0%

আমেরিকায় লাগাতার সাইবার হামলা? বিমান-ব্যাঙ্কিংয়ে বিরাট ধাক্কা, ‘প্রিয়পাত্র’কে ছাঁটলেন ট্রাম্প

কখনও ভেঙে পড়ছে এয়ার ট্রাফিক কন্ট্রোল। কখনও দেশজুড়ে বন্ধ হয়ে যাচ্ছে ব্যাঙ্কিং পরিষেবা। গত কয়েকদিনে বারবার প্রবল সমস্যা দেখা দিয়েছে আমেরিকাজুড়ে। তারপর বড়সড় পদক্ষেপ করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের সাইবার নিরাপত্তা বিভাগের প্রধান শন কেয়ার্নক্রসকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, শনের কার্যকলাপে ট্রাম্প নিজেই প্রবল অসন্তুষ্ট। তাঁর নির্দেশেই ছেঁটে ফেলা হয়েছে সাইবার নিরাপত্তা বিভাগের প্রধানকে।

এই শন কিন্তু দীর্ঘদিন ট্রাম্পের বিশ্বাসভাজনদের তালিকায় ছিলেন। ২০১৬ থেকে রিপাবলিকান দলের চিফ অপারেটিং অফিসারের দায়িত্ব সামলেছেন। ট্রাম্পকে প্রথম দফায় প্রেসিডেন্টের কুর্সিতে বসানোর নেপথ্যেও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। তারপর ট্রাম্প যখন প্রেসিডেন্ট হলেন, সেসময়েও একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। কিন্তু গত কয়েকদিনে সাইবার নিরাপত্তা ইস্যুতে একের পর এক বড় সমস্যা দেখা গিয়েছে মার্কিন মুলুকে। প্রথমে এনভিডিয়ার এআই চিপের মাধ্যমে চিনে তথ্য পাচারের অভিযোগ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ইন্টারনেট বিকল হয়ে একের পর এক সমস্যা।

সপ্তাহখানেক আগে বিশ্বজুড়ে স্তব্ধ হয়ে গিয়েছিল মাইক্রোসফট। ইমেল আদানপ্রদান থেকে শুরু করে উড়ান বাতিল পর্যন্ত হয়েছিল টেক সংস্থার বিপর্যয়ের জেরে। তারপরের দিনই বিকল হয়ে পড়ে এয়ার ট্রাফিক কন্ট্রোল। প্রায় ১১ হাজার উড়ান প্রভাবিত হয়েছিল। আমেরিকা থেকে বাইরে যাওয়ার সমস্ত বিমান বাতিল করতে বাধ্য হয় মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনস্ট্রেশন ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় বিমান হাইজ্যাক করে যে সন্ত্রাসবাদী হামলা চালানো হয়েছিল, সেই সময় শেষ বার দেশ জুড়ে বিমান চলাচলে এমন নিষেধাজ্ঞা জারি করেছিল হোয়াইট হাউস।

তার কয়েকদিনের মাথাতেই ধাক্কা লাগে ব্যাঙ্কিং পরিষেবায়। ব্যাঙ্ক অফ আমেরিকা, ওয়েলস ফারগো, ইউএস ব্যাঙ্ক, ট্রুইস্টের মতো শীর্ষস্থানীয় আর্থিক সংস্থার গ্রাহকরাও অভিযোগ করেন, তাঁদের ব্যাঙ্কের কাজ হচ্ছে না। আমেরিকার অনলাইন পেমেন্টের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘জেলে’ও অচল হয়ে পড়ে। কেবল মোবাইল ব্যাঙ্কিং বা অনলাইন লেনদেনই নয়, ব্যাঙ্কের শাখাগুলিতে গিয়েও একই কারণে ভোগান্তির শিকার হয়েছেন গ্রাহকরা। জেপি মর্গ্যানের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, সফটওয়্যার বাগ সমস্যার কারণেই পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু দেশজুড়ে কেন সাইবার বিভাগে এত সমস্যা হচ্ছে, সেই প্রশ্নের সদুত্তর এখনও মেলেনি।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker