0%

পূর্ণিমার রাতে আকাশে উড়বে হাজারো ফানুস, থাইল্যান্ডের ‘ই পেং’ উৎসবের দিনক্ষণ জানেন?

একটা দু’টো নয়। হাজারো ছোট্ট আগুনের ফুলকি। গোটা আকাশ জুড়ে যেন দুলছে একেক নক্ষত্র। হেলেদুলে উড়ে যাচ্ছে অসংখ্য নক্ষত্রের রাত। এমন দৃশ্য দখেছেন কোথাও? থাইল্যান্ডের নাম শুনলেই যাঁদের চোখে কেবল সমুদ্রসৈকত, নৈশজীবন আর জমজমাট মার্কেটের ছবি ভেসে ওঠে, তাঁদের জন্য এ যেন এক অন্য রূপকথা। আগামী নভেম্বরেই উত্তর থাইল্যান্ডের চিয়াং মাই শহর সেজে উঠবে আলোর মায়ায়। উপলক্ষ— ‘ই পেং’ (Yi Peng) উৎসব।

ছবি: সংগৃহীত

আগামী ২৪ ও ২৫ নভেম্বর, ২০২৬— পূর্ণিমার আলোয় ভেসে যাবে গোটা চিয়াং মাই। ‘ই পেং’-এর ঠিক পাশেই পালিত হবে থাইল্যান্ডের আর এক ঐতিহ্যবাহী উৎসব ‘লয় ক্রাথং’। দুটি উৎসবের নিজস্ব রীতিনীতি আলাদা হলেও, এই দু’দিন গোটা শহর পরিণত হবে আলোর সমুদ্রে। একদিকে আকাশে উড়বে ফানুস, অন্যদিকে জলপথে ভাসবে আলোর ভেলা।

কী এই ‘ই পেং’ উৎসব?
উত্তর থাইল্যান্ডের লান্না সম্প্রদায়ের প্রাচীন ঐতিহ্য থেকে এই উৎসবের জন্ম। লান্না চান্দ্র ক্যালেন্ডার অনুযায়ী, ‘ই’ কথার অর্থ দ্বিতীয় মাস এবং ‘পেং’ শব্দের অর্থ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মীয় বিশ্বাসের সঙ্গে এই উৎসব ওতপ্রোতভাবে জড়িত। প্রার্থনা এবং ভক্তির প্রতীক হিসেবেই এখানে প্রদীপ বা ফানুস জ্বালানো হয়।

এই উৎসবের প্রধান আকর্ষণ ‘খোম লয়’। কাগজের তৈরি বিশালাকার এই ফানুসগুলির ভেতরে ছোট শিখার সাহায্যে গরম হাওয়া তৈরি করে আকাশে তা ভাসিয়ে দেওয়া হয়। স্থানীয় বিশ্বাস অনুযায়ী, ফানুস ওড়ানোর মাধ্যমে মানুষ তাঁদের জীবনের সমস্ত দুর্ভাগ্য, নেতিবাচক চিন্তা এবং অতীতের দুঃখ-কষ্টকে বিদায় জানান। বদলে স্বাগত জানান সুখ, সৌভাগ্য এবং নয়া জীবনের শুরুয়াতকে। আকাশের পানে চেয়ে ফানুস ওড়ানোর সময় প্রত্যেকেই মনে মনে বিশেষ কোনও ইচ্ছাপ্রকাশ করেন।

Thailand’s Yi Peng Festival 2026: Complete Travel Guide
ছবি: সংগৃহীত

কোথায় এবং কীভাবে উপভোগ করবেন?
‘ই পেং’ উৎসবের মূল কেন্দ্রবিন্দু চিয়াং মাই শহর। উৎসবের দিনগুলিতে শহরের মন্দির থেকে শুরু করে সাধারণ রাস্তাঘাট— সবই সেজে ওঠে রঙিন লণ্ঠন আর আলোর মালায়। পাশাপাশি চলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে গণ-ফানুস ওড়ানোর বড় আসরগুলি বসে শহরের বাইরের নির্দিষ্ট এবং অনুমোদিত কিছু জায়গায়।

আপনি যদি এই বিশাল কর্মযজ্ঞের সাক্ষী হতে চান, তবে আগে থেকেই অনুষ্ঠানের খুঁটিনাটি এবং টিকিটের প্রাপ্যতা যাচাই করে নেওয়া জরুরি। মনে রাখা দরকার, শহরের সব জায়গায় ফানুস ওড়ানোর অনুমতি থাকে না। বিশেষ করে বিমানবন্দর এবং বিমান চলাচলের পথের আশপাশে কড়া নিষেধাজ্ঞা জারি থাকে। তাই প্রশাসনের নিয়ম মেনে কেবল অনুমোদিত জায়গাতেই ফানুস ওড়ানো হয়।

Chiang Mai Lantern Festival 2026: All You Need to Know
ছবি: সংগৃহীত

হাতেগড়া ‘খোম’ লণ্ঠনের জাদু
আকাশফানুস ছাড়াও থাইল্যান্ডের লণ্ঠন-ঐতিহ্যের আর এক অনন্য দিক হল ‘খোম’। এগুলি মূলত ঘরবাড়ি, মন্দির এবং উৎসব প্রাঙ্গণে ঝুলিয়ে রাখার কারুকার্যময় লণ্ঠন। ‘ট্যুরিজম অথরিটি অফ থাইল্যান্ড’-এর উদ্যোগে আয়োজিত কর্মশালায় পর্যটকরা নিজের হাতে এই ঐতিহ্যবাহী লণ্ঠন তৈরি করতে পারেন।

কাগজ ভাঁজ করে, জুড়ে এবং নানা শৈলীতে সাজিয়ে তৈরি হয় এই ‘খোম’। এর সঙ্গে জড়িয়ে থাকে এক ব্যক্তিগত আবেগ। লণ্ঠন তৈরির সময় পর্যটকদের উৎসাহিত করা হয় নিজেদের মনের কোনও ইচ্ছা বা ইতিবাচক ভাবনাকে এর সঙ্গে জুড়ে দিতে। ফানুসের চেনা ছবির বাইরে গিয়ে থাই কারুশিল্পকে কাছ থেকে চেনার এ এক দারুণ সুযোগ।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker