0%

স্যান্ডপেপার বিতর্কে অস্বস্তিতে কামিন্স! বাড়ির সামনে সাংবাদিকদের ভিড়, প্রশ্নবাণে বিদ্ধ অজি অধিনায়ক

স্যান্ডপেপারগেট কাণ্ডের বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না প্যাট কামিন্সের (Pat Cummins)। ক্যামেরন ব্যানক্রফটের বিস্ফোরক কলামের পরেই নতুন করে অস্বস্তিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নিজের বাড়ির সামনেই সাংবাদিকদের প্রশ্নবাণের মুখে পড়তে হল ২০২৩ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ককে। বাড়ি থেকে গাড়িতে ওঠার সময় তাঁকে ঘিরে ধরেন দুই সাংবাদিক। একের পর এক প্রশ্ন ছুড়ে দেন তাঁরা।

গত সপ্তাহে উসমান খোয়াজার আত্মজীবনী ‘সবর’ প্রকাশের পর এক সাংবাদিক সম্মেলনে ৮ বছর আগের বল বিকৃতি নিয়ে মুখ খুলেছিলেন কামিন্স। জানিয়েছিলেন, বল বিকৃত করার পরিকল্পনা সম্পর্কে তিনি কিছুই জানতেন না। কিন্তু ১৮ নভেম্বর, বুধবার ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’-এ ব্যানক্রফটের ৪০০০ শব্দের বিস্ফোরক কলাম প্রকাশিত হয়েছে। সেখানে খোয়াজার মতো তিনিও জানিয়েছেন, স্যান্ডপেপার ব্যবহারের কথা দলের প্রত্যেকেই জানতেন। প্রাথমিক তদন্তের সময় তিনি সম্পূর্ণ সত্য বলেননি বলেও স্বীকার করেছেন ৩৩ বছরের ক্রিকেটার। তাঁর দাবি, এবার বিস্তারিত বিবরণ সামনে আনতে চান। প্রশ্ন হল, কেন এত দিন পর মুখ খুললেন তিনি? অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের সাম্প্রতিক মন্তব্যই তাঁকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। গত সপ্তাহে কামিন্সের সাংবাদিক সম্মেলনের পর নিজেকে ‘ক্ষুব্ধ, বিশ্বাসঘাতকতার শিকার এবং একা’ বলে মনে হয়েছিল তাঁর। এর পরেই প্রশ্নবিদ্ধ কামিন্স।

ব্যানক্রফটের মন্তব্য সামনে আসার পরেই কামিন্সের বাড়িতে পৌঁছে যান সাংবাদিকরা। অস্ট্রেলিয়া অধিনায়কের কাছে প্রাক্তন ওপেনারের বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানতে চান তিনি। প্রশ্ন করার আগে ক্ষমাও চেয়ে নেন। জবাবে কামিন্সের সংক্ষিপ্ত মন্তব্য, “আপনি বোধহয় ততটা অনুতপ্ত নন।” এর পরেও অবশ্য থামেননি সাংবাদিকেরা। ব্যানক্রফট কি মিথ্যা বলছেন? অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসাবে নিজের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত তিনি? পরপর এমন একাধিক প্রশ্ন করা হয় তাঁকে। কিন্তু কোনও প্রশ্নেরই সরাসরি উত্তর দেননি কামিন্স। শেষ পর্যন্ত গাড়িতে উঠতে উঠতে শুধু বলেন, “আমি অনুশীলনে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ।”

উল্লেখ্য, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপ টাউন টেস্টে স্যান্ডপেপার ব্যবহার করে বল বিকৃতির ঘটনায় জড়িয়ে পড়েছিলেন ব্যানক্রফট। তাঁকে ন’মাসের জন্য নির্বাসিত করা হয়েছিল। তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ এবং সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে এক বছরের নির্বাসনের শাস্তি দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এত দিন পরেও সেই বিতর্কে নিজের অবস্থান থেকে সরছেন না কামিন্স। তাঁর এজেন্ট ম্যানেজার নিল ম্যাক্সওয়েলের মাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, “৮ বছর ধরে প্যাটের অবস্থান একই রয়েছে। প্রথম দিন থেকেই নিজ বক্তব্যে অনড় তিনি। ক্যামেরনের জন্য প্যাটের অবশ্যই খারাপ লাগে। ওকে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে।”

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker