদী কার্যকলাপে ২৬ জন নিরীহ পর্যটকের প্রাণ যাওয়ার পর থেকেই। তার প্রভাব এসে পড়েছিল খেলার দুনিয়াতেও। তখন থেকেই ভারতের ক্রিকেটাররা হাত মেলাতেন না পাকিস্তানিদের সঙ্গে। তবে এবার সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের ‘গার্ড অব অনারের’ চিত্রই এখন আলোচনার শীর্ষে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker