প্রথমবার ফিফা প্রেসিডেন্ট পদে এশীয়? ইনফান্তিনোকে সরাতে আসরে জাপানি বোমা

১২৩ বছরর ইতিহাসে যেটা হয়নি, এবার কি সেটাই হতে চলেছে? ফিফা সভাপতি পদে কি প্রথমবার বসতে চলেছেন এক এশীয় ফুটবল কর্তা? জিয়ান্নি ইনফান্তিনোকে চ্যালেঞ্জ করে ফিফা সভাপতি হওয়ার জন্য নির্বাচনী লড়াইয়ে নেমে পড়লেন জাপানের কোজো তাশিমা। অবশ্য ফরাসি ফুটবল কর্তা ফিলিপ দিয়ালোও আগেই লড়াইয়ে নামার কথা ঘোষণা করেছিলেন।
২০২৭ সালের ১৮ মার্চ মরক্কোর রাজধানী রাবাতে ফিফার ২১১ সদস্যদেশের ভোটে নির্বাচিত হবেন নতুন সভাপতি। এই নিয়ে চতুর্থবার ফিফা সভাপতি হওয়ার দৌড়ে জিয়ান্নি ইনফান্তিনো। এর মধ্যে শেষ দু’বার অর্থাৎ ২০১৯ ও ২০২৩ সালে ফিফা সভাপতি নির্বাচিত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এবার আর তেমন কিছু হচ্ছে না। বুধবার ফিফা সভাপতি পদে মনোনয়ন দেওয়ার শেষদিন ছিল। ফিফা জানিয়েছে, দিয়ালো ও তাশিমা, দুজনই নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থী হতে তাঁদের প্রত্যেকের পক্ষে পাঁচটি সদস্যদেশের ফুটবল ফেডারেশনের সম্মতিপত্রও জমা পড়েছে। যদিও ওই মনোনয়নের স্ক্রুটিনি এখনও শেষ হয়নি। তবে যা পরিস্থিতি তাতে ফিফা সভাপতি হওয়ার দৌড়ে এবার বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ইনফান্তিনোকে।
ইনফান্তিনোকে হারাতে পুরোদস্তুর লড়াইয়ে নেমে পড়েছেন জাপানের ফুটবল সংস্থার সাম্মানিক সভাপতি তাশিমা। মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিক সম্মেলন করে তিনি সাফ বলে দিচ্ছেন, এখন যেভাবে ফিফা চলছে, সেই সিস্টেম দুর্নীতিতে ভরা। সেই সিস্টেম বদলানোটাই তাঁর মুল লক্ষ্য। ইনফান্তিনোর বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সের ফিলিপ দিয়ালোও-কে প্রতিন্দ্বন্দ্বী হিসাবে দেখতে নারাজ তিনি। বরং তাশিমা বলছেন, তাঁরা একই দলের লোক। লক্ষ্য একটাই যাতে কোনওভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় না জিততে পারেন ইনফান্তিনো।
এই মুহূর্তে সার্বিকভাবে বেশ চাপে রয়েছেন ইনফান্তিনো। তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। এমনকী, তাঁর বিশ্বকাপের বেসরকারিকরণ প্রস্তাবে প্রবল সমালোচনা হয়েছে। তাছাড়া ফিফার নির্বাচন অনেকাংশে ভু-রাজনীতির সঙ্গেও জড়িত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনে পরাজিত হওয়ায় ইনফান্তিনোর উপর চাপ আরও বেড়েছে। এই পরিস্থিতি তাঁর দুই প্রতিদ্বন্দ্বী দিয়ালোও এবং তাশিমা নিজেদের সুযোগ দেখছেন। তাশিমা জিততে পারলে তিনিই হবেন প্রথম এশীয় ফিফা সভাপতি। যদিও লড়াইটা বেশ কঠিন।
শেয়ার
লিংক



