0%

‘সৌরভকে বলেছিলাম, এ ছেলের মধ্যে আলাদা ব্যাপার আছে’, ধোনিকে নিয়ে আবেগপ্রবণ শচীনও

মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ক্রিকেট থেকে পূর্ণাঙ্গ অবসর নিয়ে ফেলেছেন, ৩৬ ঘণ্টা হয়ে গেল। কিন্তু তাতে কী? ধোনি নিয়ে আবেগে সামান্যতম ভাঁটাও পড়ছে না। চব্বিশ ঘণ্টা পরেও দু’বারের বিশ্বজয়ী ভারত অধিনায়ককে ঘিরে আবেগ-বলয়ে বিন্দুমাত্র টান পড়েনি।

শচীন তেন্ডুলকর। রোহিত শর্মা। জশপ্রীত বুমরাহ। সুরেশ রায়না। সূর্যকুমার যাদব। তিলক বর্মা। কে বললেন না তাঁকে নিয়ে? কে বাদ গেলেন? এখানে লিখে রাখা যাক, মঙ্গলবারই ক্রিকেট দুনিয়াকে কাঁদিয়ে আইপিএল থেকে অবসরে চলে গিয়েছেন ধোনি। যার পর থেকে রীতিমতো তোলপাড় চলছে বিশ্বক্রিকেটে। বুধবারও তার ব্যতিক্রম ঘটেনি। এ দিন ধোনিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শচীন লিখে দেন, ‘আমার এখনও মনে আছে, বাংলাদেশে ধোনিকে ব্যাট করতে দেখার পর সৌরভকে বলেছিলাম, এ ছেলের পাওয়ারহিটিংয়ে একটা ব্যাপার আছে। আসলে বুঝতে পেরেছিলাম, ধোনির মধ্যে এমন এক বিশেষত্ব রয়েছে, যা আর কারও নেই। আর তার পর থেকে কী অসামান্য সফরই না গেল ওর! এমএস তোমাকে বলতে চাই, তোমার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা, একসঙ্গে দু’জনে ভারতীয় ক্রিকেটের স্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকা, কখনও ভুলতে পারব না। আমি সব সময় বিশ্বাস করে এসেছি, তুমি স্পেশাল কিছু করবে। কিন্তু যা ভেবেছিলাম, তার চেয়ে অনেক বেশি কিছু করে দিয়েছো। ভারতীয় ক্রিকেটকে নিজের সেরাটা দিয়েছো তুমি। ওয়েল প্লেড, এমএস।’

ক্রিকেট ঈশ্বরের লেখা থেকেই স্পষ্ট, ধোনিকে নিয়ে তিনি ঠিক কতটা আবেগপ্রবণ। সূর্যকুমার যাদব আবার লিখেছেন, ‘মাহি ভাইয়ের কাছ থেকে শিখেছি, শেষ হওয়ার আগে, কোনও কিছুই শেষ হয়ে যায় না। মাহি ভাই, হেলিকপ্টার শট আবিষ্কার করা থেকে শুরু করে ঠাণ্ডা মাথায় ম্যাচ ফিনিশ করা, সমস্ত-র মধ্যে দিয়ে ইতিহাস সৃষ্টি করেছো তুমি। যা নিয়ে আজীবন কথা হবে।’ বুমরাহ লিখলেন, ‘আমার সবচেয়ে প্রিয় ক্রিকেটার। আমার সবচেয়ে প্রিয় মানুষদেরও একজন। যার কাছে যে কোনও সময়ে যেতে পারতাম। মাহি ভাই, সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ।’

ভারতের বিশ্বজয়ী অধিনায়ক রোহিত গুরুনাথ শর্মা-তিনিও বা নিজেকে সামলে রাখতে পারলেন কোথায়? এক্ষেত্রে মনে করিয়ে দেওয়া যাক, ক্রিকেটজীবনের শুরুতে রোহিতকে কেউ যদি সবচেয়ে বেশি সমর্থন করে থাকেন, তা হলে তিনি ধোনি। যা তিনি না করলে, রোহিত আজকের রোহিত শর্মা হতেই পারতেন না। ‘তোমাকে অসম্ভব সম্মান করি ধোনি ভাই। কী অসামান্য আইপিএল কেরিয়ার তোমার! তোমার সঙ্গে একই মাঠে খেলা, নানা মুহূর্ত উপভোগ করা, চিরকাল মনে থাকবে,’ লিখে দিয়েছেন রোহিত। আর তিলক লিখেছেন, ‘আপনাকে খেলতে দেখে বড় হয়েছি আমি। নিজের খেলার উন্নতিতে আপনার সাহায্য পেয়েছি সব সময়। মাহি ভাই, আপনি যা করে গিয়েছেন, পৃথিবী ভুলতে পারবে না। নতুন ভূমিকার জন্য আপনাকে সব রকম শুভেচ্ছা।’

আর সুরেশ রায়না? সিএসকে-র প্রিয় ‘চিন্না থালা’ কী বললেন ‘থালা’-কে নিয়ে? “মাহি ভাই পরের দিকে নিজেকে ফিট রাখতে অফ সিজনে নানা খেলা খেলত। কিন্তু সাম্প্রতিক সময়ে হাঁটু নিয়ে প্রবল ভূগছিল। হাঁটু সব সময় ফুলে থাকত। আসলে দীর্ঘদিন ধরে কিপিং করতে করতে এ জিনিস হয়ে গিয়েছে। তার পরেও মাহি ভাই চেষ্টা করেছে। জিম-টিম করে, নিজেকে তৈরি করার চেষ্টা করেছিল। কিন্তু ওর শরীর আর চাপ নিতে পারছিল না। চেন্নাই সুপার কিংসের জন্য মাহি ভাই যা করেছে, তা তুলনাহীন। আইপিএলের জন্য মাহি ভাই যা করেছে, তুলনাহীন। দেখে অবাক লাগে, মাহি ভাইকে প্রত্যেকে ভালোবাসে। কোম্পানির সিইও থেকে শুরু করে সাধারণ সমর্থক, প্রত্যেকে,” বলে দিয়েছেন রায়না।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker