খোয়াজার বিস্ফোরণের পর বড় পদক্ষেপ অজি বোর্ডের, বলবিকৃতি কাণ্ডে এবার কার শাস্তি?

আট বছর আগের কেপ টাউন টেস্টের বল বিকৃতি কাণ্ড (Sandpapergate Scandal) নিয়ে নতুন করে উত্তাল ক্রিকেটমহল। উসমান খোয়াজার আত্মজীবনীকে নিয়ে প্রতিদিনই সামনে আসছে নিত্য নতুন তথ্য। বিতর্কের রেশ এতটাই বেড়েছে যে পদক্ষেপ করতে বাধ্য হল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। সব পক্ষের বক্তব্য শোনার জন্য নতুন করে একটি ‘স্বাধীন ফোরাম’ গঠন করা হয়েছে। ২০১৮ সালে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ এবং ক্যামেরন ব্যানক্রফটের শাস্তি হয়েছিল। এবার কী হবে?
কিছুদিন আগে খোয়াজার আত্মজীবনী ‘সবর’ প্রকাশিত হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, শিরিষ কাগজ দিয়ে যে বলবিকৃতি করা হবে, তা দলের সবাই জানত। অথচ শাস্তি পেয়েছিল মাত্র তিনজন। বোলাররা ছাড় পেয়ে যান। তিনি পাশে পেয়েছেন প্রাক্তন সতীর্থ ডেভিড ওয়ার্নারকে। পালটা অজি অধিনায়ক প্যাট কামিন্স বলেন, খোয়াজা ১০০ শতাংশ মিথ্যা কথা বলেছেন। তাহলে সত্যিটা কী? কে দায়ী? প্রশ্ন তুলছেন অস্ট্রেলিয়ার সমর্থক থেকে ম্যাথু হেডেন, স্টিভ ওয়র মতো প্রাক্তনীরা।
ঘরে-বাইরে চাপে পড়ে বড় পদক্ষেপ নিতে বাধ্য হল ক্রিকেট অস্ট্রেলিয়া। সংশ্লিষ্ট সবার অভিজ্ঞতা ও বক্তব্য শোনার জন্য একটি ‘স্বাধীন ফোরাম’ গঠনের ঘোষণা করেছে বোর্ড। একজন প্রাক্তন বিচারক বা ‘কিংস কাউন্সেল’-কে এই ফোরামের প্রধান হিসেবে নিয়োগ করা হবে। কিন্তু এটা পুনঃতদন্ত নয়। ফলে কাউকে শাস্তি দেওয়ার রাস্তায় হাঁটবে না। সিএ-এর অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ডেভিড বুনের মতে নতুন করে এই বিতর্কে খেলোয়াড়দের মনোযোগ নষ্ট হচ্ছে।
কিন্তু তাতে কি সত্যিটা জানা যাবে? অনেকের মতে ঘটনা ধামাচাপা দেওয়া হচ্ছে। বিতর্কের কেন্দ্রে থাকা খোজা বলছেন, “ক্রিকেট অস্ট্রেলিয়াকে নিয়ে আমার কিছু প্রশ্নও আছে। কারণ জনগণ জানতে চায় সেখানে আসলে কী ঘটেছিল। কিন্তু দিনের শেষে আপনারা যদি এই কমিটিতে নিজের পছন্দমতো লোক বেছে নেন, তাতে বোর্ডের লোকেরাই ডাক পাবে।” অন্যদিকে ডেভিড ওয়ার্নারের প্রশ্ন, “এই ব্যক্তিগত ফোরামে কি অস্ট্রেলিয়ার সমর্থকরা কি জবাবদিহি পাবে?”
শেয়ার
লিংক



