0%

‘আপনার মক্কেল অকারণে সমস্যা তৈরি করছেন’, অভিষেককে ভর্ৎসনা হাইকোর্টের

কলকাতা: আদালতের নির্দেশ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা নিয়ে ফের অস্বস্তিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতিদের উদ্দেশে তাঁর সাম্প্রতিক মন্তব্যে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার ডিজে মামলার শুনানিতে ডায়মন্ড হারবারের সাংসদকে কার্যত সতর্ক করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তাঁর মন্তব্য, অভিষেক অকারণে সমস্যা তৈরি করছেন। আদালতের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য অত্যন্ত বেদনাদায়ক।

এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে ডিজে মামলার শুনানি হয়। অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর বিরোধিতা করে সওয়াল করে রাজ্য। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার আদালতে জানান, সম্প্রতি অভিষেক বিচারব্যবস্থাকে নিশানা করে মন্তব্য করছেন। তাঁর বক্তব্য, এক ব্যক্তিকে রক্ষাকবচ দিতে আদালত অস্বীকার করার পরেই বিচারব্যবস্থা নিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেন তৃণমূল সাংসদ।

রাজ্যের এই বক্তব্যের পরেই অভিষেকের আইনজীবীর উদ্দেশে প্রশ্ন তোলেন বিচারপতি। তিনি জানতে চান, এ ধরনের মন্তব্য করলে আদালত স্বতঃপ্রণোদিত মামলা করতে পারে, তা কি অভিষেক জানেন না? বিচারপতির কথায়, সংবাদপত্র পড়েন এমন প্রত্যেকেই সাম্প্রতিক মন্তব্যগুলি সম্পর্কে অবগত। একজন সাংসদের কাছ থেকে এই ধরনের বক্তব্য গেলে সাধারণ মানুষের কাছে কী বার্তা পৌঁছবে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

বিচারপতি আরও বলেন, আদালতের বিরুদ্ধে মন্তব্য করা অত্যন্ত বেদনাদায়ক। অভিষেকের আইনজীবীকে উদ্দেশ করে তাঁর স্পষ্ট বার্তা, তাঁর মক্কেল অকারণে সমস্যা তৈরি করছেন।

অন্যদিকে, ডিজে মামলায় অভিষেকের রক্ষাকবচ প্রত্যাহারের দাবিও জানায় রাজ্য। তবে তদন্তের অগ্রগতি নিয়ে আদালতের প্রশ্নের মুখে পড়ে রাজ্য। বিচারপতি জানতে চান, তদন্তে এমন কী অগ্রগতি হয়েছে, যার ভিত্তিতে অভিষেকের রক্ষাকবচের মেয়াদ আর বাড়ানো যাবে না। এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন তিনি।

তদন্তে অভিষেক সহযোগিতা করছেন না, এমন কোনও অভিযোগও আদালতের সামনে নেই বলে পর্যবেক্ষণ করেন বিচারপতি। রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে আপাতত বাধা দেখছে না আদালত বলেও জানান তিনি। এরপরই ডিজে মামলায় অভিষেকের রক্ষাকবচের মেয়াদ আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

বড় পদক্ষেপ সরকরের! ২২ লক্ষ পরিযায়ী শ্রমিককে এসএমএস পাঠিয়ে বাংলায় ডেকে আনার পরিকল্পনা

পিছিয়ে গেল ২০২৭-এর মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, প্রকাশিত সম্ভাব্য সূচি

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker