পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন অবহেলায় বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

নিজস্ব প্রতিনিধি: পুরুষদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে প্রতি বছর ১৯ নভেম্বর ‘আন্তর্জাতিক পুরুষ দিবস’ পালিত হয়। তবে পুরুষ স্বাস্থ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক প্রায়ই আড়ালে থেকে যায়, আর তা হল যৌন স্বাস্থ্য। বিশেষজ্ঞদের মতে, ইরেকটাইল ডিসফাংশন একটি অত্যন্ত সাধারণ শারীরিক সমস্যা হলেও, লজ্জা ও সংকোচের কারণে অধিকাংশ পুরুষ চিকিৎসকের পরামর্শ নিতে বছরের পর বছর দেরি করেন।
হৃদরোগের প্রাথমিক সতর্কবার্তা হতে পারে এই রোগ
বিশেষজ্ঞদের মতে, ইরেকটাইল ডিসফাংশন নিছক কোনো সাময়িক দুর্বলতা নয়, বরং এর পেছনে গভীর শারীরিক কারণ থাকতে পারে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, স্থূলতা, ধূমপান, অতিরিক্ত মদ্যপান, মানসিক চাপ এবং অপর্যাপ্ত ঘুম এই সমস্যার জন্য দায়ী।এছাড়াও ইরেকটাইল ডিসফাংশন হৃদরোগের একটি প্রাথমিক সংকেতও হতে পারে। কারণ, যে রক্তনালীর ক্ষতির কারণে হার্টের সমস্যা দেখা দেয়, ঠিক একই কারণে পুরুষাঙ্গে রক্তপ্রবাহ কমে যেতে পারে। তাই এই লক্ষণ দেখা দিলে দেরি না করে সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করানো জরুরি। অনেকেই মনে করেন ইরেকশন বা উত্থান কেবল রক্তপ্রবাহের ওপর নির্ভরশীল, কিন্তু এর শুরুটা হয় মস্তিষ্কে। যৌন উত্তেজনার সময় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে স্নায়ুর মাধ্যমে পুরুষাঙ্গের রক্তনালীতে সংকেত পৌঁছায়। এই প্রক্রিয়ায় মস্তিষ্কের রাসায়নিক বার্তাবাহক ‘ডোপামিন’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে শরীর সম্পূর্ণ সুস্থ থাকা সত্ত্বেও অতিরিক্ত মানসিক চাপ বা উদ্বেগ এই প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে।
কিভাবে চিকিৎসা করা হয়?
আধুনিক চিকিৎসাবিজ্ঞানে পুরুষাঙ্গের উত্থানজনিত সমস্যার কার্যকর সমাধান রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু ওষুধ মস্তিষ্কের ডোপামিন প্রবাহ স্বাভাবিক রাখতে সাহায্য করে। তবে মনে রাখতে হবে, একেকজনের ক্ষেত্রে চিকিৎসার ধরন একেকরকম হয়। তাই নিজে থেকে কোনো ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক। ওষুধের পাশাপাশি জীবনযাত্রায় পরিবর্তন আনাও সমান জরুরি। ওজন নিয়ন্ত্রণ, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, ধূমপান ও মদ্যপান ত্যাগ এবং রক্তে শর্করা ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
The post পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন অবহেলায় বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.



