0%

স্কুলে দুর্ঘটনার পর পড়ুয়াদের সামলাতে বড় উদ্যোগ! শিক্ষকদের প্রশিক্ষণ দেবে রাজ্য

SOBDIK NEWS: স্কুলে কোনও পড়ুয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ল কিংবা খেলতে গিয়ে গুরুতর চোট পেল! এতদিন এমন পরিস্থিতিতে চিকিৎসার জন্য অভিভাবক বা চিকিৎসাকেন্দ্রের উপর নির্ভর করতে হত স্কুল কর্তৃপক্ষকে। এবার সেই ছবিটা বদলাতে উদ্যোগী হল রাজ্য সরকার (Government of West Bengal)। শিক্ষকতার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে কীভাবে জীবন বাঁচানোর প্রাথমিক পদক্ষেপ করতে হয়, সেই শিক্ষাও দেওয়া হবে শিক্ষকদের।

পড়ুয়াদের সুরক্ষার্থে বড় পদক্ষেপ সরকারের (Government of West Bengal)

স্কুলের মধ্যেই তৈরি করা হবে প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণপ্রাপ্ত একটি দল। রাজ্যের সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়গুলিকে ঘিরে এই নতুন কর্মসূচির নাম ‘আরোগ্য চেতনা’। এই প্রকল্প বাস্তবায়নে বেসরকারি স্বাস্থ্য পরিষেবার সহযোগিতা নিচ্ছে রাজ্য। সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপি পদ্ধতিতে কর্মসূচিটি পরিচালিত হবে। এর জন্য সি কে বিড়লা গোষ্ঠীর সিএমআরআই হাসপাতালের সঙ্গে যুক্ত হয়েছে স্কুলশিক্ষা দফতর। পাহাড়ি এলাকা থেকে শুরু করে রাজ্যের প্রত্যন্ত গ্রাম, সর্বত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে ওই হাসপাতালকে।

সম্প্রতি, কয়েকটি স্কুলে ঘটে যাওয়া দুর্ঘটনা নতুন করে এই প্রয়োজনীয়তাকে সামনে এনেছে। বুধবার দমদমের একটি বিদ্যালয়ে চারতলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় এক ছাত্র। তার আগে সাউথ পয়েন্ট স্কুলেও সহপাঠীর পেনসিল কাটার ছুরির আঘাতে জখম হয়েছিল এক পড়ুয়া। এই ধরনের ঘটনায় সময়মতো চিকিৎসার ব্যবস্থা করা নিয়ে অভিভাবকদের একাংশ প্রশ্ন তুলেছিলেন।

আরও পড়ুন : হকারদের জন্য বিদেশি স্টাইলের স্টল! ব্যবসাতেও অভিনব মডেলের ঘোষণা অগ্নিমিত্রার

নতুন উদ্যোগে দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই স্কুলের প্রশিক্ষিত শিক্ষকরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবেন। প্রাথমিক শুশ্রূষার পর প্রয়োজন বুঝে পড়ুয়াকে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হবে।সি কে বিড়লা সিএমআরআই হাসপাতালের সোমব্রত রায় জানিয়েছেন, প্রশিক্ষণের অন্যতম বিষয় হবে হাড় ভাঙা বা গুরুতর আঘাতের ক্ষেত্রে প্রাথমিকভাবে কী ব্যবস্থা নিতে হয়।

রাজ্যে সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়ের সংখ্যা প্রায় ৮৩ হাজার। এত বিপুল সংখ্যক প্রতিষ্ঠানে এই কর্মসূচি পৌঁছে দিতে পরিকল্পিতভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক প্রশিক্ষণ নেওয়ার জন্য কয়েকজন শিক্ষক-শিক্ষিকার নাম চূড়ান্ত করবেন। তাঁদের মাধ্যমেই বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা চালু রাখার পরিকল্পনা রয়েছে। প্রয়োজনীয় সরঞ্জামের জন্য স্কুলগুলিতে ফার্স্ট এইড কিটও সরবরাহ করা হবে।‘আরোগ্য চেতনা’ প্রকল্পের জন্য পৃথক প্রশিক্ষণসূচি তৈরি করা হচ্ছে। পাশাপাশি একটি অনলাইন পোর্টাল তৈরির কাজ চলছে। জরুরি মুহূর্তে চিকিৎসক বা অ্যাম্বুল্যান্স পৌঁছনোর আগেই কীভাবে প্রয়োজনীয় জীবনরক্ষাকারী পদক্ষেপ করা যায়, তার ধারণা দেওয়া হবে এই কর্মসূচিতে। পড়াশোনার পরিবেশে নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এই উদ্যোগ নতুন একটি ব্যবস্থা তৈরি করতে পারে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker