রোহিঙ্গাদের উপর ‘রাষ্ট্রীয় গণহত্যা’, আন্তর্জাতিক আদালতে দোষী সাব্যস্ত মায়ানমার, ঘরে ফিরবে ভিটেহারারা?

২০১৭ সালে রোহিঙ্গা গোষ্ঠীর উপর দমন-পীড়নের ঘটনা আদতে পরিকল্পিত রাষ্ট্রীয় গণহত্যা। ওই ঘটনায় মায়ানমারকে সরকারকে দোষী সাব্যস্ত করল রাষ্ট্রসংঘের আদালত। সাত বছরের বিচারপ্রক্রিয়ার পর বৃহস্পতিবার এই রায় দিল নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। প্রশ্ন উঠছে, বাংলাদেশ-সহ একাধিক দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীরা কি এবার ঘরে ফিরতে পারবেন?
রায় ঘোষণার সময় বিচারক ইয়াসাওয়া ইয়ুজি বলেন, ২০১৭ সালের তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশনে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। তারা নজিরবিহীন যৌন সহিংসতা চালিয়েছিল। রক্ষা পায়নি শিশুরাও। বাধ্য হয়ে বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের ওপরেও নৃশংস হামলা চালানো হয়েছিল। আন্তর্জাতিক আদালতের সভাপতি তথা বিচারক ইউজি আইওয়াসাওয়া আরও জানান, ৯-৬ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তাঁরা এই সিদ্ধান্তে এসেছেন যে, উত্তর রাখাইন প্রদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর গণহত্যা চালিয়েছে মায়ানমার।
২০১৭ সালে প্রথমবার রোহিঙ্গা মুসলিমদের গণহত্যার অভিযোগ ওঠে মায়ানমার সেনার বিরুদ্ধে। সেই সময় দেশে ক্ষমতায় ছিলেন আউং সান সু চি-র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি। পরিবর্তীকালে জুন্টা জমানাতেও রোহিঙ্গাদের উপর ধারাবাহিক নির্যাতনের বলেই অভিযোগ। এমন পরিস্থিতিতে সাত লক্ষের বেশি রোহিঙ্গা বাংলাদেশের আশ্রয় নেয়। বর্তমানে তারা কক্সবাজার ও নোয়াখালির ভাসান চরে শরণার্থীশিবিরগুলিতে রয়েছে।
রোহিঙ্গাদের গণহত্যার ঘটনায় ১৯৪৮ সালের রাষ্ট্রসংঘের ‘গণহত্যা সনদ’ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালে আন্তর্জাতিক আদালতে মামলা করে গাম্বিয়া। এই অভিযোগ সমর্থন করে ৫৭টি ইসলামিক রাষ্ট্র। পালটা কাঠগড়ায় দাঁড়িয়ে মায়ানমারের মন্ত্রী কো কো হ্লাইং স্বয়ং নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে আইসিজে শুনানিতে হাজির হয়ে বলেন, ‘‘আমাদের প্রত্যাশা এই মামলার রায় প্রমাণিত তথ্যের ভিত্তিতেই হবে, ভিত্তিহীন অভিযোগের উপর নয়। আবেগপ্রবণ ভাষা ও অস্পষ্ট কাল্পনিক চিত্র কখনওই সঠিক তথ্যপ্রমাণ উপস্থাপনের বিকল্প হতে পারে না।’’ যদিও সাত বছর ধরে বিচার চলার পর বৃহস্পতিবার রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মায়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজের বিচারকেরা। এখন দেখার, ভিটেহারা রোহিঙ্গারা এই রায়ের শক্তিতে ঘরে ফেরার সুযোগ পান কি না!
শেয়ার
লিংক



