রাজস্থান রেখে দিলেও কেকেআর এখনও নিতে পারবে যশস্বীকে, কীভাবে?

আইপিএলের রিটেনশন পর্ব শেষ। সব দলই জানিয়ে দিয়েছে, কোন ক্রিকেটারদের ধরে রাখছে তারা। তবে দলবদলের দরজা এখনও বন্ধ হয়নি। আইপিএলের নিয়মে সেই সুযোগ রয়েছে। ফলে রাজস্থান রয়্যালস থেকে যশস্বী জয়সওয়ালকে দলে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স। তরুণ ভারতীয় ওপেনারকে পেতে ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে কেকেআর। দৌড়ে রয়েছে লখনউ সুপার জায়ান্টসও।
গত আইপিএলের পর থেকেই যশস্বীর রাজস্থান ছাড়ার জল্পনা শুরু হয়েছে। প্রথম দিকে তাঁকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী ছিল মুম্বই ইন্ডিয়ান্স। বিনিময়ে হার্দিক পাণ্ডিয়াকে ছাড়তেও প্রস্তুত ছিল তারা। কিন্তু হার্দিক পাঞ্জাব কিংসে চলে যাওয়ায় সেই সমীকরণ বদলে গিয়েছে। এবার যশস্বীকে পাওয়ার দৌড়ে নেমেছে কলকাতা। আইপিএলের নিয়ম অনুযায়ী, রিটেনশনের সময়সীমা পেরিয়ে গেলেও খোলা রয়েছে ‘ট্রেড উইন্ডো’। আগামী ১৬ ডিসেম্বর নিলামের এক সপ্তাহ আগে পর্যন্ত ক্রিকেটারদের দলবদল করা যাবে। নিলাম শেষ হওয়ার পরেও ফের খুলবে এই জানলা। আইপিএলের প্রথম ম্যাচের এক মাস আগে পর্যন্ত চলবে সেই প্রক্রিয়া। অর্থাৎ যশস্বীকে পাওয়ার জন্য কেকেআরের হাতে এখনও যথেষ্ট সময় রয়েছে।
কেন যশস্বীকে চাইছে কলকাতা? আসলে একজন ভারতীয় ওপেনারের খোঁজে রয়েছে নাইট শিবির। তরুণ প্রজন্মের অন্যতম সেরা ব্যাটার হিসাবে যশস্বীকে পছন্দ তাদের। তাঁকে পেতে প্রয়োজনে ক্যামেরন গ্রিনকেও ছাড়তে পারে কেকেআর। গত নিলামে ২৫.২০ কোটি টাকা খরচ করে অস্ট্রেলীয় অলরাউন্ডারকে দলে নিয়েছিল তারা। কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেননি গ্রিন। তাঁকে নিয়ে কেকেআরের মোহভঙ্গ হয়েছে বলেই খবর। তাই আর্থিক ক্ষতি ‘সহ্য’ করেও গ্রিনকে রাজস্থানের হাতে তুলে দিতে আপত্তি নেই কলকাতার।
শুধু গ্রিন নন, রমনদীপ সিং অথবা কার্তিক ত্যাগীর মধ্যে একজনকেও ছাড়তে পারে কেকেআর। একজনের পরিবর্তে দু’জন ক্রিকেটার পাওয়ার সম্ভাবনা থাকায় রাজস্থানের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়েছে বলে খবর। তবে দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের নিয়ে কোনও আপস করতে নারাজ নাইট কর্তৃপক্ষ। হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী এবং রিঙ্কু সিংকে নিয়ে দরাদরির প্রশ্নই নেই। যশস্বীকে পেতে শেষ পর্যন্ত কত দূর এগোয় কলকাতা, এখন সেটাই দেখার।
শেয়ার
লিংক



