এক টেবিলে ট্রাম্প-পুতিন-জিনপিং, ইয়াল্টার ‘দোসর’ শেনজেন মনে করাল চার্চিল-রুজভেল্ট-স্ট্যালিনকে

অবশেষে দক্ষিণ চিনের শেনজেনে শুরু হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চিনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঐতিহাসিক বৈঠক (Trump Jinping Putin Meeting)। বলা বাহুল্য, বিশ্ব রাজনীতিতে তৈরি হচ্ছে নয়া সমীকরণ। তবে তিন মহাশক্তিধরের এক টেবিলে বসার ছবি মনে করিয়ে দিচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ১৯৪৫ সালের ‘ইয়াল্টা সম্মেলন’-এর কথা। ৮১ বছর পর সেই ইতিহাসেরই যেন পুনরাবৃত্তির এবার শেনজেনে।
শেনজেনে আয়োজিত হচ্ছে ‘এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন’ (এপেক) শীর্ষসম্মেলন। তারই পার্শ্ববৈঠকে আলোচনার টেবিলে বসেছেন তিন রাষ্ট্রপ্রধান। চিনের তরফে জানানো হয়েছে, বিশ্বশান্তি রক্ষা এবং বড় শক্তিগুলোর সম্পর্কের কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে তিন নেতা মতবিনিময় করবেন। তবে কূটনৈতিক মহলের মতে, অতীতের মতো এবারও ছোট দেশগুলির ভবিষ্যৎ নির্ধারিত হতে চলেছে এই বৈঠকের মাধ্যমে। যুদ্ধ থামানোর নামে ‘গ্লোবাল সাউথে’র দেশগুলির উপর চাপিয়ে দেওয়া হতে পারে নিজেদের নীতি।
ওয়াকিবহাল মহলের মতে, আলোচনায় বসতে চলা তিন নেতার স্বার্থ তিনরকম হলেও, একটি বিষয়ে এঁরা সকলেই একমত। তা হল, ‘গ্রেট পাওয়ার পলিসি’। ট্রাম্প বরাবরই বিশ্বরাজনীতিকে ব্যবসায়িক চুক্তি হিসেবে দেখেন। ইউক্রেন যুদ্ধ, গাজা, তাইওয়ান সব জায়গায় তাঁর সূত্র একটাই, বড় শক্তিগুলো বসে নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিলেই শান্তি। ছোট দেশগুলোর মতামত সেখানে গৌণ। পুতিন দীর্ঘদিন ধরেই বলছেন, ‘সোভিয়েত এলাকা’ – বিশেষ করে ইউক্রেন, বেলারুশ, জর্জিয়া – এটা রাশিয়ার ‘প্রভাব বলয়’। ন্যাটোর সম্প্রসারণকে তিনি রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি হিসeবে দেখেন। অন্যদিকে, জিনপিং চান নতুন বিশ্বব্যবস্থা। ‘আমেরিকা নির্ভর পৃথিবী’ এই ধারনার অবলুপ্তি। পাশাপাশি তাইওয়ান ও দক্ষিণ চিন সাগরকে নিজেদের অংশ বলে মনে করে চিন। তবে তিন দেশের মধ্যে ঐক্যমত এক জায়গায়। তা হল, কম শক্তিধর দেশগুলির বিষয়ে সিদ্ধান্ত নেবে ‘সুপার পাওয়ার’রা।

আলোচনায় যে বিষয়গুলি উঠে আসতে পারে বলে মনে করছে কূটনৈতিক মহল তা হল, ইউক্রেন যুদ্ধ থামানোর বিনিময়ে পূর্ব ইউক্রেনের অংশ রাশিয়াকে ছেড়ে দেওয়া হোক। ন্যাটো আর বৃদ্ধি না করানোর অলিখিত প্রতিশ্রুতি। তাইওয়ান নিয়ে চিনকে ‘সময়’ দেওয়া, বিনিময়ে দক্ষিণ চিন সাগরে সংঘাত না বাড়ানো। আমেরিকা জাপান, ফিলিপিন্স, অস্ট্রেলিয়ায় নিজের ঘাঁটি রাখবে এবং চিন নিজের অর্থনৈতিক প্রভাব বজায় রাখবে। তেল, খনিজ, বাণিজ্য রুট নিয়ে তিন শক্তির মধ্যে ‘আপস’। অন্যদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পরমাণু অস্ত্রের প্রসাররোধ নিয়েও আলোচনা হতে পারে তিন শক্তিশালী নেতার।
প্রসঙ্গত, ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে তৎকালীন সোভিয়েত রাশিয়ার ইয়াল্টা শহরে বৈঠকে বসেছিলেন আমেরিকা, ব্রিটেন ও রাশিয়ার তিন রাষ্ট্রনায়ক ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট, উইনস্টন চার্চিল আর জোসেফ স্ট্যালিন। উদ্দেশ্য ছিল যুদ্ধপরবর্তী পৃথিবী কেমন হবে? কে কোন দেশের উপর প্রভাব রাখবে? কীভাবে ভাগ করা হবে জার্মানিকে? আলোচনার টেবিলে ছিল ইউরোপের পুনর্গঠন ও রাষ্ট্রসংঘের কাঠামো। ইতিহাসে সেই বৈঠক ‘ইয়াল্টা সম্মেলন’ নামে পরিচিত।
তবে ইয়াল্টার সঙ্গে শেনজেনের তুলনা টানলেও দুই বৈঠকের প্রেক্ষাপট ভিন্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা, ব্রিটেন ও রাশিয়া একই জোটের অংশ ছিল। কিন্তু এখানে ট্রাম্প, পুতিন ও জিনপিং – তিন রাষ্ট্রপ্রধানের স্বার্থ এবং কৌশল এক নয়। তবে একই মঞ্চে বিশ্বের তিন শক্তিধরের উপস্থিতি নিঃসন্দেহে বিশ্বরাজনীতিতে ক্ষমতার অলিন্দে বিশেষ প্রভাব ফেলবে।
শেয়ার
লিংক



