0%

‘ড্রাগনভূমে’ বিশ্ব কূটনীতির সন্ধিক্ষণ! কেন ট্রাম্প-পুতিন-জিনপিঙের উপর শ্যেনদৃষ্টি রাখছে ‘শঙ্কিত’ দিল্লি?  

বিশ্বায়নের পৃথিবী একসূত্রে বাঁধা। এর ফলেই মহাশক্তিধর বড় দেশগুলি দড়ির টানে বিপর্যস্ত হয় মাঝারি ও ছোট দেশগুলি। একই কারণেই আধুনিক বিশ্বের তিন মহাশক্তি— আমেরিকা, রাশিয়া ও চিনের ত্রিপাক্ষিক বৈঠকের দিকে নজর রাখছে নতুন শক্তি হিসাবে উঠে আসা ভারত। বৃহস্পতিবার চিনের শেনঝেন শহরে এক টেবিলে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। মনে করা হচ্ছে, ইরান ও ইউক্রেন যুদ্ধ থেকে শুল্কনীতি, আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে থেকে এআই গবেষণার সম্ভাবনা ও ঝুঁকি-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এদিন আলোচনা হতে পারে। যা ভবিষ্যৎ বৈশ্বিক কূটনীতির দিক নির্দেশ করবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি-সহ কেউ কেউ আসন্ন ত্রিপাক্ষিক বৈঠকটিকে “ইয়াল্টা” মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষপর্যায়ে ঐতিহাসিক ইয়াল্টা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। যেখানে আমেরিকা, ব্রিটেন ও পূর্বতন সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রনেতারা অংশ নেন। তৎকালীন তিন মহাশক্তি মহাযুদ্ধ-পরবর্তী বিশ্বের কতটা অংশ নিজেদের মধ্যে ভাগ করে নেবে, তা নির্ধারণ করতেই ওই বৈঠকে বসেছিল। অনেকের ধারণা, শেনঝেনে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকটি আজকের ‘ইয়াল্টা সম্মেলন’। পৃথিবীর কূটনৈতিক ইতিহাস বলছে, বরাবর শক্তিশালী দেশগুলির নেতৃত্ব বিশ্বের গুরুত্বপূর্ণ বিষয়গুলির সিদ্ধান্ত নেয়, বাকি বিশ্ব কেবল দর্শকের ভূমিকা পালন করে। প্রশ্ন উঠছে, এবার কি সেই স্বার্থপরতা প্রত্যক্ষ করবে মাঝারি ও দুর্বল শক্তির রাষ্ট্রগুলি?

আজকের বৈঠক নিয়ে উদ্বিগ্ন ইউরোপীয় ও এশীয় কূটনীতিকরা। অন্যতম কারণ মধ্যবর্তী নির্বাচনে হারার পর তুলনায় দুর্বল ট্রাম্প। যিনি পুতিন ও জিনপিংয়ের প্রতি নিজের মুগ্ধতা গোপন করেননি। মনে করা হচ্ছে, ইউক্রেন ও তাইওয়ানের বিষয়ে রাশিয়া ও চিনের সার্থরক্ষায় সিলমোহর দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। এর বিনিময়ে ইরান-সহ তেল ভাণ্ডার মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার দেশগুলির উপর ছড়ি ঘোরানোর ‘লাইসেন্স’ হাতিয়ে নিতে পারে ওয়াশিংয়টন।

যদিও এক মার্কিন আধিকারিকের দাবি, “প্রকাশ্যে ট্রাম্প-পুতিন-জিনপিং সাক্ষাৎ করবে, করমর্দনও করবে। কিন্ত বাস্তবতা হল— পর্দার আড়ালে ইউক্রেনকে সাহায্য করছে আমেরিকা। এর জেরেই প্রতিদিন রুশ সেনার ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। অর্থাৎ, এই সংঘাতের ক্ষেত্রে আমেরিকাও একটি সক্রিয় পক্ষ। অন্যদিকে চিনের ‘দ্বিমুখী ভূমিকা’ ছাড়া রাশিয়ার পক্ষেও বছরের পর বছর ধরে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব হত না। অন্যদিকে, ইরানকে সাহায্য করছে রাশিয়া ও চিন। এর জেরে মধ্যপ্রাচ্যের সংঘাতও অব্যাহত। সুতরাং, খোলাখুলি বলতে গেলে, ইরান ও ইউক্রেন যুদ্ধ থামির শান্তির পথে হাঁটা নিয়ে আলোচনা তীব্র জটিল।”

মার্কিন আধিকারিক আরও বলেন, “অন্যদিকে পারমাণবিক অস্ত্রের বিষয়ে চিন কোনও আলোচনায় আগ্রহী হবে না। কারণ তাদের আশঙ্কা, এমন আলোচনায় জড়ালে তাদের দিকেও আঙুল উঠতে পারে। যেহেতু তারা নিজেরাও এখনও চূড়ান্ত পারমাণবিক সক্ষমতা গড়ে তোলার প্রক্রিয়ায় রয়েছে। এই সব কারণেই ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের বৈঠক অতি গুরুত্বপূর্ণ।” সব দিক বিবেচনা করেই শেনঝেন শহরের দিকে নজর রাখছে দিল্লি।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker