0%

আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছেন শুভমান, নজির গড়া বুমরাহের পরামর্শ না শোনার ফল!

ভারত-নিউজিল্যান্ড (India Vs New Zealand) প্রথম টেস্টের প্রথম দিনেই আম্পায়ারের সিদ্ধান্ত ঘিরে বিতর্ক। মাঠের আম্পায়ারের সিদ্ধান্তে সন্তুষ্ট হতে না পেরে রিভিউ নিয়েছিলেন শুভমান গিল। শুনলেন না নজির গড়া জশপ্রীত বুমরাহর পরামর্শ। তৃতীয় আম্পায়ারও গিলের আবেদন খারিজ করে দেন। তাতেই আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ভারত অধিনায়ক। শেষ পর্যন্ত নষ্ট হয় একটি ডিআরএস। 

ঘটনাটি নিউজিল্যান্ডের ইনিংসের ৩১তম ওভারের। জশপ্রীত বুমরাহের বল ব্যাক ফুটে গিয়ে সামলানোর চেষ্টা করেন গ্লেন ফিলিপস। বল সরাসরি তাঁর প্যাডে লাগে। ভারতীয় দল এলবিডব্লিউয়ের আবেদন জানালেও আউট দেননি মাঠের আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ। তাতে অবাক হন শুভমান। বুমরাহের সঙ্গে আলোচনা করে রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তবে রিভিউ নেওয়ার আগে বুমরাহ তাঁকে সতর্ক করেছিলেন। ভারতীয় পেসার বলেছিলেন, “বলের উচ্চতা বেশি ছিল।” শুভমান পালটা বলেন, “বল কিন্তু ব্যাটে লাগেনি।” ফিলিপসের ব্যাটে বল লাগেনি, এই যুক্তিতেই রিভিউ নেন ভারত অধিনায়ক।

রিপ্লেতে দেখা যায়, বল ব্যাটে লাগেনি। কিন্তু স্নিকোমিটারে ব্যাটের কাছ দিয়ে বল যাওয়ার সময় একটি দাগ দেখা যায়। বিষয়টি নিশ্চিত হতে দ্বিতীয়বার স্লো মোশনে রিপ্লে দেখেন তৃতীয় আম্পায়ার পল রাইফেল। তার পর তাঁর পর্যবেক্ষণ, প্যাডে লাগার আগে বল ব্যাটে সামান্য ছুঁয়েছে। ফলে মাঠের আম্পায়ারের নট আউটের সিদ্ধান্তই বহাল থাকে। এই সিদ্ধান্তে রেগে আগুন শুভমান। আম্পায়ার ইলিংওর্থের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। ভারত অধিনায়ক বলেন, “পরিষ্কার দেখা যাচ্ছে, বল এবং ব্যাটের মধ্যে ফাঁক রয়েছে। বল সরাসরি প্যাডে লেগেছে। তা হলে কেন আউট নয়?” আম্পায়ার তাঁকে সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেও তাতে সন্তুষ্ট হননি শুভমান। হতাশায় মাথা নাড়তে নাড়তে সেখান থেকে সরে যান তিনি।

পরে অবশ্য বোঝা যায়, বল উইকেটের উপর দিয়ে যাচ্ছিল। অর্থাৎ ব্যাটে বল না লাগলেও ফিলিপসকে আউট করা যেত না। সেক্ষেত্রে বুমরাহের পরামর্শ মেনে রিভিউ না নিলেই ভারতের একটি ডিআরএস বেঁচে যেত। তবে প্রথম দিনের খেলায় ভারতের হয়ে একমাত্র নজর কেড়েছেন বুমরাহ। প্রথম সেশনে দু’টি এবং দ্বিতীয় সেশনে আরও একটি উইকেট তুলে নেন তিনি। তাঁর ৩ উইকেটের সুবাদে টেস্ট ক্রিকেটে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় জাভাগল শ্রীনাথকে টপকে গেলেন বুমরাহ। শ্রীনাথের উইকেটসংখ্যা ২৩৬। বুমরাহের সংগ্রহ ২৩৭। এই তালিকায় প্রথম তিন স্থানে রয়েছেন অনিল কুম্বলে (৬১৯), রবিচন্দ্রন অশ্বিন (৫৩৭) এবং কপিল দেব (৪৩৪)। বুমরাহের দাপটের পরেও অবশ্য ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। একটা সময় ৭০ রানে ৫ উইকেট পড়ে যাওয়া নিউজিল্যান্ড প্রথম দিনের শেষে ২৪৩/৫। অপরাজিত রয়েছেন হেনরি নিকোলস (১১৩), গ্লেন ফিলিপস (৯৪)।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker