0%

‘আইপিএলের সঙ্গে পেরে উঠছি না’, দল বেচে দিচ্ছেন পিএসএলের ফ্র্যাঞ্চাইজি মালিক

জনপ্রিয়তার নিরিখে, আর্থিকভাবে, পরিকাঠামোগত দিক থেকে কোনওভাবেই যে আইপিএলের সঙ্গে পাকিস্তান সুপার লিগের তুলনা চলে না, সেই সারসত্য পাক বোর্ডের কর্তারা স্বীকার না করলেও সেটা এবার মেনে নিলেন পিএসএলের এক ফ্র্যাঞ্চাইজির মালিক। পিএসএলের কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের মালিক নাদিম ওমর স্বীকার করে নিলেন, পিএসএল আইপিএলের সঙ্গে কোনও দিক থেকেই পেরে উঠছে না। তাই বাধ্য হয়ে তাঁকে দল বেচে দিতে হচ্ছে।

ওমর স্বীকার করে নিয়েছেন, আইপিএলে যে বিরাট আর্থিক লাভের দিক আছে, যে বিপুল দর্শকসংখ্যা পিএসএল সেটার ধারেকাছে নেই। সেকারণেই দল বেচতে বাধ্য হচ্ছেন তিনি। কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের কর্ণধারের কথায়, “আমরা আইপিএলের সঙ্গে পেরে উঠছি না। ওদের যে বিরাট বাজার, সে তুলনায় আমাদের বাজার খুবই ছোট। আমাদের সেভাবে টাকা পয়সা দেওয়ার কেউ নেই। স্পনসর নেই, টিকিটের টাকাও নেই।”

কোয়েট্টার মালিকের কথায়, “আইপিএলে একটা বড় মার্চেন্ডাইস মার্কেট আছে। আর আমরা একটা জার্সি ১০০০ পাকিস্তানি টাকায় বিক্রি করতে চাইলে বাজারে কেউ একটা সেটা নকল করে ২০০ পাকিস্তানি টাকায় বেচে দিচ্ছে। এ তো আমাদের সঙ্গে প্রতারণা। আইপিএলের দলগুলি হোম এবং অ্যাওয়ে ম্যাচে টিকিট বেচেও প্রচুর রোজগার হয়। আজ দেখুন না আইপিএলের দলগুলির ব্র্যান্ড ভ্যালু। কত দাম পাচ্ছে।” নাদিম ওমর ঘোষণা করে দিয়েছেন, ঠিকঠাক দাম পেলে নিজের দল বেচে দেবেন। এর আগে গত মরশুমেই মুলতান সুলতানের মালিকরা দল বেচে দিয়েছেন। ফলে সার্বিকভাবে পিএসএলের করুণ দশা চলছে।

আসলে পিএসএল বরাবরই বিতর্কিত। তাছাড়া সমস্যাটা হয় আইপিএলের সঙ্গে একই সময় খেলা হওয়ায়। গোটা দেশের তাবড় তাবড় তারকারা সেসময় চলে আসেন আইপিএলে খেলতে। ফলে প্রচারের আলো, স্পনসর এবং জনপ্রিয়তা সবকিছুতেই পিছিয়ে পড়ে পাক লিগ। সেকারণেই দল বেচতে বাধ্য হচ্ছেন একের পর এক মালিক।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker