0%

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

নিজস্ব প্রতিনিধিঃ  মাসের নির্দিষ্ট সময়ে ঋতুস্রাব হওয়াটাই স্বাভাবিক। সাধারণত ২৮ থেকে ৩০ দিন অন্তর ঋতুচক্র সম্পন্ন হয়। তবে ব্যক্তিভেদে এই সময়ের কিছুটা হেরফের হতে পারে। কারও ক্ষেত্রে ২১ দিন, আবার কারও ক্ষেত্রে ৩৫ দিন অন্তর ঋতুস্রাব হওয়াও স্বাভাবিক। কিন্তু একই মাসে দু’বার ঋতুস্রাব হলে অনেক মহিলাই চিন্তায় পড়েন। এটি কি কোনও শারীরিক সমস্যার লক্ষণ, নাকি স্বাভাবিক ঋতুচক্রেরই অংশ? চিকিৎসকদের মতে, এর পিছনে একাধিক কারণ থাকতে পারে। তাই বিষয়টি অবহেলা না করে কারণ জানা জরুরি।

কী কী কারণে এমনটা হতে পারে?

১) হরমোনের হেরফের

মানসিক চাপ, অনিয়মিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং শরীরচর্চার অভাবে হরমোনের ভারসাম্য বিঘ্নিত হতে পারে। থাইরয়েডের সমস্যা কিংবা পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) থাকলেও ঋতুচক্র অনিয়মিত হয়ে পড়ে। ফলে কখনও নির্ধারিত সময়ের আগেই ঋতুস্রাব হতে পারে।

২)ডিম্বস্ফোটনের সময়ে রক্তপাত

ঋতুচক্রের মাঝামাঝি সময়ে ডিম্বাশয় থেকে ডিম্বাণু নির্গত হয়। এই প্রক্রিয়াকে ডিম্বস্ফোটন বলে। কারও কারও ক্ষেত্রে সেই সময়ে অল্প রক্তপাত বা হালকা দাগ দেখা যেতে পারে। তবে এই রক্তপাতকে ঋতুস্রাব ভেবে ভুল করা ঠিক নয়।

৩) ঋতুচক্রের ব্যবধান কম হওয়া

সবার ঋতুচক্রের সময়সীমা এক রকম নয়। যাঁদের ঋতুচক্র ২১ দিনের কাছাকাছি, তাঁদের ক্ষেত্রে একই ক্যালেন্ডার মাসে দু’বার ঋতুস্রাব হতে পারে। সব সময় এটি কোনও অসুস্থতার লক্ষণ নয়।

আরও পড়ুনঃ সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

৪) জন্মনিরোধক ওষুধের প্রভাব:

জন্মনিরোধক ওষুধ খাওয়া শুরু করলে বা হরমোনযুক্ত গর্ভনিরোধক যন্ত্র শরীরে প্রতিস্থাপন করলে হরমোনের পরিবর্তনের কারণে মাঝেমধ্যে রক্তপাত হতে পারে। আবার ওষুধ খাওয়া বন্ধ করলেও ঋতুচক্রে পরিবর্তন দেখা দিতে পারে।

৫) জরায়ুর সমস্যা

জরায়ুতে ফাইব্রয়েড, পলিপ বা অন্য কোনও সমস্যা থাকলেও অনিয়মিত রক্তপাত হতে পারে। এ ছাড়া বয়ঃসন্ধির শুরুতে এবং রজোনিবৃত্তির আগে হরমোনের পরিবর্তনের কারণেও ঋতুচক্র অনিয়মিত হয়ে পড়ে।

কখন সতর্ক হবেন?

এক মাসে দু’বার রক্তপাত হলেই আতঙ্কিত হওয়ার কারণ নেই। তবে বারবার এমন হলে, অতিরিক্ত রক্তক্ষরণ, তীব্র তলপেটের যন্ত্রণা, মাথা ঘোরা কিংবা সাত দিনের বেশি রক্তপাত চললে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। গর্ভধারণের সম্ভাবনা থাকলে রক্তপাতের কারণ জানতে পরীক্ষাও করানো প্রয়োজন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker